৩০তম বিসিএস পরীক্ষা: দরকারি পরামর্শ
৩০তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ঘরে বসে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পালা। তার আগে জেনে নিন আরও কিছু দরকারি তথ্য।প্রিলিমিনারি টেস্ট: প্রার্থীদের ১০০ নম্বরের একটি লিখিত মাল্টিপল চয়েজ কোশ্চেন (MCQ) ধরনের প্রিলিমিনারি অবজেকটিভ টেস্টে অংশ নিতে হবে। কম্পিউটারের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার জন্য পূর্ণ সময় দেওয়া হবে ১ ঘণ্টা। পরীক্ষার বিষয়: সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি ইত্যাদি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। উত্তরপত্রে প্রশ্নপত্রের সেট কোড নম্বর না লিখলে অথবা ভুল লিখলে উত্তরপত্র বাতিল হবে। যেসব প্রার্থী প্রিলিমিনারি অবজেকটিভ টেস্টে উত্তীর্ণ হবেন এবং যাঁদের বিপিএসসি ফরম-২ সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত পাওয়া যাবে শুধু তারাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় পাস নম্বর: লিখিত পরীক্ষায় পাস নম্বর গড়ে ৫০ শতাংশ, মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ। লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ২৫ শতাংশ নম্বরের কম পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবেন। কেবল মাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদা-ভাবে পাস করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তরদানের ভাষা: বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষা সম্পর্কিত বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতেই লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজির যেকোনো একটিতে লিখতে হবে। একটি বিষয়ের উত্তরে উভয় ভাষা ব্যবহার করা যাবে না। কোনো বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনো রূপ নির্দেশ থাকলে ওই বিষয়ের ক্ষেত্রে ওই নির্দেশ অনুযায়ী প্রশ্নোত্তর লিখতে হবে।