অধ্যায়-৮ উদ্ভিদ জগৎউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।পৃথিবীতে বহু ধরনের উদ্ভিদ বিদ্যমান। এদের মধ্যে কোনোটির ফুল-ফল হয় আবার কোনোটির ফুল-ফল হয় না। কতক উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা আছে আবার কতক উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা নেই। বিচিত্র এ উদ্ভিদ জগৎকে সঠিকভাবে অল্প সময়ে চিনতে হলে উদ্ভিদের শ্রেণী বিভাগ দরকার। উদ্ভিদ বিজ্ঞানীরা উদ্ভিদকে অপুষ্পক ও সপুষ্পক দুই ভাগে ভাগ করেছেন।ক. উদ্ভিদের শ্রেণী বিভাগ বলতে কী বোঝ?খ. উদ্ভিদের শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।গ. অর্থকরী উদ্ভিদের রোগের বর্ণনা ও তাদের প্রতিরোধ ব্যবস্থা লেখো।ঘ. উদ্ভিদের শ্রেণী বিভাগ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. বিজ্ঞানীরা উদ্ভিদের আকার, গঠন, জীবনকাল, ফুল-ফল ধারণক্ষমতা, কাণ্ডের প্রকৃতি, খাদ্যগ্রহণ পদ্ধতি ইত্যাদি বৈশিষ্ট্য এবং সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। একেই উদ্ভিদের শ্রেণী বিভাগ বলে।উত্তর: খ. উদ্ভিদ জগৎ অত্যন্ত বিশাল ও বৈচিত্র্যময়। এই বিশাল উদ্ভিদ জগতের একটি উদ্ভিদ অন্যটি হতে ভিন্ন। একটি একটি করে উদ্ভিদ সম্পর্কে জানা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কোনো উদ্ভিদ জীবন রক্ষাকারী ওষুধ তৈরিতে কাজে লাগে। কোনোটি জমির সার হিসেবে ব্যবহার করা হয়। কোনো উদ্ভিদ মৎস্য চাষে বিশেষ উপকারী। কোনো কোনো উদ্ভিদ থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নতমানের শস্য, ফলমূল সৃষ্টি করা সহজতর। কোনো উদ্ভিদ শুষ্ক অঞ্চলে সহজে জন্মে থাকে। কোনোটি লোনা পানিতে ভালো জন্মে। কোনোটি অতি দ্রুত বাড়ে। কোনোটি বন বিভাগের জন্য সুবিধাজনক। এসব বিষয় সম্পর্কে সঠিকভাবে অল্প শ্রমে, স্বল্প সময়ে ও সহজ উপায়ে জানার জন্য উদ্ভিদের শ্রেণী বিভাগ করা একান্ত প্রয়োজন।উত্তর: গ. অর্থকরী উদ্ভিদের রোগের বর্ণনা ও প্রতিরোধ-ব্যবস্থা নিচে বর্ণিত হলো—(১) পাটের কালো পট্টি রোগ—এ রোগ হলে পাটগাছের গোড়ায় অর্থাৎ মাটির সামান্য ওপরে কাণ্ডের সঙ্গে কালো দাগ পড়ে। একধরনের পরজীবী ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।প্রতিরোধ—এ রোগ হলে খেতে উপযুক্ত ‘ছত্রাকবারক’ ছিটাতে হয়, যা ছত্রাক ধ্বংস করে।(২) ধানের পাতা পোড়া রোগ—ধানের পাতার সঙ্গে ছোট ছোট বাদামি বা হলুদ দাগ সৃষ্টি হয়, যার মাঝখানটা চওড়া এবং দুই মাথা সরু। পরে ধীরে ধীরে দাগের মাঝখানটা সাদাটে হয়ে যায়। একধরনের পরজীবী ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।প্রতিরোধ—‘বোর্দো মিক্সচার’ ছিটিয়ে এ রোগ দমন করা যায়।(৩) আখের লাল পচা রোগ—আখের ভেতর লম্বালম্বী লাল একটি দাগ দেখা যায়, যা আখের লাল পচা রোগ। একধরনের পরজীবী ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। প্রতিরোধ—আখগাছের ডগা মাটিতে পোঁতার আগেই ছত্রাকবারকে চুবিয়ে নিলে এ রোগের আক্রমণ কম হয়।(৪) আলুর বিলম্বিত ধসা রোগ—এ রোগের আক্রমণে গাছের পাতা ও কাণ্ডে বাতামি বা লালচে কালো দাগ দেখা যায়। একধরনের পরজীবী ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।প্রতিরোধ—ছত্রাকবারক ব্যবহার করে উপকার এবং সুস্থ বীজ ব্যবহার করে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়।উত্তর: ঘ. উদ্ভিদের শ্রেণী বিভাগ: কোনো উদ্ভিদের ফুল-ফল হয় আবার কোনো উদ্ভিদের ফুল-ফল হয় না। এর ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা উদ্ভিদকে দুই ভাগে ভাগ করেছেন। যেমন—(১) অপুষ্পক উদ্ভিদ ও (২) সপুষ্পক উদ্ভিদ(১) অপুষ্পক উদ্ভিদ: যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় না, তারাই অপুষ্পক উদ্ভিদ। রেণু বা স্পোর দিয়ে এদের বংশবিস্তার হয়। অপুষ্পক উদ্ভিদ আবার চারটি বিভাগে ভাগ করা হয়েছে। যথা—(ক) আদি উদ্ভিদ বর্গ—এসব উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়া, ভাইরাস এ বিভাগের অন্তর্গত।(খ) সমাঙ্গ বর্গ—যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদের সমাঙ্গ বর্গ উদ্ভিদ বলে। সমাঙ্গ বর্গ উদ্ভিদকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যথা—(i) শৈবাল—এদের দেহে ক্লোরোফিল আছে। এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। উদাহরণ—স্পাইরোগাইরা। (ii) ছত্রাক—এদের দেহে ক্লোরোফিল নেই বলে নিজের খাদ্য তৈরি করতে পারে না। উদাহরণ—মিউকর।(গ) মসবর্গ—এদের দেহকে কাণ্ড ও পাতায় বিভক্ত করা গেলেও এদের মূল থাকে না। মূলের পরিবর্তে রাইজরেড থাকে। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এদের ফুল হয় না।(ঘ) ফার্ন বর্গ—এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এদের ফুল হয় না।(২) সপুষ্পক উদ্ভিদ—যেসব উদ্ভিদে ফুল হয় এবং বীজ দ্বারা বংশবিস্তার করে তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। সপুষ্পক উদ্ভিদকে আবার দুটি বিভাগে ভাগ করা হয়েছে। যেমন—(১) নগ্নবীজী উদ্ভিদ—এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এদের ফুল হয়, কিন্তু ফল হয় না। কারণ, এদের ফুলে গর্ভাশয় থাকে না। উদাহরণ—পাইনাস, সাইকাস ইত্যাদি।(২) আবৃতবীজী উদ্ভিদ—যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় এবং বীজগুলো ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, তাদের আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদ বলে। উদাহরণ—আম, জাম ইত্যাদি।আবৃতবীজী উদ্ভিদকে প্রধানত বীজপত্রের ভিত্তিতে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যথা—( i) একবীজপত্রী উদ্ভিদ—যেসব উদ্ভিদের বীজে মাত্র একটি বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন—ধান, গম, ভুট্টা ইত্যাদি।(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদ—যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন—সরিষা, মটর, ছোলা ইত্যাদি।