ইনসানিয়াতপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘ইনসানিয়াত’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।একজন অশিক্ষিত চাষিশ্রেণীর মানুষের কাছে উচ্চ সৌজন্যপূর্ণ আদবের কথা নিতান্তই অপ্রত্যাশিত ছিল। বুঝলাম, লোকটি সহজাত সৌজন্যের অধিকারী, যিনি দেখেশুনে নিজের অভিজ্ঞতা থেকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্বন্ধে একটা বিচারের শক্তি অর্জন করেছেন। এ রকম মনোভাবের প্রতিষ্ঠা যে কত উঁচু ধরনের সভ্য-চিন্তার ওপরে, তা সহজেই অনুমান করা যায়। ক. উদ্ধৃতাংশের গল্প ও লেখকের নাম কী?খ. বৃদ্ধ চাষির প্রতি লেখকের মনোভাব কী রকম?গ. উদ্ধৃতাংশে সাধারণ মানুষের যে বিবরণ দেওয়া হয়েছে, তা বর্তমান সমাজে কতটা পরিলক্ষিত হয়?ঘ. ‘ইনসানিয়াত’ গল্পে লেখক ও বৃদ্ধ কৃষকের মধ্যে যে সৌজন্যবোধ ও মনুষ্যত্ববোধের পরিচয় পাওয়া যায়, তা ব্যাখ্যা করো। উত্তর: ক. উদ্ধৃতাংশটি বহু ভাষাবিদ ও ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৮৯০-১৯৭৭) রচিত ‘ইনসানিয়াত’ গল্পের অংশবিশেষ।উত্তর: খ. স্টিমারে চড়ে যাওয়ার পথে নিজের বিছানা গুটিয়ে মুসলমানদের নামাজের জায়গা ছেড়ে দেন লেখক। তা দেখে একজন পাকা দাড়িওয়ালা অত্যন্ত ভদ্র চেহারার বৃদ্ধ মুসলমান লেখকের দিকে চেয়ে মৃদু মাথা নেড়ে কৃতজ্ঞতা জানিয়ে নামাজে মন দিলেন। নামাজ শেষে বৃদ্ধ কৃষক লেখককে ধন্যবাদ জানাতে গিয়ে বললেন, ‘তিনি যে তাঁদের নামাজের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন, তাতে একজন নেকবান্দা হিসেবে নিজের পরিচয় দিয়েছেন এবং তাঁদের ইবাদতের শরিক হয়েছেন।’ অশিক্ষিত একজন চাষির কাছে এ ধরনের অপ্রত্যাশিত সৌজন্যবোধের পরিচয় পেয়ে লেখক অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, মানুষটি নিজের অভিজ্ঞতা থেকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে বিচারের শক্তি অর্জন করেছেন।উত্তর: গ. প্রখ্যাত সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ‘ইনসানিয়াত’ গল্পে একজন সাধারণ অশিক্ষিত বৃদ্ধ কৃষকের যে বিবরণ দিয়েছেন, তা বর্তমান সমাজে খুব বেশি পরিলক্ষিত হয় না। নামাজের জায়গা ছেড়ে দিয়ে লেখক তাঁর নৈতিক দায়িত্ব পালন করেছেন। এর জন্য একজন নামাজি ব্যক্তি ভিন্নধর্মী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও পারতেন। কিন্তু নামাজ শেষে বৃদ্ধ কৃষক অতি ভদ্রতার সঙ্গে লেখকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের উচ্চ সৌজন্যবোধ ও মনুষ্যত্ববোধ প্রকাশ পেয়েছে। কিন্তু বর্তমান সমাজে মানুষের মধ্যে এ ধরনের সৌজন্যবোধ দিন দিন কমছে। সমাজে তথা দেশে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে; কিন্তু এই শিক্ষিত সমাজের অধিবাসী হয়েও মানুষ মৌলিক মানবিক গুণাবলির অধিকারী হতে পারছে না। অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃত শিক্ষিত হচ্ছে না। আধুনিক যান্ত্রিক সভ্যতায় মানুষের জীবন অনেক ব্যস্ত, গতিশীল। এ গতিশীল জীবনে মানুষ অর্থের মোহে অন্ধ হয়ে আদর্শ, মূল্যবোধ, নীতিনৈতিকতা হারাচ্ছে। আর ভালো ব্যবহার, আন্তরিকতা, সহমর্মিতা প্রকাশ বারবার তিরস্কৃত হচ্ছে। মানুষের অসৌজন্যমূলক আচার-আচরণে মানবতা আজ সমাজবিবর্জিত। আজকের দিনে মানুষের মধ্যে সৌজন্য, আদব প্রভৃতি বড় দুর্লভ জিনিসে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের সৌজন্যবোধ অর্জন করতে হবে। কারণ, সাধারণ সৌজন্য প্রকাশের মাধ্যমে মানুষ পরম করুণাময় সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল