মাদার তেরেসাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘মাদার তেরেসা’ নামক প্রবন্ধ থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।কালঘড়া গ্রামের উত্তরপাড়ায় ডায়রিয়া মহামারী আকার ধারণ করেছে। এক দিন-দুই দিন পর পর একজন মারা যাচ্ছে। অধিবাসীরা একজন-দুজন করে পাড়া ছাড়ছে। একসময় আক্রান্ত হলেন হান্নান মিয়া। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে রোগীকে একা রেখেই অন্যত্র চলে যাওয়ার চিন্তা করছে। এ যেন বর্বর যুগের অতিপরিচিত এক উদাহরণ। এ অবস্থায় এগিয়ে এলেন প্রতিবেশী নুরুল হক। হান্নানের পরিবারের সদস্যদের অভয় দিয়ে নিজেই নেমে পড়লেন তাঁর সেবা-শুশ্রূষায় এবং যথাযথ চিকিৎসাদানে। স্থানীয় চিকিৎসকের পরামর্শ ও সহযোগিতায় হান্নানকে প্রায় সারিয়ে তুললেন নুরুল হক। তিনি মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। পরিবারের সদস্যরা নুরুল হকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।ক. মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন?খ. মাদার তেরেসার প্রতিষ্ঠিত ‘নির্মল হূদয়’ কোন ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করত?গ. উদ্দীপকের নুরুল হকের মধ্যে মাদার তেরেসার যে দিকটি ফুটে উঠেছে, তার ব্যাখ্যা দাও।ঘ. ‘মাদার তেরেসা ও নুরুল হক মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত’—উদ্দীপক ও ‘মাদার তেরেসা’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. মাদার তেরেসা ম্যাসিডোনিয়ার স্কপিয়েতে জন্মগ্রহণ করেন।উত্তর: খ. মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবদরদি মানুষ। মানুষের জন্য তাঁর দরদ ও সমবেদনা ছিল অতুলনীয়। যারা ছিল সবচেয়ে গরিব, অসহায়, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি ১৯৫২ সালে কলকাতার কালীঘাটে নির্মল হূদয় নামের একটি ভবন প্রতিষ্ঠা করেন। কলকাতায় ফুটপাতে সহায়-সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুঁকে ধুঁকে তাদের অনেকেই মৃত্যুপথের যাত্রী হয়। মাদার তেরেসা এসব মরণাপন্ন মানুষকে বুকে তুলে নেন। নির্মল হূদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবাযত্ন করেন।উত্তর: গ. মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী। তাঁর সেবার কাজ কোনো এক দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না। তাই পৃথিবীজুড়েই তাঁর সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ সেখানেই সেবার হাত বাড়িয়ে দিয়েছেন মাদার তেরেসা। সেবার ব্রত নিয়েই তিনি সারা জীবন ব্যস্ত থেকেছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন। তাদের ঘা ধুইয়ে গোসল করিয়ে দিতেন। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা।অন্যদিকে, উদ্দীপকে নুরুল হকও একজন নিষ্ঠাবান ও পরোপকারী। যেখানে হান্নানের পরিবারের সদস্যরা নিজেদের জীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে অন্যত্র চলে যেতে উদ্যত হয়, সেখানে তিনি একজন দূরবর্তী প্রতিবেশী হয়ে সব ভয় তথা মৃত্যুভয়কে উপেক্ষা করে রোগীকে সারিয়ে তোলার জন্য আত্মনিয়োগ করেন।সুতরাং বলা যায়, উদ্দীপকের নুরুল হকের মধ্যে মাদার তেরেসার সেবামূলক কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।উত্তর: ঘ. বিশিষ্ট লেখিকা সনজীদা খাতুন রচিত ‘মাদার তেরেসা’ নামক প্রবন্ধে মাদার তেরেসার সারা জীবনের অসাধারণ কর্মগুলোকে তুলে ধরা হয়েছে। উদ্দীপকের নুরুল হকও তেমনি একজন সেবাপরায়ণ ব্যক্তি। যাঁর কাছে মানবতার জন্য মৃত্যুভয় তুচ্ছ।ম্যাসিডোনিয়ার স্কপিয়েতে জন্ম নিলেও মাদার তেরেসা তাঁর সেবাকার্য নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বিশ্বের যেখানে দুঃখ, রোগ, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন, সেখানেই মাদার তেরেসা তাঁর সেবার হাত প্রসারিত করেছেন। সারা জীবন সেবাব্রত নিয়েই ব্যস্ত থেকেছেন। ধর্মের পার্থক্য, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনা করেননি। তাই তিনি সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন। অর্থাৎ মানুষকে ভালোবেসে তিনি নিজেও ভালোবাসার মানুষ হয়েছেন। সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল পুরস্কার অর্জন করেছেন। জীবনে তিনি যত পুরস্কার পেয়েছেন, এর সব অর্থ খরচ করেছেন মানবসেবার কাজে।সুতরাং পরিশেষে বলা যায়, মাদার তেরেসা ও নুরুল হক তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সেবামূলক কাজের মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।