অধ্যায়-৪ জিনতত্ত্ব শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।# পলাশ সাহেব লক্ষ করছেন, তাঁর ছেলে দীপ্ত লাল-সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। তাঁর মেয়ে অর্পিতার এ ধরনের কোনো সমস্যা না থাকলেও স্ত্রী সেঁজুতি দীপ্তের মতো একই ধরনের সমস্যায় ভুগছেন।প্রশ্ন: ক. বংশগতি কাকে বলে?খ. সন্তানসন্ততি হুবহু পিতা-মাতার মতো না হওয়ার কারণ কী?গ. উদ্দীপকের ঘটনাসংশ্লিষ্ট বংশগতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।ঘ. দীপ্তের সমস্যার জন্য তার বাবা নয়, মা দায়ী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উত্তর: ক. যে প্রক্রিয়ায় পিতা-মাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠনপ্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি বৈশিষ্ট্য বংশানুক্রমে তাঁদের সন্তানসন্ততির দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।উত্তর: খ. নানা ক্ষেত্রে পিতা-মাতার সঙ্গে সন্তানসন্ততির বৈশিষ্ট্যে মিল দেখা গেলেও সন্তানসন্ততি কখনো হুবহু পিতা-মাতার মতো হয় না। এমনকি একই পিতা-মাতার সন্তানসন্ততিরাও এক রকম হয় না। এভাবে দেখা যায়, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যেও কমবেশি কিছু পার্থক্য রয়েছে, যাকে প্রকরণ বলা হয়। প্রকরণ প্রধানত দুই প্রকার। যথা: ১. বংশগতীয় প্রকরণ ও ২. পরিবেশগত প্রকরণ।প্রথমটি জিনের গঠনগত তারতম্যের কারণে এবং দ্বিতীয়টি পরিবেশের প্রভাবে সংঘটিত হয়।উত্তর: গ. উদ্দীপকের ঘটনাটি সেক্স-লিংকড বংশগতির। সেক্স ক্রোমোসোমের মাধ্যমে সেক্স-লিংকড বৈশিষ্ট্যের বংশপরম্পরায় সঞ্চারিত হওয়াকে সেক্স-লিংকড বংশগতি বলে। নিচে সেক্স-লিংকড বংশগতির বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো:১. বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জীন শুধু x ক্রোমোসোমে থাকে, y ক্রোমোসোমে নয়।২. এ জিন অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির।৩. সেক্স-লিংকড বৈশিষ্ট্য নারীদের চেয়ে পুরুষে বেশি প্রকাশিত হয়। কারণ, পুরুষে এ জিন উপস্থিত থাকলেই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, কিন্তু স্ত্রীতে হোমোজাইগাস অবস্থায় প্রকাশ ঘটে।৪. সেক্স-লিংকড বৈশিষ্ট্যধারী পুরুষের সব কন্যাসন্তানই এই বৈশিষ্ট্যের বাহক হবে, কোনো পুত্রসন্তানে এ জিন সঞ্চারিত হয় না।৫. সেক্স-লিংকড বৈশিষ্ট্যধারী স্ত্রীর সব পুত্রসন্তানে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, কিন্তু কন্যারা বাহক হয়।উত্তর: ঘ. দীপ্তের এ সমস্যার জন্য তার মা দায়ী। বিভিন্ন রঙের পার্থক্য বুঝতে না পারা হলো বর্ণান্ধতা, যা একটি সেক্স-লিংকড বৈশিষ্ট্য। অর্থাৎ, বর্ণান্ধতা সেক্স ক্রোমোসোমে উপস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্স-লিংকড বংশগতির বৈশিষ্ট্য অনুসারে এই জিন x ক্রোমোসোমে থাকে এবং এরা প্রচ্ছন্ন প্রকৃতির। নারীর সেক্স ক্রোমোসোম xx এবং পুরুষের xy। বর্ণান্ধ (xcxc) নারীর সঙ্গে যদি স্বাভাবিক (x+y) পুরুষের বিয়ে হয়, তবে তাদের পুত্র বর্ণান্ধ ও কন্যা বাহক হবে।উল্লিখিত ক্রস থেকে দেখা যায়, বর্ণান্ধ সেঁজুতির (xcxc) থেকে একটি xc ক্রোমোসোম স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পলাশের (x+y)x+ ক্রোমোসোমের সঙ্গে জোড় গঠন করে। ফলে, কন্যা অর্পিতা (x+xc) বর্ণান্ধতার বাহক হয়। অন্যদিকে বর্ণান্ধ সেঁজুতির xc ক্রোমোসোম স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পলাশের y ক্রোমোসোমের সঙ্গে জোড় গঠন করায় পুত্র দীপ্ত (x+y) বর্ণান্ধ হয়। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, পুত্রের বর্ণান্ধতার জন্য পলাশ সাহেবের কোনো ভূমিকা নেই। দীপ্তের বর্ণান্ধতার জন্য তার মা সেঁজুতিই দায়ী।