৩০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট: প্রস্তুতির কৌশল
৩০তম বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ এপ্রিল ২০১০ বিকেল ৫টা পর্যন্ত। ফলে প্রস্তুতি গ্রহণের জন্য পরীক্ষার্থীদের হাতে বেশি সময় নেই। বড়জোর দু-তিন মাস সময় পাবেন তাঁরা। এই প্রেক্ষাপটে এখন থেকেই পরীক্ষার্থীদের জোর প্রস্তুতি নিতে হবে। গতবারের মতো ৩০তম বিসিএসের প্রথম ধাপেই প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। এ জন্য ১০০ নম্বরের একটি Multiple Choice Question (MCQ) সরবরাহ করা হবে। এতে মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর। পরীক্ষার্থীদের এক ঘণ্টার মধ্যে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে ০.৫০ নম্বর। ফলে প্রিলিমিনারি অবজেকটিভ টেস্টের ক্ষেত্রে একজন পরীক্ষার্থীকে মূলত দুটি দিকে বিশেষ নজর রাখতে হবে। এক. প্রতিটি প্রশ্নের উত্তর ৩৬ সেকেন্ডের মধ্যে শেষ করা। দুই. যতটা সম্ভব ভুল উত্তর পরিহার করা। প্রথমটির ক্ষেত্রে প্রস্তুতির সময় দ্রুত বৃত্ত ভরাটের কৌশলটি আয়ত্তে নিতে হবে। দ্বিতীয়টির ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে হবে।এবারের বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে উল্লিখিত বিবরণ অনুযায়ী বলা যায়, প্রিলিমিনারি অবজেকটিভ টেস্টে সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, সাধারণ জ্ঞান: বাংলাদেশ, বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি প্রভৃতি বিষয়ে MCQ প্রশ্ন করা হবে। যাই হোক, প্রিলিমিনারি টেস্টে ভালো করতে হলে ওপরের সব কয়টি বিষয়ে আলাদাভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে বিসিএসের লিখিত পরীক্ষার জন্য একটি সিলেবাস সরবরাহ করা হলেও প্রিলিমিনারি অবজেকটিভ টেস্টের জন্য কোনো লিখিত সিলেবাস দেওয়া হয় না। তবুও পূর্ব অভিজ্ঞতার আলোকে উপরিউক্ত বিষয়গুলোর ওপর কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করব।বাংলা: প্রতিটি প্রিলিমিনারি টেস্টে সাধারণ বাংলা অংশ থেকে ২০টি প্রশ্ন করা হয়। বাংলা ভাষা ও সাহিত্য, ভাষা ও সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ ও ভাষারীতি থেকেই প্রশ্ন আসে অবজেকটিভ টেস্টে। ফলে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, বর্ণমালা, বাংলা ব্যাকরণের প্রতিটি দিক সম্পর্কে বিশদ পড়াশোনা করতে হবে। বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে এ স্বল্প সময়ে জ্ঞান অর্জন করা একটি দুরূহ বিষয়। তাই এ ব্যাপারে গাইড বইয়ের সহায়তা নেওয়াই হবে উত্তম। তবে এ ক্ষেত্রে ড. হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলী বইটি পড়া যেতে পারে এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইটি পড়তে হবে। ইংরেজি: ইংরেজি গ্রামার ও সাহিত্য থেকে প্রতিটি প্রিলিমিনারি টেস্টে ২০টি প্রশ্ন করা হয়। আগে সাহিত্য থেকে বেশি প্রশ্ন এলেও বিগত কয়েকটি পরীক্ষায় এ সম্পর্কিত প্রশ্ন আসছে না। তাই ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি গ্রামার থেকেই সব প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। ফলে ইংরেজির ২০টি প্রশ্নের উত্তর দিতে হলে Word, parts of speech, Number, Gender, Voice, Narration, Correction, Sentence, Article, Verbs, Right form of verbs, Speeling of the words, Pairs of words, Idioms and phrases, Synonyms and antonyms, proverb-এসব বিষয়ে ব্যাপক পড়াশোনা করতে হবে। এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে TOEFL, IELTS-এর বইগুলো সহায়ক হবে। পুরোনো সিলেবাসের এসএসসি, এইচএসসি পর্যায়ের বোর্ডের ইংরেজি বই থেকে ওই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা যাবে।বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন দিক থেকে মোট ২০টি প্রশ্ন্ন করা হয় প্রিলিমিনারি টেস্টে। বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা, সরকারি, রাজনীতি, অর্থনীতি, শিল্প, ব্যাংক ব্যবস্থা, সংবিধান, সংসদ, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নদ-নদী, পাহাড়-পর্বত, আমদানি-রপ্তানি নীতি, পররাষ্ট্র নীতিসহ বহুবিধ বিষয়ে প্রশ্ন করা হয় এ অংশে। আন্তর্জাতিক বিষয়াবলি: আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ঘটনা ও সাম্প্রতিক বিষয় নিয়ে মোট ২০টি প্রশ্ন আসে প্রিলিমিনারি টেস্টে। বিশ্বের বিভিন্ন দেশ ও মহাদেশ, সাগর, মহাসাগর, দেশ-মুদ্রা-রাজধানী, রাষ্ট্র ব্যবস্থা ও সরকার ব্যবস্থা, জাতিসংঘ, ন্যাম, আসিয়ান, সার্ক, জি-৮সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গঠন ও কার্যাবলি, বিশ্ব বিখ্যাত ব্যক্তিবর্গ, চুক্তি ও সন্ধি, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ, ক্রিকেট, বিশ্ব অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া, পদক-পদবি ও সমসাময়িক বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়। ফলে আন্তর্জাতিক বিষয়ের ২০টি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে হলে এ বিষয়ে বিস্তর প্রস্তুতি নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ৮-১০টি প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষায়। বিজ্ঞানের বিভিন্ন শাখা, আবিষ্কার ও আবিষ্কারক, মানবদেহ, জীবজগৎ, উদ্ভিদবিদ্যা, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন প্রভৃতি বিষয়ে প্রশ্ন করা হয় এ অংশে। এ ক্ষেত্রে নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান ও ভূগোল বই থেকে প্রস্তুতি নিলে ভালো হয়। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকের বিজ্ঞান পাতা। (যেমন প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম, স্বাস্থ্যকুশল) পড়লে সাম্প্রতিক সময়ের ওপর করা প্রশ্নগুলোর সহজে উত্তর দেওয়া সম্ভব হবে। মানসিক দক্ষতা: বিগত কয়েকটি বিসিএসের প্রিমিমিনারি টেস্টে মানসিক দক্ষতা বিষয়টি অন্তর্ভুক্ত করা হলেও প্রকৃত পক্ষে মানসিক দক্ষতা সংশ্লিষ্ট তেমন একটা প্রশ্ন করা হয় না। তা সত্ত্বেও প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে বিসিএস প্রকাশনের মনতাত্তিক পরীক্ষার বইটি ব্যাপক সহায়তা করবে। গাণিতিক যুক্তি: পাটিগণিতের মৌলিক ধারণা, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়ম, ক্ষেত্রফল, পরিমাপ, গড়, বর্গমূল, সূচক, মান নির্ণয়, সমাধান ও সমীকরণ, বীজগণিতের সাধারণ সূত্রাবলি জ্যামিতির ত্রিভুজ, বর্গ, বৃত্ত, কোণ প্রভৃতি বিষয়ে ৮-১০টি প্রশ্ন করা হয় এ অংশে। গাণিতিক যুক্তির ওপর পূর্ণ প্রস্তুতির জন্য অষ্টম ও নবম-দশম শ্রেণীর গণিত বই (নতুন ও পুরোনো সিলেবাস) থেকে প্রস্তুতি নিতে হবে। অঙ্কের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতির ব্যবহারে অভ্যস্ত হতে হবে। কারণ বিস্তারিত অঙ্ক করে উত্তর দেওয়ার মতো সময় পরীক্ষার হলে পাওয়া যাবে না। প্রিলিমিনারি অবজেকটিভ টেস্টের প্রস্তুতির জন্য যে বইগুলো সহায়ক হবে লাল নীল দীপাবলী— ড. হুমায়ুন আজাদ বাঙলা ব্যাকরণ— ড. শাহজাহান মনির বাংলা ব্যাকরণ (নবম ও দশম শ্রেণীর জন্য)— জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড Learning English The Easy Way— Sadruddin Ahmed A Passage To The English Language গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উচ্চমাধ্যমিক পৌরনীতি উচ্চমাধ্যমিক অর্থনীতি, ব্যাংকিং—মজিবুর রহমান উচ্চমাধ্যমিক ইতিহাস আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি—আবদুল হালিম প্রথম আলো পত্রিকার সারা দেশ, সারা বিশ্ব, বিজ্ঞান প্রজন্ম, অর্থ ও বাণিজ্য, অন্য আলো ও সাহিত্য সাময়িকী ইত্তেফাক-এর অর্থনীতির পাতা ও সাহিত্য সাময়িকী বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বিসিএস গাইড মাধ্যমিক গণিত—জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমিক সাধারণ বিজ্ঞান—জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমি ভূগোল—জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড।