২৩১ কলেজের মধ্যে শতভাগ পাস ১৩টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইএচসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ২৩১ কলেজের মধ্যে মাত্র ১৩টির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এর ১২টিই সিলেট জেলার। অপরটি সুনামগঞ্জের। হবিগঞ্জ ও মৌলভীবাজারের কোনো কলেজে শতভাগ পাস নেই।
সিলেট বোর্ডের কর্মকর্তা সূত্র জানায়, এ বোর্ডের অধীনে চারটি জেলার মধ্যে সেরা জেলার মর্যাদা পেয়েছে সিলেট। এ জেলার পাসের হার ৭৮ দশমিক ৫১ শতাংশ। এ জেলা থেকে ২৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৯ হাজার ৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫২ জন। জেলাভিত্তিক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলা থেকে ৯ হাজার ৮৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৪১৮ জন। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা।
সূত্র আরও জানায়, গত বছর ২০৩টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেন। এবার ২৩১টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর ১৩টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
শতভাগ পাস করা সিলেট জেলার কলেজগুলো হচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, বালাগঞ্জ উপজেলার দেওয়ান আবদুর রহিম দ্বিপাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজ, কোম্পানীগঞ্জ উপজেলার ভাতরাই হাইস্কুল অ্যান্ড কলেজ ও শহীদ স্মৃতি টুকেরবাজার হাইস্কুল অ্যান্ড কলেজ, গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ বিএল হাইস্কুল অ্যান্ড কলেজ, সিলেট সদরের উইমেন্স মডেল কলেজ, বিশ্বনাথ উপজেলার রাগীব রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রিটানিকা উইমেন্স কলেজ, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং চার্টার্ড কলেজ। সুনামগঞ্জ জেলার একমাত্র শতভাগ পাসের কলেজ হচ্ছে ছাতক উপজেলার উত্তর সুরমা আসমত আলী হাইস্কুল অ্যান্ড কলেজ।
চার জেলার ফল সম্পর্কে সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে জেলাভিত্তিক ফলাফলে সুনামগঞ্জ পিছিয়ে পড়ত। এবার মৌলভীবাজার জেলা পেছনে পড়েছে। এ ব্যাপারে বোর্ডের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।