অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পড়াশোনায় তোমাদের জন্য রয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প। অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: বাংলাদেশের পোশাকশিল্পের গুরুত্ব বর্ণনা করো।উত্তর: বর্তমানে বাংলাদেশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাকশিল্প। বাংলাদেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় পোশাক তৈরি হয়। এ পোশাকের বেশির ভাগ বিদেশে রপ্তানি হয়। বাংলাদেশের পোশাকশিল্পে কয়েক লাখ নারী-পুরুষ কাজ করেন। পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।প্রশ্ন: বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব লেখো।উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে বেশ কয়েক ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে। এগুলোর মধ্যে চামড়াশিল্প, সাবানশিল্প, তামাকশিল্প, তাঁতশিল্প, রেশমশিল্প, মৃৎশিল্প, কাঁসাশিল্প ও কাঠশিল্প উল্লেখযোগ্য। সারা দেশে শত শত বছর ধরে ক্ষুদ্র ও কুটির শিল্প মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে আসছে। এসব শিল্পের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। এ দেশে উৎপাদিত চামড়াজত পণ্য বিদেশে রপ্তানি করা হয়। সাবান কারখানা দেশের সাবানের চাহিদা পূরণ করে। তামাকজাত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হয়। এ দেশের বস্ত্র-চাহিদার বড় অংশ এ দেশের তাঁতে বোনা কাপড়ে পূরণ হয়। মাটি ও কাঁসার তৈরি জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো।উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে আমদানি ও রপ্তানির গুরুত্ব অপরিসীম। প্রতিবছর বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পণ্য আমদানি করে।আমদানি দ্রব্য: বাংলাদেশকে প্রতিবছর অনেক পণ্য আমদানি করতে হয়। প্রধান আমদানি পণ্যগুলো হচ্ছে বিভিন্ন রকম যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য।রপ্তানি দ্রব্য: বাংলাদেশ প্রতিবছর বেশ কিছু দ্রব্য রপ্তানি করে। এগুলোর মধ্যে হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, কাঁচা পাট, পাটজাত দ্রব্য চামড়া, চা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়। এ কারণে আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে।প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি খাদ্য-জাতীয় কৃষিদ্রব্যের বর্ণনা দাও।উত্তর: ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, মসলা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্য-জাতীয় ফসল বা কৃষিদ্রব্য। প্রধান কয়েকটি কৃষিদ্রব্য সম্পর্কে আলোচনা করা হলো।ধান: ধান বাংলাদেশের প্রধান ফসল। বাংলাদেশের জলবায়ু ধান চাষের জন্য বিশেষ সহায়ক। আউশ, আমন ও বোরো—এই তিন ধরনের ধান চাষ হয়। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ধান থেকে প্রতিবছর প্রায় তিন কোটি ৪০ লাখ মেট্রিক টন চাল পাওয়া যায়।গম: সাধারণত উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোয় গমের চাষ বেশি হয়। শীতকালে গমের চাষ হয়। প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন গম উৎপন্ন হয়।ডাল: বাংলাদেশে ছোলা, মসুর, মুগ, মাসকলাই, খেসারি, অড়হর, প্রভৃতি প্রজাতির ডাল উৎপন্ন হয়। প্রতিবছর প্রায় সাত থেকে আট লাখ মেট্রিক টন ডাল উৎপন্ন হয়।আলু: এ দেশের দো-আঁশ ও বেলে-দো-আঁশ মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের আলু উৎপন্ন হয়।এ ছাড়া তৈলবীজ হিসেবে সরিষা, তিসি ও বাদাম চাষ হয়। মসলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা ও মরিচ উল্লেখযোগ্য। এসব কৃষিদ্রব্য দেশের চাহিদা অনেক খানি পূরণ করে।