>এবারের ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বিজ্ঞানে প্রথম নুসরাত জাহান

এ বছরের ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। ক্যালেন্ডারের হিসাবে হাতে সময় আছে ঠিক ৬০ দিন।
‘ঘ’ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট। বিজ্ঞান, বাণিজ্য ও কলা—সবার জন্য একই ভর্তি পরীক্ষা হলেও মেধাতালিকা আলাদা হয়। ‘ঘ’ ইউনিটে ১০০টি প্রশ্নে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রশ্নের মান ১.২। বাংলা ও ইংরেজি থেকে ২৫টি এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞান অংশটিতে আলাদা ২৫টি করে বাংলাদেশ-বিষয়ক ও আন্তর্জাতিক ঘটনার ওপর প্রশ্ন থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ করে নম্বর কাটা যাবে।
বিগত বছরের প্রশ্নপত্র ভালোমতো পড়লে ‘ঘ’ ইউনিটে ভালো করা বেশ সহজ হয়। প্রতিদিন নিয়ম করে পত্রিকার গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখতে হবে। পত্রিকা পড়লে সাধারণ জ্ঞান বিষয়ে বেশ দক্ষতা আনা যায়। খেলাধুলা, আবিষ্কার, রাজনীতি, স্থাপনা, পুরস্কার, সাম্প্রতিক আলোচিত ঘটনা ইত্যাদি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। বিভিন্ন আলোচিত রাজনৈতিক ঘটনার সাল-তারিখ মনে রাখা জরুরি।
উচ্চমাধ্যমিকের বাংলা প্রথম পত্রের গল্প, কবিতা ও নিবন্ধ সম্পর্কে ভালো ধারণা মাথায় রাখা জরুরি। আর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ সম্পর্কে পড়তে হবে প্রতিদিন। ব্যাকরণ থেকে নিয়মিত প্রশ্ন আসে।
ইংরেজির জন্য গ্রামার আর ভোকাবুলারির ওপরে গুরুত্ব দিতে হবে। বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে ভোকাবুলারি শেখা শুরু করতে হবে। ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস ভোকাবুলারি মনে রাখতে বেশ কাজে দেয়। প্রতিদিন সকালে সাধারণ জ্ঞান, দুপুর আর বিকেলে বিগত বছরের প্রশ্ন অনুশীলন, সন্ধ্যা ও রাতে বাংলা আর ইংরেজি ঘড়ি ধরে পড়ার চর্চা করতে হবে।
পরীক্ষার দিনের জন্য বলব, কোনোভাবেই ভুল উত্তর করা যাবে না। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ করে নম্বর কাটা যাবে। উত্তরপত্রে বৃত্ত ভরাট করার সময় অবশ্যই প্রশ্নের নম্বর ও উত্তরের নম্বর দেখে নিতে হবে। অনেক সময় একটি ঘর ভুলের কারণে পরবর্তী সব উত্তর এক ঘর পিছিয়ে যায়। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আমি এক কথায় বলব, নিজের প্রতি আস্থা রাখো। আত্মবিশ্বাসই তোমাকে অনেক এগিয়ে দেবে।