২৫ বছরে উইন্ডোজ ৯৫
যাঁরা দীর্ঘদিন ধরে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করেন, তাঁরা স্মৃতি হাতড়ে ২৫ বছর পিছিয়ে যেতে পারেন। যখন ১৯৯৫ সালের ২৪ আগস্ট উইন্ডোজ ৯৫ বাজারে ছাড়ার ঘোষণা এসেছিল, তখন পিসি ব্যবহারের নতুন একটি যুগের সূচনা হয়েছিল। সেই হিসাবে গতকাল সোমবার উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমটির রজতজয়ন্তী পালন করল মাইক্রোসফট।
উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমটি মূলত আগের উইন্ডোজের চেয়ে আরও বেশি গ্রাহককেন্দ্রিক ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাযুক্ত হয়ে এসেছিল। এ ছাড়া এতে যুক্ত হয়েছিল আইকনিক স্টার্ট মেনু। ইন্টারনেট এক্সপ্লোরার ফিচারটি উইন্ডোজ ৯৫–এর অন্যতম অনুষঙ্গ হয়ে এসেছিল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ২৫ বছর আগে ২৪ আগস্ট মধ্যরাত থেকে কম্পইউএসও ও বেস্টবাইয়ের সামনে মানুষের ভিড় শুরু হয়। কোনো গেম, অ্যাপলের আইপড বা কোনো হার্ডওয়্যারের জন্য নয়। এ ভিড় ছিল শুধু উইন্ডোজ ৯৫ সফটওয়্যারটির জন্য।
নতুন সফটওয়্যারটির জন্য মানুষের দীর্ঘদিনের অপেক্ষা ছিল। অনুষ্ঠানের দিন ‘দ্য টুনাইট শো’–এর উপস্থাপক জে লেনো মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পাশাপাশি সফটওয়্যারটি উদ্বোধন করেন। প্রচুর কৌতুক আর উইন্ডোজ ৯৫–এর উন্নয়নকারী দলের সদস্যদের উপস্থাপনা ছিল অনুষ্ঠানে। দিনটি ছিল মাইক্রোসফটের জন্য বিশাল একটি দিন। টেলিভিশনে রোলিং স্টোনসের ‘স্টার্ট মি আপ’ গানের সঙ্গে দেখানো হয় নতুন স্টার্ট বাটন, যা এখনকার উইন্ডোজ সফটওয়্যারেও রয়ে গেছে।
মাইক্রোসফটের নতুন সফটওয়্যারটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে মাত্র পাঁচ সপ্তাহে এর ৭০ লাখ কপি বিক্রি হয়। নতুন সফটওয়্যার উন্মোচন ঘরে মাইক্রোসফটপ্রেমীদের উন্মাদনার পাশাপাশি গ্রাহকেরা পিসিকে নতুন করে সাজাতে শুরু করেন। উইন্ডোজ ৯৫–এর সেরা অভিজ্ঞতা নিতে পিসিতে পেন্টিয়াম বা ৪৮৬ প্রসেসর, আইডিই বা এসসিএসআই হার্ডড্রাইভ, দ্বিগুণ গতির সিডি-রম ও সাউন্ড ব্লাস্টার অডিও কার্ড যুক্ত করেন অনেকেই।
উইন্ডোজের এ সংস্করণে মানুষের সবচেয়ে ভালো লেগেছিল স্টার্ট বাটন, মেনু ও টাস্ক বার, যা অ্যাপ্লিকেশন খুঁজে পেতে ও অপারেটিং সিস্টেমটি চালানো অনেক সহজ করে তুলেছিল। উইন্ডোজ ৩.১ ও এমএস-ডসের তুলনায় মাল্টিটাস্কিং ও গ্রাফিক্যাল ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন এসেছিল উইন্ডোজ ৯৫-এ। এর ইন্টারফেসের সঙ্গে অ্যাপলের ম্যাকিনটোশের ইন্টারফেসের মিল পাওয়া যায়
উইন্ডোজ ৯৫–এ স্টার্ট বাটন নিয়ে মাতামাতি হলেও ৩২ বিটের অপারেটিং সিস্টেমে বড় ফাইলের নাম যুক্ত করা, প্লাগ অ্যান্ড প্লে ফিচার যুক্ত করাটাও বড় পরিবর্তন এনেছিল।
মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ৯৫–এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ছোট একটি ভিডিও তৈরি করা হয়েছে, যাতে অপারেটিং সিস্টেমের যাত্রার বিষয়টি তুলে ধরা হয়েছে।
মাইক্রোসফটের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার এক ব্লগ পোস্টে বলেন, ‘আমার বয়স তখন ছিল ১২ বছর। আমি দেখেছিলাম, উইন্ডোজ ৯৫ বাজারে আসার পর আমার সব প্রতিবেশী ইন্টারনেট ব্যবহার করতে নতুন পিসি কেনা শুরু করেছিল। আমিও উইন্ডোজ ৯৫ শেখার জন্য উঠেপড়ে লেগেছিলাম এবং রপ্ত করেছিলাম ভালোভাবে। আমি সব প্রতিবেশীর বাড়ি যেতাম এবং তাদের কীভাবে পিসি ব্যবহার করতে হয়, এই ওয়েব ব্রাউজ করতে হয়, তা শেখাতাম।’