প্রিয় স্বাধীনতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘প্রিয় স্বাধীনতা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের কবিতাংশটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। শত যুগের ঘন আঁধার/গাঁয়ে আজো আছে।সেই আঁধারে মানুষগুলো/ লড়াই করে বাঁচে।ক. কবিতাংশটির লেখক কে?খ. উদ্ধৃতাংশে ‘ঘন আঁধার’ বলতে কী বোঝানো হয়েছে?গ. ‘সেই আঁধারে মানুষগুলো লড়াই করে বাঁচে’ কীভাবে এই আঁধার দূর করা যায় ব্যাখ্যা করো।ঘ. ‘প্রিয় স্বাধীনতা’ কবিতার আলোকে গ্রামবাংলার রূপ-বৈচিত্র্যের বর্ণনা দাও।উত্তর: ক. কবিতাংশটির লেখক বাংলার আধুনিক যুগের অন্যতম কবি শামসুর রাহমান।উত্তর: খ. ঘন অন্ধকার বলতে কবি পশ্চাৎপদতা ও অজ্ঞানতার অন্ধকারকে বুঝিয়েছেন। চিরন্তন সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই গ্রামবাংলা। তবু কোথাও কোথাও এখনো রয়েছে অজ্ঞতা, কুসংস্কার। দুঃখ-দুর্দশায় ও আঁধারে জর্জরিত তাঁদের জীবন। এ অন্ধকার দূর করতে হলে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। নিরক্ষর মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।উত্তর: গ. কবি শামসুর রাহমানের ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবির গ্রামের ছেলেবেলার মধুর স্মৃতি প্রতিফলিত হয়েছে। চিরন্তন সৌন্দর্যের ভান্ডার গ্রামবাংলা। কিন্তু এই আনন্দই গ্রামের সবটুকু চিত্র নয়। এখনো গ্রামে আছে পশ্চাৎপদতা ও অজ্ঞানতার অন্ধকার। সেখানকার মানুষকে এখনো জীবন-সংগ্রাম করে বাঁচতে হয়। এই অন্ধকার শত বছরের নিরক্ষরতা ও অজ্ঞানতার।এই অন্ধকার দূর করতে হলে আমাদের সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে। শিক্ষিত সমাজকে গ্রামমুখী হতে হবে। নিরক্ষর মানুষকে তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। তাঁদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। গ্রামের সব ছেলেমেয়ে যাতে শিক্ষা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে। উন্নত জীবন সম্পর্কে গ্রামের নিরীহ মানুষকে সচেতন করতে হবে। আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে গ্রামকে সম্পৃক্ত করতে হবে। গ্রামের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। কুসংস্কারমুক্ত সমাজ গঠনে সচেতনতা তৈরি করতে হব। উন্নত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করে তাঁদের জীবনের নিশ্চয়তা বৃদ্ধি করতে হবে। উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ব্যবস্থা প্রচলনের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে হবে।উত্তর: ঘ. ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবি শামসুর রাহমানের স্বদেশপ্রেমের এক অকৃত্রিম চিত্র ফুটে উঠেছে। কবি এখানে তাঁর শৈশবের কথা বলেছেন। তাঁর শৈশবের গ্রামীণ জীবন কবিকে ভীষণভাবে নাড়া দেয়। তাঁর ইচ্ছে হয়, শৈশবের মতো মেঘনা নদীর বাঁকে ঘুরে বেড়াতে। কবির এই বর্ণনার মাধ্যমে আমরা আবহমান গ্রামবাংলার প্রকৃতির রূপ-বৈচিত্র্যের পরিচয় পাই।কবির শৈশবের গ্রামখানি অনেক স্মৃতিতে ভরপুর। সেখানে পুকুরপাড়ে বিকেলে আলোছায়ার খেলা, রাতে বাঁশবাগানের ওপর চাঁদের হাসি, ঝোপঝাড়ে জোনাকির ঝিকিমিকি। এসব সৌন্দর্য কবির মনজুড়ে রয়েছে। সেখানকার ধানের গন্ধ কবিকে আবার ফিরিয়ে নিয়ে যায় তাঁর শৈশবে।কবির এই স্মৃতিবিজড়িত গ্রাম পাহাড়তলির সৌন্দর্যের বর্ণনার মাধ্যমে রূপসী বাংলাদেশের সমগ্র গ্রামীণ প্রকৃতির চিত্র ফুটে উঠেছে। নদীমাতৃক এ দেশ বিধাতার এক অপরূপ সৃষ্টিশৈলীর উদাহরণ। সৃষ্টিকর্তা অকৃপণ হাতে সাজিয়েছেন আমাদের বাংলার রূপ-বৈচিত্র্যকে। মোট কথা, কবির নিজ গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের প্রকৃত রূপ ফুটে উঠেছে।