শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাবাংলা ভাষাপ্রিয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আজ বাংলা ১ম পত্রের বাংলা ভাষা কবিতার ওপর আলোচনা করব।নিচের অনুচ্ছেদটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও।পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা অত্যন্ত আদরের। বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষা আমাদের কাছে গানের সুরের মতো সুমধুর। মনের ভাব প্রকাশের ক্ষমতা এ ভাষার রংধনুর মতো বৈচিত্র্যপূর্ণ। এ ভাষা আমাদের কাছে একই সঙ্গে ভালোবাসার এবং গৌরবের।সৃজনশীল প্রশ্ন:ক) এই অংশটুকু তোমার পাঠ্য কোন কবিতার সঙ্গে মিলে?খ) ‘এ ভাষার বোল আমাদের কাছে গানের সুরের মতো মধুময়’। তোমার পাঠ্য কবিতার আলোকে ব্যাখ্যা করো।গ) বাংলা ভাষাকে বিশ্ব দরবারে স্থান পেতে হলে কী করা প্রয়োজন—যুক্তিসহ উপস্থাপন করো।ঘ) এ ভাষায় মনের ভাব প্রকাশ করার ক্ষমতা রংধনুর মতো বৈচিত্র্যপূর্ণ—বিশ্লেষণ করো।উত্তর: ক) এ অংশটুকু আমার পাঠ্য কবি জসীমউদ্দীন রচিত ‘বাংলা ভাষা’ নামক কবিতার সঙ্গে মিলে।উত্তর: খ) কবি জসীমউদ্দীন তাঁর ‘বাংলা ভাষা’ কবিতাটিতে বাংলা ভাষার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এ ভাষার সুর আমাদের কাছে গানের সুরের মতোই মধুময় এবং অতি আদরের ভাষা। এ ভাষায় আমরা কথা বলি, লিখন লিখি ও মনের ভাব প্রকাশ করি, আনন্দ-বেদনার বহিঃপ্রকাশ ঘটাই। নদী ও শস্য-দোলা মাঠ থেকে আমরা এর সুর পেয়েছি। তাই গানের সুরের মতোই এ ভাষা আমাদের কাছে সুমধুর।উত্তর: গ) বাংলা ভাষা আমাদের প্রাণের মাতৃভাষা। এ ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, কথা বলি, লিখন লিখি। এটি আমাদের অতি আদরের ভাষা। তাই তো এ ভাষাকে বিশ্ব দরবারে উচ্চ স্থান দিতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে। প্রত্যেক ভাষার সমৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে সে ভাষায় রচিত সাহিত্য ভান্ডার। তাই আমাদের দেশের সাহিত্যকেও সমৃদ্ধ করে তুলতে হবে। তার ফলে আমাদের এ প্রিয় ভাষার বৈশিষ্ট্য ও মাধুর্য দেখে সবাই মুগ্ধ হবে এবং বিশ্ব দরবারের ভাষার রাজ্যে উচ্চ আসনে আসীন হবে।উত্তর: ঘ) কবি জসীমউদ্দীন রচিত ‘বাংলা ভাষা’ কবিতাটিতে কবি বাংলা ভাষার মহিমার কথা সুরের মূর্ছনায় অলংকৃত করে তুলেছেন। এর পাশাপাশি এ ভাষার সৌন্দর্য, মাহাত্ম্য ও গুরুত্বও তুলে ধরেছেন। রংধনু যেমন তার বৈচিত্র্যময় সাতটি রঙের আভায় সৌন্দর্যমণ্ডিত করে সমগ্র পৃথিবীকে, তেমনি বাংলা ভাষাও তার বৈচিত্র্য প্রকাশের মাধ্যমে বিমোহিত করে রেখেছে সমগ্র বাঙালি জাতিকে। বাংলা ভাষা আমাদের আশা, ভালোবাসার গৌরব। কিন্তু এ ভাষা একদিনে গড়ে ওঠেনি। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এ ভাষাকে পেয়েছি। আমাদের এ প্রিয় বাংলা ভাষাতেও আমরা আমাদের সকল প্রকার আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা-ভালোবাসা, হাসি-কান্না, ছন্দমধুর গান বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন ছন্দ বৈচিত্র্যে প্রকাশ করি।