নোলকপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘নোলক’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. ‘আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই’—উদ্ধৃতিটি ব্যাখ্যা করো।উত্তর: ঘ. কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি। তিনি অত্যন্ত চমৎকারভাবে তাঁর ‘নোলক’ কবিতার মাধ্যমে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, দেশের প্রতি পরম ভালোবাসার পরিচয় দিয়েছেন।কবি মায়ের নোলকের খোঁজে নদী, পাহাড়-পর্বত, অরণ্যসহ প্রকৃতির বিভিন্ন সৃষ্টির কাছে গিয়েছেন। সৌরভময় ফুল, আহার ভরা পাহাড় আর হাজার হাজার হরিণ কেউই কবির মায়ের নোলক ফিরিয়ে দিতে পারল না। মায়ের নোলক খুঁজতে গিয়ে কবির এক বিশেষ অভিজ্ঞতা হলো যে তিনি যাদের কাছে গিয়েছেন তারা বন্ধু প্রিয়। কারণ তারা কবির মায়ের নোলক দিতে পারেনি ঠিকই কিন্তু তাদের যার যা ক্ষমতা আছে, তা দিয়ে কবিকে বরণ করেছে। তবে কবি তাদের কাছে মায়ের নোলক খুঁজে না পেলেও বলেছেন, মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে পেলেই তিনি ঘরে ফিরবেন। অন্যথায় তিনি ঘরে ফিরে যাবেন না।কবিতায় কবি বাংলা মায়ের এই অলংকারস্বরূপ নোলকটিকে বাংলা মায়ের সম্পদ এবং প্রাচীন ঐতিহ্যরূপে দেখিয়েছেন। কবির মায়ের এই অলংকারের মতো বাংলাদেশের ঐতিহ্যও হারাতে বসেছে বলে কবি বাংলাদেশের পুরোনো ঐতিহ্যকে মায়ের নোলকের সঙ্গে তুলনা করেছেন। বাংলার এই ঐতিহ্য ও সম্পদকে কবি পুনরায় ফিরিয়ে আনতে অনেক জায়গা থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। তবুও কবি দমার পাত্র নন। বাংলাদেশের এই হারিয়ে যাওয়া সম্পদকে পুনরুদ্ধার করতে হবে তাঁকে। তাহলেই ঐতিহ্য, সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ হয়ে উঠবে অনন্য বিভাময়। তাই কবি ঘোষণা করেছেন যে, যেভাবেই হোক বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরায় আনয়ন করে সোনার বাংলাকে ভরিয়ে তুলতে হবে।