রচনামূলক প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমার পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।অধ্যায়-৮প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কী কী? কৃষিজ সম্পদ ও মৎস্য সম্পদের বর্ণনা দাও।উত্তর: আমাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি থেকে আমরা যেসব দ্রব্য পাই, সেগুলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে কৃষিজ সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি।কৃষিজ সম্পদের বর্ণনা: আমাদের কৃষিজ সম্পদের মধ্যে খাদ্যশস্য ও অর্থকরী ফসল প্রধান।ক) খাদ্যশস্য: খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য ধান, গম, ডাল, তৈলবীজ, মসলা, শাকসবজি, ফলমূল ইত্যাদি। এগুলোর মধ্যে ধান, গম, ডাল, তৈলবীজ ইত্যাদি বাংলাদেশে জন্মে। বাংলাদেশে একসময় অসংখ্য প্রজাতির ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল। বর্তমানে অনেক ধরনের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশে প্রধানত তিন ধরনের ধান ব্যাপকভাবে চাষ হয়। এগুলো হলো: আউশ, আমন ও বোরো। এই তিন প্রকার ধানের প্রতিটির আবার উচ্চ ফলনশীল জাত রয়েছে। ধান আমাদের দেশের প্রধান শস্য। বাংলাদেশের সব অঞ্চলেই কমবেশি ধান জন্মে। তাই ভাত আমাদের প্রধান খাদ্য।খ) অর্থকরী ফসল: অর্থকরী ফসলের মধ্যে চা, পাট, তামাক, ইক্ষু, তুলা, রেশম ইত্যাদি প্রধান। অর্থকরী ফসল বলতে যেসব ফসলের বিনিময়ে অর্থ উপার্জন করা হয়, সেসব ফসলকে বোঝায়। বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল। বর্তমানে বাংলাদেশে পাটের উৎপাদন কমে গেছে। এখন চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।মৎস্য সম্পদের বর্ণনা: বাংলাদেশ মাছে সমৃদ্ধ। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। যেমন: রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, কই, মাগুর, শিং ইত্যাদি। বাংলাদেশের নদীনালা, খালবিল, পুকুর, সমুদ্র ইত্যাদি জলাশয়ের পানির বৈশিষ্ট্য অনুসারে মাছের পাঁচটি ক্ষেত্র রয়েছে। দু-একটি ক্ষেত্রে কিছু ভিন্ন ধরনের মাছ পাওয়া গেলেও বাংলাদেশের প্রধান মাছগুলো সাধারণত সব উপযুক্ত মৎস্য ক্ষেত্রেই পাওয়া যায়।প্রশ্ন: বাংলাদেশের বনভূমির বর্ণনা দাও।উত্তর: বাংলাদেশের বনভূমিকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়। যথা—পাহাড়ি বনভূমি, শালবৃক্ষ বনভূমি এবং ম্যানগ্রোভ বনভূমি। পাহাড়ি বনভূমি: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি এলাকায় এই বনভূমি দেখা যায়। এই বনভূমির প্রধান বৃক্ষ গর্জন। এ ছাড়া সেগুন, মেহগনি, চাপালিশ, তেলসুর, জলপাই, ছাতিম, কদম, জামরুল, জাম, গামারি, শিমুল, কড়ই, নাগেশ্বর, জারুল, অর্জুন, ময়না, রাবার ইত্যাদি প্রধান বৃক্ষ।শালবৃক্ষের বনভূমি: এই বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে শাল বা গজারি। ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলে মধুপুর ও ভাওয়ালের গড়ে প্রধানত শালবৃক্ষের বনভূমি অবস্থিত। এ ছাড়া দিনাজপুর ও রংপুরে সামান্য পরিমাণে শালবৃক্ষের বনভূমি রয়েছে। এসব বনভূমিতে শাল ছাড়া অন্যান্য কাঠ ও ফলের বৃক্ষ রয়েছে।ম্যানগ্রোভ বনভূমি: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি। এ ধরনের বনভূমি বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা জেলায়ও রয়েছে। সুন্দরবনে স্বাদু ও লবণাক্ত পানির গাছ জন্মে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। সমুদ্রস্রোতের জোয়ার-ভাটার প্রভাবে এ বনভূমি গড়ে উঠেছে। সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ। এ ছাড়া গরান, গোলপাতা, কেওড়া ইত্যাদি বৃক্ষ জন্মে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল