আমরা তাঁদের ভুলব নাপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক পাঠ আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’ প্রবন্ধের প্রশ্নোত্তর।প্রশ্ন: কোন সাংবাদিক-সাহিত্যিক সংবাদ অফিসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান?উত্তর: পাকিস্তানি সেনা ও তাদের দোসররা জানত সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। তাই তারা কয়েকটি সংবাদপত্র অফিসেও আগুন লাগিয়ে দেয়। প্রতিভাবান সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের সে সময় সংবাদ অফিসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। যে রাতে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা সংবাদ অফিসে আগুন ধরিয়ে দেয়, সে রাতে শহীদ সাবের দৈনিক সংবাদ কার্যালয়ে ঘুমিয়েছিলেন। আগুনের লেলিহান শিখায় রাতে সেখানেই দগ্ধ হয়ে মারা যান তিনি।প্রশ্ন: তিনজন শহীদ সাংবাদিকের নাম কী কী?উত্তর: পাকিস্তানি সেনা ও তাদের দোসররা জানত সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। তাই তারা খ্যাতনামা বেশ কয়েকজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছিল। তাঁদের মধ্যে তিনজন শহীদ সাংবাদিকের নাম হলো: (১) শহীদ সাবের (২) সিরাজুদ্দীন হোসেন (৩) সেলিনা পারভীন।প্রশ্ন: মুনীর চৌধুরী কেন বিখ্যাত ছিলেন?উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে এ দেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষের সহায়তায় পাকিস্তানি সেনারা গোপন হত্যার নীলনকশা অনুযায়ী দেশের যে কয়জন বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিকে তাঁদের ঢাকার বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাঁদেরই একজন মুনীর চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। কৃতী শিক্ষক মুনীর চৌধুরী বিখ্যাত ছিলেন নাটক রচনার জন্য। প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি?উত্তর: জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে বুদ্ধি চর্চার মধ্য দিয়ে সৃজনশীল কর্মকাণ্ড দ্বারা যাঁরা দেশ ও জাতির সেবা করে থাকেন, তাঁদের বলা হয় বুদ্ধিজীবী। জাতীয় অগ্রগতি ও উন্নতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সেনা ও তাদের দোসররা মুক্তিযুদ্ধের সময় এ দেশের বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক ও আইনজীবীসহ অনেক বুদ্ধিজীবী হত্যা করে। দেশ ও জাতির জন্য প্রাণদান করা এসব বরেণ্য ব্যক্তিই শহীদ বুদ্ধিজীবী। শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা মুক্তিযুদ্ধে শহীদ এসব জ্ঞানী-গুণী ব্যক্তিকে বুঝে থাকি।প্রশ্ন: কোন দিন কেন আমরা ‘শহীদ বুদ্ধিজীবী’ দিবস পালন করি?উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে। বুঝতে পারে তাদের খুব শিগগির পরাজয় ঘটবে। পরাজয় সুনিশ্চিত জেনে তারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করার ষড়যন্ত্র করে। তারা গোপন হত্যার পথ বেছে নেয়। তাদের নীলনকশা অনুযায়ী ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকার বাড়ি বাড়ি থেকে দেশের বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিদের তুলে নিয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর তাঁদের কারও ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল মিরপুর বধ্যভূমিতে, কারও কারও লাশ পাওয়া যায়নি। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বরকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে আমরা পালন করি।প্রশ্ন: ‘আমরা তাঁদের ভুলব না’—কাদের ভুলব না, কেন ভুলব না?উত্তর: বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে প্রাণদান করেছে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ নানা পেশার মানুষ। মুক্তিযুদ্ধের শুরুতে ও মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসরদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করেছে দেশের বুদ্ধিজীবীদের। তাই যাঁদের মহান ত্যাগ ও প্রাণদান আমাদের স্বাধীনতার সঙ্গে মিশে আছে, আমরা তাঁদের ভুলব না। কারণ তাঁদের মূল্যবান প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা।