২২ ঘণ্টায় ফল প্রকাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা গ্রহণের ২২ ঘণ্টার মধ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত এ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ১২টায় উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান ফল ঘোষণা করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বলেন, পরীক্ষা শেষ হওয়ার ২২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ এবারই প্রথম। জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩ হাজার ১২০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। অনুষদের নির্ধারিত আসনে ভর্তির জন্য মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাচ্ছে।