২৩ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষা
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে ভর্তি পরীক্ষা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। এ ছাড়া সরকারি পুরোনো ১৮টি মেডিকেল কলেজের সঙ্গে এ বছর নতুন করে তিনটি মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের হয়রানি কমাতেই একযোগে সরকারি-বেসরকারি সব মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কিশোরগঞ্জ, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় নতুন তিনটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। এ বছর এই মেডিকেল কলেজগুলোতেও শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফরম সংগ্রহেও আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ অনলাইনে ফরম পাওয়া যাবে এবং তা অনলাইনেই তা জমা দেওয়া যাবে। ফরম কেনার টাকা পরিশোধ করা যাবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে।মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন সূত্র জানায়, শিক্ষার্থীদের ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৮ পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে কোনো পরীক্ষাতেই জিপিএ ৩.৫-এর নিচে থাকা চলবে না। শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো ও মেধার ভিত্তিতে মেডিকেল কলেজগুলোয় ভর্তির সুযোগ পাবেন।নতুন মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ১৫০। পুরোনো ১৮টি মেডিকেল কলেজে আসনসংখ্যা দুই হাজার ৪৬৫ এবং তিনটি ডেন্টাল কলেজে ২১৮টি। ৪৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা তিন হাজার ৩৫০টি এবং ডেন্টাল কলেজে ৭৬৫টি।