শিক্ষক, শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাঅধ্যায়-১ পরিমাপপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মিসরীয়রা পরিমাপ ব্যবহার করে আসছে। ধান, চাল, তরকারির ওজন, বিল্ডিংয়ের দৈর্ঘ্য-প্রস্থ ও সময় পরিমাপের জন্য পরিমাপের দরকার আছে। বিভিন্ন বস্তু পরিমাপের জন্য বিভিন্ন একক বিদ্যমান। প্রশ্ন-ক: পরিমাপ কী?প্রশ্ন-খ: মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে?প্রশ্ন-গ: আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।প্রশ্ন-ঘ: পরিমাপের ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করো। উত্তর-ক: কোনো পদার্থের গাণিতিক হিসাব-নিকাশের জন্য ব্যবহূত মাপজোখকেই পরিমাপ বলে। উত্তর-খ: দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক অন্য কোনো এককের ওপর নির্ভর করে না। এদের একককে মৌলিক একক বলে। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক মোট সাতটি। আবার মৌলিক একক ছাড়া আর সব এককই লব্ধ একক। অর্থাৎ মৌলিক একককে আরেকটি মৌলিক একক দিয়ে গুণ অথবা ভাগ করে যে একক পাওয়া যায়। সেই একককে লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফল বা আয়তনের একক। ঘরের দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে ঘরের মেঝের ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়েরই একক এসআই পদ্ধতিতে মিটার। অতএব ঘরের ক্ষেত্রফলের একক=মিটার × মিটার=বর্গমিটার, যা একটি লব্ধ একক। উত্তর-গ: দৈনন্দিন জীবনে সব মানুষেরই কিছু না কিছু পরিমাপ করার প্রয়োজন হয়। আমরা যা খাই, যা পরি, যে কাজ করি বা খেলাধুলা করি, তার সঙ্গে পরিমাপ জড়িত। চাল, ডাল, তরকারি কিনতে হলে ওজন করে কিনতে হয়। জামা বানাতে চাইলে দর্জির কাছে মাপ দিতে হবে। স্কুলের দপ্তরি সময় শেষে ছুটির ঘণ্টা দেন। ফুটবল মাঠের সীমানা মেপে ঠিক করতে হয়। কেনাবেচা করতে গেলে জমি মাপতে হয়। বাড়িঘর তৈরি করতে, ওষুধ তৈরি করতে প্রয়োজন হয় বিভিন্ন জিনিস পরিমাপ করার। মোটকথা, দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন রয়েছে পরিমাপের। উত্তর-ঘ: পরিমাপের ঐতিহাসিক পটভূমি নিচে আলোচনা করা হলো—১. আজ থেকে প্রায় পাঁচ বছর আগে মিসরীয়রা দৈর্ঘ্য পরিমাপ করত হাতের সাহায্যে। হাতের কনুই থেকে মধ্য আঙুলের ডগা পর্যন্ত দৈর্ঘ্যকে ধরা হতো এক হাত। ২. রোমান বা ইংরেজরা পূর্ণবয়স্ক মানুষের হাতের বুড়ো আঙুলের প্রস্থকে এক ইঞ্চি এবং পরের দৈর্ঘ্যকে ফুট হিসাবে ধরত। মাথা সোজা রেখে হাত পাশে প্রসারিত করে, নাকের ডগা থেকে হাতের মধ্য আঙুলের মাথা পর্যন্ত দৈর্ঘ্যকে এক গজ ধরা হতো। ৩. আমাদের দেশে ধান-চাল পরিমাপের জন্য অনেক সময় ব্যবহার করা হতো নির্দিষ্ট আকারের কাঠাপাত্র। আবার সোনা-রুপা পরিমাপের জন্য বিভিন্ন মানের মুদ্রা ব্যবহার করা হতো।৪. প্রাচীনকালে সময় পরিমাপের জন্য কোনো বস্তুর ছায়াকে ব্যবহার করা হতো। সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। একটি গাছ বা খুঁটির ছায়া তাই সকালে পশ্চিম দিকে পড়ে। বেলা যত বাড়তে থাকে ছায়ার দৈর্ঘ্য তত ছোট হতে থাকে। দুপুরের পর সূর্য পশ্চিম দিকে হেলে ছায়া পূর্ব দিকে পড়ে। এভাবে ছায়ার অবস্থান এবং দৈর্ঘ্য দেখে সময়ের একটা মোটামুটি হিসাব ধরা হতো।