মহান বিজ্ঞানী জগদীশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘মহান বিজ্ঞানী জগদীশ’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।ঘ. ‘তিনি যে অপরিসীম দান রেখে গেলেন বিশ্ববাসীর জন্য তা অক্ষয় হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠায়’—এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: ঘ. বন্দে আলী মিয়া ‘মহান বিজ্ঞানী জগদীশ’ নামক প্রবন্ধে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জীবন ইতিহাস ও সৃষ্টিকর্ম সংক্ষিপ্তাকারে লিপিবদ্ধ করেছেন। মানুষের জীবন অতি ক্ষুদ্র সময়ের। কিন্তু তাঁর কর্ম বা সৃষ্টি পৃথিবীতে বেঁচে থাকে হাজার বছর। শৈশব থেকেই জগদীশচন্দ্র প্রকৃতির প্রতি গভীর আকর্ষণবোধ করেন। ইংল্যান্ডে ডাক্তারি পড়তে গিয়ে তিনি ভাগ্যচক্রে পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে কলেজে অধ্যাপনার সুবাদে ল্যাবরেটরিতে মৌলিক গবেষণার কাজে আত্মনিয়োগ করেন। তাঁর লেখা বিজ্ঞানবিষয়ক প্রবন্ধগুলো লন্ডনের খ্যাতনামা পত্রিকায় প্রকাশিত হয়। ইউরোপের বিজ্ঞানী পণ্ডিতেরা তাঁর রচিত প্রবন্ধগুলো পাঠ করে প্রশংসায় পঞ্চমুখ হন। তাঁর গবেষণার প্রথম সাফল্য ছিল ক্ষুদ্র বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে সংকেত বা সংবাদ প্রেরণের সম্ভাবনা আবিষ্কার। তিনি ইতালীয় বিজ্ঞানী মার্কনির আগেই বেতারে সংবাদ প্রেরণ ও গ্রহণের যন্ত্র আবিষ্কার করেছিলেন। কিন্তু নিজের নামে প্যাটেন্ট না করায় মার্কনিই আবিষ্কারের এই সম্মানে ভূষিত হন। অবশ্য তাঁর প্রতিভার প্রতি বিজ্ঞানীমহল যথাযথ সম্মান জানিয়ে এসেছেন। শুধু বেতার যন্ত্র নয়, নিজের উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক তরঙ্গের ধর্ম বিশ্লেষণ, উদ্ভিদ ও প্রাণীর দেহে উত্তেজনাজনিত সাড়ার আবিষ্কার, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদদেহের সামান্য সাড়াকে লক্ষগুণ বৃদ্ধি করে প্রদর্শন ইত্যাদি তাঁর অবিস্মরণীয় আবিষ্কারগুলোর কয়েকটি।জগদীশচন্দ্র তাঁর উপার্জিত ১৭ লাখ টাকার সম্পত্তির মধ্যে ১৩ লাখ টাকার সম্পত্তি ‘বিজ্ঞান মন্দির’-এর ট্রাস্টিদের হাতে অর্পণ করেছিলেন। অবশিষ্ট চার লাখ টাকার সম্পত্তি তাঁর শেষ ইচ্ছানুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে দান করা হয়। তিনি অবিভক্ত বাংলায় বিজ্ঞানচর্চা ও প্রসারের আকাঙ্ক্ষায় ১৯১৭ সালে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন ‘বসু বিজ্ঞান মন্দির’ বা বোস গবেষণা ইনস্টিটিউট। তিনি ১৯৩৭ সালের ২৩ নভেম্বর পরলোক গমন করেন।পরিশেষে বলা যায়, এই মহান বিজ্ঞানীর কর্মকৃতী বিশ্ববাসীর কাছে চির অম্লান হয়ে থাকবে। তা অক্ষয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।