মানুষের সেবাপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা ১ম পত্রের ‘মানুষের সেবা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।ঘ. ‘তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমার পাশে’—উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো।উত্তর: ঘ. ছান্দসিক কবি আবদুল কাদির তাঁর ‘মানুষের সেবা’ কবিতায় ধর্মসাধনার ক্ষেত্রে মানবসেবার গুরুত্ব অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। মানুষ স্রষ্টার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের জন্য নিজেকে ধর্মসাধনায় নিয়োজিত রাখে। কিন্তু স্রষ্টার সৃষ্টি মানুষকে উপেক্ষা ও অবজ্ঞা করে কেবল স্রষ্টার বন্দনা করেই তাঁকে খুশি করা যায় না। মানুষের ধর্মসাধনার প্রকৃত সাফল্য আসে দীনহীন মানুষের সেবার মধ্য দিয়ে। এতে স্রষ্টা সন্তুষ্ট হন এবং মানবজীবনের সাফল্য অর্জিত হয়। শেষ বিচারের দিন, অর্থাৎ হাশরের দিন মহান স্রষ্টা তাঁর বান্দাদের বলবেন—তিনি পিপাসায় কাতর হয়ে পানি চেয়েছিলেন। আদম সন্তান কেন তা দান করেনি। আদম সন্তান বলবে—খোদা, তুমি জগতের মালিক। মানুষ হয়ে আমি তোমার পিপাসা দূর করতে পারি না। খোদা বলবেন, তৃষ্ণার্ত মানুষ তার দ্বারে গিয়েছিল, কিন্তু সে পানি দেয়নি। এই পিপাসিত মানুষের পিপাসা দূর করলে হাশরের দিনে খোদার কাছে তার প্রতিদান পেত। সুতরাং ধর্মসাধনার ক্ষেত্রে মানবসেবার গুরুত্ব অপরিসীম। কারণ, স্রষ্টার সন্তুষ্টি ও প্রকৃত পুণ্য অর্জন মানবসেবার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অর্থাৎ স্রষ্টাকে পেতে হলে নিরন্ন মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি এরূপ কাজকে শ্রেষ্ঠ কাজ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, তাঁকে পেতে হলে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। তৃষ্ণার্ত মানুষের মুখে পানি তুলে দিয়ে তার তৃষ্ণা নিবারণ করতে হবে। আর এভাবেই খোদার সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি অবজ্ঞা ও অবহেলা করলে প্রকৃত ধার্মিক হওয়া যায় না এবং আল্লাহ তাতে খুশিও হন না।পরিশেষে বলা যায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করে ইহলৌকিক ও পারলৌকিক সাফল্য পেতে হলে আমাদের অবশ্যই আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।