রসাল ও স্বর্ণলতিকাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘রসাল ও স্বর্ণলতিকা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) রচিত ‘রসাল ও স্বর্ণলতিকা’ কবিতায় অহংকারী রসাল বা আমগাছের দাম্ভিকতার মাধ্যমে আমাদের দেশের সমাজের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। রসাল বা আমগাছ আকারে বিশাল। সে নিজেকে রাজার সঙ্গে তুলনা করেছে। কারণ রাজা যেমন দরিদ্র প্রজাকে সাহায্য করেন, তেমনি রসালও স্বর্ণলতিকার মতো ক্ষুদ্র পরগাছাকে বেঁচে থাকার অবলম্বন দেয়। শুধু তা-ই নয়, তার ক্ষমতার বলে সে কত লোককে ছায়া দিয়ে বিশ্রামের সুযোগ করে দেয়। তার ছায়ায় বসে পথিকেরা ভোজন করে। তাই রসাল মহাদাম্ভিকতার সঙ্গে নিজেকে রাজার সঙ্গে তুলনা করে তার মহত্ত্বের মহিমা প্রকাশের প্রচেষ্টা চালিয়েছে। সে নিজের জন্মকে সার্থক মনে করেছে। তাই সে স্বর্ণলতিকাকে অতি তুচ্ছ জ্ঞান করে নানাভাবে উপহাস ও বিদ্রূপ করে। কিন্তু এক সময় প্রবলবেগে ঝড় উঠলে, ঝড়ের তাণ্ডবে সেই বিশাল আমগাছ মুহূর্তে উৎপাটিত হয়। ফলে তার আয়ু শেষ হয়। সেই সঙ্গে তার সমস্ত অহংকারও চুরমার হয়ে যায়।এই কবিতায় কবি মানবজীবনের একটি শিক্ষণীয় দিককে রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। সমাজে এক ধরনের লোক আছে যারা ধনসম্পদ, বিদ্যাবুদ্ধি, বংশমর্যাদা ইত্যাদিতে বড় হওয়ায় বিশেষ গৌরব ও অহংকারবোধ করে। এ ধরনের লোক সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য ও অবজ্ঞা করে আনন্দ পায়। কিন্তু তরা জানে না যে অহংকারের শেষ হয় পতনে আর শ্রেষ্ঠত্ব কখনো চিরদিন বজায় থাকে না। এই শিক্ষণীয় দিকটিকেই কবি এ কবিতায় অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন স্বর্ণলতিকার প্রতি আমগাছের আচরণের মধ্য দিয়ে।