প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা রচনামূলক প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১১ থেকে রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অধ্যায়-১১ প্রশ্ন: সোনারগাঁও কোথায় অবস্থিত? এর ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর অবস্থান। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব। এখানকার স্থাপত্য নিদর্শনাদি থেকে এটি সুস্পষ্ট যে সমগ্র মোগরাপাড়া ও গোয়ালদি এলাকায় এই সমৃদ্ধ মুসলিম বসতি বিস্তৃত ছিল। মধ্যযুগে দীর্ঘ সময় ধরে সোনারগাঁও ছিল দক্ষিণ-পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র। চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁও একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে। বিভিন্ন পর্যটকের বিবরণী থেকে সোনারগাঁওয়ের সমৃদ্ধ বাণিজ্যিক কর্মকাণ্ডের কথা জানা যায়। এখানকার বিশেষ করে খাস মসলিনের খ্যাতি ছিল জগৎজুড়ে। এ ছাড়া ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসিবেও সোনারগাঁওয়ের সুনাম ছিল।বাংলার বার ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ ও তাঁর পুত্র মুসা খানের শাসনামলে সোনারগাঁও তাঁদের রাজধানী ছিল। নিচু এলাকা বলে তখন সোনারগাঁওকে ভাটি অঞ্চল বলা হতো। সোনারগাঁও অসংখ্য ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান। বর্তমানে নিদর্শনগুলো হচ্ছে সুলতানি ও মোগল আমলের অনেক ধর্মীয় ইমারত, মোগল আমলের কয়েকটি সেতু আর ইংরেজ আমলের কিছু আবাসিক ভবন। এ ছাড়া বিভিন্ন দিঘি, মসজিদ, দরগাহ, মঠ, সরদারবাড়ি, পানামনগরের আবাসিক ভবনগুলোর ধ্বংসাবশেষ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।১৬১০ সালে ঢাকা নগর প্রতিষ্ঠার পর থেকে সোনারগাঁও তার প্রাধান্য হারাতে থাকে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে সোনারগাঁও তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে। ১৯৭৫ সালে সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।প্রশ্ন: লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে? লেখো।উত্তর: মোগল আমলে শাহজাদা আজম শাহ এবং সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ। এটি বাংলাদেশের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসম্পূর্ণ প্রাসাদ দুর্গ। লালবাগ দুর্গ আওরঙ্গবাদ কেল্লা নামেও পরিচিত। কারুকাজখচিত প্রাচীর ফটক ছাড়াও লালবাগ দুর্গে রয়েছে দরবার হল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধিসৌধ ও পুকুর। পরিবিবির সমাধিসৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। সমাধিসৌধের মাঝখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ওপরে রয়েছে লতাপাতার নকশা। সাম্প্রতিককালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৮ একর বিস্তৃত দুর্গ এলাকায় খননকাজ চালিয়েছে। খননের মাধ্যমে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কৃত হয়েছে।