আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর বিভিন্ন আলোচনা ও পরামর্শ নিশ্চয় এরই মধ্যে পড়ে নিয়েছ, জেনে নিয়েছ এবং নিজেকে তৈরি করতে শুরু করেছ—তাই না? আজ থেকে শুরু হলো বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। এ পর্যায়ে আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের ওপর আলোচনা। প্রবন্ধ সংক্ষেপ: ছায়াঘেরা, পাখিডাকা প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এই দেশের আঁকাবাঁকা নদী, বন-পাহাড় আর দিগন্তজোড়া ফসলের মাঠ আমাদের মুগ্ধ করে।বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজধানী শহর ঢাকা ছাড়াও সারা দেশে আরও অনেক শহর রয়েছে। এসব শহরে রয়েছে উঁচু উঁচু দালানকোঠা। শহরের রাস্তাগুলো বেশ চওড়া। এসব রাস্তায় অনেক রকম যানবাহন চলাচল করে। শহরে অনেক পেশার মানুষ রয়েছে। কাজের ফাঁকে অবসর বিনোদনের জন্য শহরে রয়েছে পার্ক, উদ্যান, জাদুঘর, চিড়িয়াখানা।শহরের চেয়ে আমাদের দেশে গ্রামের সংখ্যাই বেশি। গ্রামের বাড়িঘর শহরের মতো নয়। সাধারণত বাঁশ, কাঠ, শণ, খড়, গোলপাতা, হোগলাপাতা ইত্যাদি দিয়ে গ্রামের বাড়িঘর তৈরি হয়ে থাকে। আমাদের দেশে রয়েছে ছোটবড় অনেক নদী। নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালী। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। তিস্তা, করতোয়া, ইছামতী, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, সাংগু, মাতামুহুরী ইত্যাদি হলো ছোট নদী। নদীতে বিভিন্ন রকম নৌকা চলাচল করে। নৌকা আর জাল নিয়ে জেলেরা নদীর বুকে নানা রকম মাছ ধরে। মাছ আমাদের প্রিয় খাবার। তাই আমাদেরকে মাছে-ভাতে বাঙালি বলা হয়।কৃষিপ্রধান আমাদের এই দেশের কৃষকেরা খুব পরিশ্রমী। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাঁরা মাঠে মাঠে ফসল ফলান। এ দেশের উর্বর মাটিতে বিভিন্ন রকম ধান হয়। হেমন্তে নতুন ধানের আগমনে নবান্ন উৎসবে মেতে ওঠে সবাই। শীতকালে পিঠাপুলির উৎসব হয়।পাট বাংলাদেশের সোনালি আঁশ। কৃষকেরা বর্ষাকালে জাগ দেওয়া পাট ধোয়া শুরু করেন। কৃষক-বধূরা ধোয়া পাটের সোনালি আঁশ রোদে শুকান। এ দেশের মেয়েরা অবসর সময়ে পাটের আঁশ দিয়ে নকশি শিকা তৈরি করে। রঙিন সুতো দিয়ে তৈরি করে নকশি পাখা। বেত দিয়ে শীতল পাটি বোনে। বাংলাদেশে কামার, কুমার, স্বর্ণকারসহ বিভিন্ন পেশার লোক রয়েছে। সবুজ শ্যামলিমায় ঘেরা বাংলাদেশে বিস্তৃত সমতল ভূমির পাশাপাশি রয়েছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা। এসব পাহাড়ি এলাকায় বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। প্রাচীনকালে বাংলাদেশ মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। এ দেশের তাঁতিরা এখনো রেশমি, জামদানি, টাঙ্গাইল, মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, মটকা বালুচরী ইত্যাদী মূল্যবান কাপড় বোনেন। এই দেশ আমাদের জন্মভূমি। এই দেশ এবং এই দেশের মাটিকে আমরা ভালোবাসি।প্রশ্ন: বাংলাদেশের শহরের একটি বর্ণনা লেখো। উত্তর: বাংলাদেশে রয়েছে ছোটবড় অনেক শহর। এসব শহরের উঁচু উঁচু দালানকোঠা, ইট-কাঠ আর পাথর দিয়ে তৈরি। শহরের রাস্তাগুলো বেশ চওড়া। পিস ও সিমেন্ট দিয়ে তৈরি এসব রাস্তা দিয়ে বাস, ট্রাক, রিকশা, অটোরিকশা, সাইকেল ইত্যাদি যানবাহন চলাচল করে। শহরের রাস্তার পাশের ফুটপাত দিয়ে চলাচল করে পথচারী। বাংলাদেশের শহরের মানুষ বিচিত্র রকমের কাজে ব্যস্ত থাকে। কেউ অফিস আদালতে কাজ করে, কেউ ব্যবসা-বাণিজ্য করে। শহরে শ্রমিকেরা কাজ করেন কলে কারখানায়। এ ছাড়া নানা পেশার মানুষ জীবিকার জন্য শহরে এসে ভিড় করেন। কাজের ফাঁকে অবসর সময়ে বেড়ানোর জন্য শহরে রয়েছে বিভিন্ন পার্ক ও উদ্যান। অনেক শহরে জাদুঘর ও চিড়িয়াখানা রয়েছে। ছুটির দিনে শহরের লোকজন পার্ক, উদ্যান, জাদুঘর ও চিড়িয়াখানায় বেড়াতে যায়। রাজধানী ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল