কবিতা স্মৃতিসৌধপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘স্মৃতিসৌধ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সেখানে সাহসী বীর যোদ্ধার দম্ভ/তাদের রক্তে এই সৌধের স্তম্ভ।ইতিহাসে তারা হূদয়ে সমুজ্জ্বল/তোমরা সেখানে শ্রদ্ধায় উচ্ছল।প্রশ্ন: ক. ‘স্মৃতিসৌধ’ কবিতার রচয়িতা কে?প্রশ্ন: খ. যোদ্ধার দম্ভ বলতে কবি কী বুঝিয়েছেন?প্রশ্ন: গ. ‘স্মৃতিসৌধ’ কবিতায় কাদের আত্মত্যাগের কথা বলা হয়েছে? তোমার নিজের ভাষায় তুলে ধরো।প্রশ্ন: ঘ. ‘ইতিহাসে তারা হূদয়ে সমুজ্জ্বল’—উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘স্মৃতিসৌধ’ কবিতাটির রচয়িতা ছড়াকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক ফয়েজ আহমদ।উত্তর: খ. ১৯৭১ সালের ডিসেম্বরে বিজয় অর্জিত হয়েছে ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে। তাঁরা তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের এই মহান আত্মত্যাগকে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ। তাই এটি একাত্তরের সাহসী বীর যোদ্ধাদের অহংকারের প্রতীক।উত্তর: গ. পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে অতর্কিতে ঘুমন্ত-নিরস্ত্র বাঙালির ওপর চালায় এক নৃশংসতম ঘৃণ্য হত্যাযজ্ঞ। পরবর্তীকালে সেই বর্বর বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ-সংগ্রামে নিজেদের জীবন বাজি রেখে লাখো লাখো বীর বাঙালি লড়েছে অকুতোভয়ে। পাকিস্তানি বাহিনীর কামান ও বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়েছিল শত সহস্র নারী-শিশু-বৃদ্ধ-যুবাকে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর পরাজিত হয়েছে পাকিস্তানি জল্লাদ বাহিনী। এই বিজয় ছিনিয়ে আনতে গিয়ে ঝরে গেছে অগণিত তরুণ মুক্তিযোদ্ধার জীবন। কবি তাঁর ‘স্মৃতিসৌধ’ কবিতায় বীর মুক্তিযোদ্ধাদের অহংকারের প্রতীক স্মৃতিসৌধের চমৎকার বর্ণনা দিয়েছেন। উত্তর: ঘ. বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ১৯৭১ সালের দীর্ঘ নয় মাস (২৫ মার্চ-১৬ ডিসেম্বর)। এ সময়ে বাঙালি বীরদের মহান আত্মত্যাগের বিনিময়েই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। জানা-আজানা অগণিত মানুষ তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে প্রিয় দেশমাতৃকার জন্য। তাঁদের এই মহান আত্মত্যাগকে অবিস্মরণীয় করে রাখার জন্য ঢাকার অদূরে সাভারে নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। শহীদদের আত্মত্যাগের নিদর্শন আমরা খুঁজে পাই স্মৃতিসৌধে। বাঙালি জাতি এ স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা জানায়। যত দিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, তত দিন বাঙালি জাতি তাঁদের আত্মদানের কথা পরম শ্রদ্ধায় স্মরণ করবে। তাঁরা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন এ দেশের সর্বস্তরের মানুষের অন্তরে, গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায়।