প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ১০০ নম্বরের এই পরীক্ষায় প্রশ্ন থাকে মাত্র ৫টি। এ প্রশ্নগুলোর যথার্থ উত্তর লেখা মোটেই কঠিন কাজ নয়। একটু সচেতনভাবে পাঠ তৈরি করতে পারলে পরীক্ষায় যথার্থ উত্তর লেখার কাজটি খুবই সহজ হয়ে যায়। প্রথম কাজ: প্রথমে তোমাকে জেনে নিতে হবে বিজ্ঞান বিষয়ে মোট কতটি অধ্যায় আছে। তারপর জেনে নিতে হবে, কোন অধ্যায়ের বিষয়বস্তু কী। বিষয়বস্তুর ধারাবাহিকতায় এবার পাঠ তৈরির জন্য নিজেকে প্রস্তুত করে নাও। প্রাথমিক প্রস্তুতি: প্রতিটি অধ্যায়ের পাঠ তৈরির শুরুতে ওই অধ্যায়টি কমপক্ষে পাঁচবার মনোযোগ সহকারে রিডিং পড়ে নাও। এরপর অধ্যায়ের ভেতরের গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ ছোট ছোট বাক্য রঙিন কলম বা পেনসিল দিয়ে আন্ডারলাইন করে নাও। এবার আন্ডারলাইন করা বাক্যগুলো আত্মস্থ করে মনে রাখার চেষ্টা করো। এভাবে পুরো অধ্যায়টি তোমার আয়ত্তে এসে যাবে এবং অনুশীলনীর প্রশ্নোত্তর তৈরির কাজটিও অনেক সহজ হয়ে যাবে। সঠিক উত্তর মনে রাখার জন্য: ‘সঠিক উত্তরটি লেখো’। প্রশ্নটি বহু নির্বাচনী প্রশ্ন। অর্থাৎ, একটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া থাকে। সবচেয়ে সঠিক ও যথার্থ উত্তরটি তোমাকে লিখতে হবে।এ ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে বুঝে নিয়ে অধ্যায়ের যেখানে এ-সম্পর্কিত তথ্য দেওয়া আছে, তা খুঁজে বের করে আন্ডারলাইন করে নাও। তারপর সঠিক উত্তরটি শিখে নাও। অনেকে প্রদত্ত উত্তরের অপশনের ক্রমিক মনে রাখার চেষ্টা করে। এটি না করাই উত্তম। কারণ, পরীক্ষার সময় অপশনের ক্রমধারা ঠিক না-ও থাকতে পারে। যেমন—বইয়ে প্রশ্ন আছে: কাশফুল কোন ঋতুতে ফোটে? (ক) গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শরৎ (ঘ) শীত। তুমি মুখস্থ করেছ ‘গ’। কিন্তু পরীক্ষার প্রশ্নে এল—কাশফুল কোন ঋতুতে ফোটে? (ক) শীত (খ) শরৎ (গ) বর্ষা (ঘ) গ্রীষ্মএ ক্ষেত্রে তুমি যদি সঠিক উত্তর ‘গ’ লেখ, তাহলে কি উত্তর সঠিক হলো? নিশ্চয় নয়। কারণ, এ প্রশ্নে ‘গ’তে আছে বর্ষা। কাজেই সঠিক উত্তর শেখার জন্য, মনে রাখার জন্য তোমাকে বইয়ের ভেতরের অধ্যায়ের ভেতরে প্রবেশ করতে হবে। হয়তো তুমি বলতে পারো, প্রশ্ন অনুসারে হুবহু লাইনটি তো অধ্যায়ে পাওয়া যায়নি। তা ঠিক, কিন্তু অধ্যায়ের কোথাও না কোথাও প্রশ্নানুসারে তথ্যাটি অবশ্যই রয়েছে। যেমন: কাশফুল কোন ঋতুতে ফোটে? এই প্রশ্নের সরাসরি উত্তর হয়তো তুমি বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়ে খুঁজে পাবে না। কিন্তু এ-সম্পর্কিত তথ্য অবশ্যই আছে। একটু লক্ষ করো, দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে ৮ নম্বর লাইনে আছে। ‘কাশফুল শরৎকালের বৈশিষ্ট্য’। এ থেকে নিশ্চয় বোঝা যায়, কাশফুল শরৎকালে ফোটে। মনে রাখবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর করে এখানে ১০ নম্বর থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: প্রশ্নের ধারা অনুসারে সমাপনী পরীক্ষার বিজ্ঞান বিষয়ে ১০টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখতে হয়। প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য থাকে ৩ নম্বর করে। এখানে মোট নম্বর থাকে ৩০। এ প্রশ্নগুলো সাধারণত অনুশীলনীতে দেওয়া ‘সংক্ষিপ্ত উত্তর’ প্রশ্ন অংশ থেকেই এসে থাকে, তবে ভেতর থেকেও থাকতে পারে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেভাবে তৈরি করা যায়: হুবহু কোনো নোটবই মুখস্থ না করে তুমি নিজেই এই প্রশ্নের নোট তৈরি করে নিতে পারো। যেমন, তুমি তৈরি করতে চাও: তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখো। এ প্রশ্নের উত্তর সরাসরিও দেওয়া যায়। তবে একটু কৌশল করে লিখলে অবশ্যই ভালো নম্বর পাবে। ভাবছ, কীভাবে এ প্রশ্নের কৌশলগত উত্তর তৈরি করবে? এসো, তাহলে পাঠ্যবই অনুসারে এই প্রশ্নের নমুনা উত্তর দেখা যাক।নমুনা প্রশ্ন: তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখো।নমুনা উত্তর: আমরা জানি, আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ তিন ধরনের হয়ে থাকে। যথা—বৃক্ষ, গুল্ম ও বিরুৎ। এসব উদ্ভিদের মধ্যে গুল্ম জাতীয় উদ্ভিদ মাঝারি আকারের হয়ে থাকে। এদের কাণ্ড শক্ত, তবে মোটা নয়। কাণ্ড থেকে বহু শাখা-প্রশাখার সৃষ্টি হয়। গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে ঝোপের মতো দেখায়। এ উদ্ভিদে কোনো গুঁড়ি বা কাণ্ড নেই। মূল মাটির গভীরে যায় না।নিচে তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখা হলো—১. জবা ২. গোলাপ ৩. লেবু বর্ণনামূলক উত্তর প্রশ্ন: পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় চারটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান থাকে ১০ করে। চারটি প্রশ্নোত্তরের জন্য এখানে থাকে ৪০ নম্বর। সাধারণত অনুশীলনীর ‘রচনামূলক প্রশ্ন’ অংশ থেকেই এ প্রশ্নগুলো এসে থাকে। তবে অধ্যায়ের ভেতর থেকেও যেকোনো প্রশ্ন তৈরি করে দেওয়া হতে পারে। পরে উল্লেখ না থাকলেও বর্ণনামূলক প্রশ্নোত্তরে যতটা সম্ভব উত্তর সম্পৃক্ত চিত্র দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বর্ণনামূলক প্রশ্নোত্তর তৈরির জন্য পাঠ্যবইয়ের তথ্যকেই প্রাধান্য দেওয়া উত্তম। শূন্যস্থান পূরণ: পাঁচটি শূন্যস্থান পূরণে প্রতিটির জন্য ২ নম্বর থাকে। এখানে পাঁচটি সঠিক শূন্যস্থান পূরণে ১০ নম্বর অর্জন করা খুব একটা কঠিন কিছু নয়। তোমরা নিশ্চয় লক্ষ করেছ, পাঠ্যবইয়ের সব অনুশীলনীতে শূন্যস্থান পূরণ করো প্রশ্নটি নেই। এ ক্ষেত্রে তোমাকে অনুশীলনীর ‘শূন্যস্থান পূরণ’ প্রশ্ন শেখার পাশাপাশি অধ্যায়ভিত্তিক তথ্যসমৃদ্ধ ছোট ছোট বাক্য আন্ডারলাইন করে শিখে নেবে। সবচেয়ে ভালো হয়, অধ্যায়ভিত্তিক ‘শূন্যস্থান পূরণ’ বাছাই করে আলাদা একটা খাতায় তুলে নিয়মিত অনুশীলন করা। এবার এসো, যেসব অধ্যায়ের অনুশীলনীতে ‘শূন্যস্থান পূরণ করো’ আছে, সেগুলো খুঁজে বের করে জেনে নেওয়া যাক। যেসব অধ্যায়ের অনুশীলনীতে ‘শূন্যস্থান পূরণ কর’ আছে: প্রথম অধ্যায়: জীবজগৎ, একাদশ অধ্যায়: আবহাওয়া ও জলবায়ু, দ্বাদশ অধ্যায়: পৃথিবী ও বিশ্বজগৎ, ত্রয়োদশ অধ্যায়: বিজ্ঞান ও প্রযুক্তি, চতুর্দশ অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ষোড়শ অধ্যায়: জনসংখ্যা ও পরিবেশ এবং সপ্তদশ অধ্যায়। যেসব অধ্যায় থেকে ‘শূন্যস্থান পূরণ করো’ নিজে তৈরি করবে:দ্বিতীয় অধ্যায়: ফুল, ফল ও সবজি চাষ, তৃতীয় অধ্যায়: প্রাণিজগৎ, চতুর্থ অধ্যায়: খাদ্য ও পুষ্টি, পঞ্চম অধ্যায়: স্বাস্থ্যবিধি, ষষ্ঠ অধ্যায়: প্রাথমিক চিকিৎসা, সপ্তম অধ্যায়: পদার্থ, অষ্টম অধ্যায়: পদার্থের শ্রেণী বিভাগ ও গঠন, নবম অধ্যায়: শক্তি, দশম অধ্যায়: বায়ু ও পঞ্চদশ অধ্যায়: পরিবেশ দূষণ।# শুদ্ধ বা ভুল ও মিলকরণ নিশ্চয় লক্ষ করেছ। পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৭টি অধ্যায়ের কোনোটির অনুশীলনীতেই সত্য বা মিথ্যা কিংবা শুদ্ধ বা ভুল নির্ণয় করার জন্য এবং মিলকরণের জন্য কোনো প্রশ্ন নেই। কাজেই এ প্রশ্নের উত্তর তৈরি করতে হবে তোমার নিজেকেই। কারণ, পরীক্ষার প্রশ্নপত্রে এ রকম প্রশ্ন থাকবে। এখানে নম্বর থাকবে প্রতিটির জন্য ২ নম্বর করে। মোট ১০ নম্বর+১০ নম্বর। মিলকরণ ও শুদ্ধ বা ভুল নির্ণয় যেভাবে শিখবে: বিজ্ঞান বইয়ের প্রতিটি অধ্যায়ের ভেতর থেকে ছোট ছোট তথ্যবহুল বাক্যগুলো প্রথমে আন্ডারলাইন করে নাও। অধ্যায়ভিত্তিক তথ্যসমৃদ্ধ বাক্যগুলো বাছাই হয়ে গেলে পরে একটা খাতায় সে বাক্যগুলো হুবহু লিখে নাও। এভাবে দাগানো এবং লেখার মধ্য দিয়ে তোমার শেখা হয়ে যাবে সত্য বাক্যগুলো। এই তো তৈরি হয়ে গেল তোমার শুদ্ধ বা ভুল নির্ণয়ের প্রশ্নোত্তর, পাশাপাশি মিলকরণ।