৬ষ্ঠ শ্রেণীর বাংলা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সুখ কবিতার সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষঅংশ আলোচনা করব।প্রশ্ন: গ. জীবন আচরণের কোন কোন বিষয়ের মধ্যদিয়ে মানুষ প্রকৃত সুখী হতে পারে? উদ্দীপকের আলোকে উপস্থাপন কর।উত্তর: গ. প্রকৃত সুখ লাভ করার জন্য আমাদের কিছু কর্তব্য আছে। প্রকৃত সুখের জন্য মানুষকে নিরন্তর সাধনা করতে হয়। সুখ আসে কর্ম থেকে। মানুষের কর্ম হলো, নিজের সুখ ও স্বার্থের কথা বাদ দিয়ে অপরকে নিয়ে ভাবা। কেননা অপরের দুঃখ-যন্ত্রণা দূর করে, অপরের সেবা ও কল্যাণে আত্মনিয়োগ করে প্রকৃত সুখ পাওয়া যায়। নিচে প্রকৃত সুখী হওয়ার উপায় উপস্থাপিত হলো—আর্তমানবতার সেবা করা, মানবকল্যাণের আকাঙ্ক্ষা, স্বার্থ ত্যাগের মানসিকতা, চাহিদা সীমিতকরণ, মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া, নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ।প্রশ্ন: ঘ. উদ্দীপকের আলোকে প্রকৃত সুখের স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর: ঘ. এ জীবনে আমরা সবাই সুখী হতে চাই। কবি কামিনী রায় তাঁর ‘সুখ’ কবিতাটিতে কীভাবে প্রকৃত সুখ অর্জন করা সম্ভব তার স্বরূপ উন্মোচিত করেছেন। কবির মতে, প্রকৃত সুখ লাভ করার জন্য আমাদের কিছু কর্তব্য আছে। কেননা সুখ কখনোই আপনা-আপনি আসে না। এর জন্য চাই মহৎ কর্ম, ত্যাগ করার উন্নত মানসিকতা। জগতে যারা কেবল নিজেদের সুখ খোঁজে, তারা পদে পদে শুধু হতাশ ও ব্যর্থ হয়, আর তখন তারা জীবনকে ভাবে নিরর্থক। প্রকৃত সুখ লাভের জন্য তাই সব দুঃখ-যন্ত্রণা সয়ে, বিপদ-আপদ মোকাবিলা করে জীবনসংগ্রামে সফলতা লাভের চেষ্টা করা উচিত। অপরকে আপন ভেবে, অপরের সুখ-দুঃখের অংশীদার হয়ে প্রেমপ্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাঝে নিজেকে যুক্ত করা উচিত। পরের এই দুঃখ-ব্যথা দূর করার জন্য নিজের ত্যাগ স্বীকার করার মনোভাব থাকতে হবে। প্রয়োজনে পরের উপকারে ও স্বার্থে নিজের জীবন বিলিয়ে দিতে হবে। যে লোক অন্যের সুখ-দুঃখে সমভাগী হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণে নিজেকে যুক্ত করে, সে-ই প্রকৃত সুখ লাভ করতে পারে। প্রকৃতপক্ষে নিজের স্বার্থ ত্যাগ করে পরের কল্যাণে আত্মনিয়োগ করার মাঝেই প্রকৃত সুখের স্বরূপ নিহিত।