সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘সন্ধ্যা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। শান্তির পরশ লাগি নত হয় মন/পরিপূর্ণ শুচিতায় আকাশ ভুবন।/এই শুচি শান্তির মাঝে/আজি এ নীরব সাঁঝে/তাঁহারি উদ্দেশ্যে মোরা নত করি শির/দয়ার পয়োধি যিনি স্রষ্টা ধরণীর।ক. কার উদ্দেশ্যে আমরা মাথা নত করি?খ. ‘পরিপূর্ণ শুচিতায় আকাশ ভুবন’—এর অর্থ কী?গ. উদ্ধৃতাংশের আলোকে সন্ধ্যায় প্রার্থনার পরিবেশের পরিচয় দাও।ঘ. উদ্দীপকের আলোকে ‘সন্ধ্যা’ কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো।উত্তর: ক. বিশ্বজগতের সৃষ্টিকর্তা অসীম ক্ষমতার অধিকারী পরম করুণাময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাবনত হয়ে মাথা নত করি।উত্তর: খ. সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দিনের আলো বিলীন হয়ে যায়। তখন এই আঁধার প্রকৃতির বুকে তৈরি হয় এক পবিত্রতম আবেশ। একটি মায়া যেন চারদিকে ছড়িয়ে পড়ে। পবিত্রতায় পূর্ণ হয় চারদিক। চারদিক ক্রমান্বয়ে স্তব্ধ হয়ে আসে। রাখালের বাঁশির সুর, পাখির কলকাকলি, কর্মক্ষেত্রের কোলাহল—সবকিছু থেমে যায়। শব্দহীন প্রকৃতি গম্ভীর রূপ ধারণ করে। এমনি সন্ধ্যায় শান্ত-স্নিগ্ধ নীরবতা সমস্ত প্রকৃতিকে এক অনাবিল পবিত্রতায় ভরিয়ে দেয়। নীরব সন্ধ্যায় ওই পবিত্র পরিবেশে আমাদের মনও আপনা থেকে নত হয় মহান সৃষ্টিকর্তা পরম করুণাময়ের উদ্দেশ্যে, যিনি অসীম ক্ষমতার অধিকারী।উত্তর: গ. ‘সন্ধ্যা’ কবিতায় কবি সন্ধ্যার শান্ত-স্নিগ্ধ রূপের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। এই রূপ মানুষের সৌন্দর্যপিপাসু মনকে চমৎকারভাবে প্রভাবিত করে। কর্মব্যস্ত মানুষ তার দৈনন্দিন কাজের জন্য দিনের সময়কেই মূলত বেছে নেয়। রাত মূলত মানুষের বিশ্রামের সময়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এ সময় সংসারের অসুন্দর কৃত্রিম চাঞ্চল্যকে ছাপিয়ে ধীরে ধীরে প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে জেগে উঠতে থাকে। সন্ধ্যার এ রূপ মানুষকে বিমোহিত করে, মানুষের মন আনন্দে নেচে ওঠে। সন্ধ্যা প্রকৃতির এ শান্ত-স্নিগ্ধ নীরবতা প্রকৃতিকে এক অনাবিল পবিত্রতায় ভরিয়ে দেয়। শান্তির পরশ লেগে মানুষের মন নত হয়ে যায় মহান স্রষ্টার উদ্দেশ্যে, যিনি সৃষ্টি করেছেন এ পৃথিবী। আমাদের মনের সব কালিমা দূর হয়ে আকাশের মতো নির্মল হয়। মসজিদ, মন্দির, গির্জা, মঠ—সবখানেই চলে স্রষ্টার প্রতি প্রার্থনার নানা আয়োজন। মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য পৃথিবীকে সুন্দর ও মনোরম করে সৃষ্টি করেছেন। তাই আমরা তারই বন্দনায় নিজেদের সমর্পণ করি। মানবমনের এ শ্রদ্ধাবনত অবস্থা তৈরির পেছনে মূলত কাজ করে সন্ধ্যার প্রকৃতি ও তার স্নিগ্ধ, কোমল পরিবেশ।উত্তর: ঘ. বিশিষ্ট কবি শাহাদাৎ হোসেন (১৮৯৩-১৯৫৩) তাঁর ‘সন্ধ্যা’ কবিতায় সন্ধ্যাকালীন প্রকৃতির এক চিরায়ত রূপ তুলে ধরেছেন। সন্ধ্যার আগমনের মধ্য দিয়ে দিনের আলো দূরীভূত হতে থাকে, আর সেই স্থান দখল করে রাতের আঁধার। ক্রমেই রাতের আঁধার আচ্ছন্ন করে ফেলে চারপাশ। পল্লির জনপদ, পাহাড়, বনানী সব অন্ধকারে ঢেকে যায়। রাখালের বাঁশির সুর থেমে যায়। চারদিকে শুধুই অসীম আকাশ। প্রকৃতিতে নেমে আসে সুনসান নীরবতা। খুব চেনা পরিবেশকেও মনে হয় অচেনা আবছায়া কোনো রহস্যঘেরা অবয়ব।এমনই সন্ধ্যার শান্ত-স্নিগ্ধ নীরবতা প্রকৃতিকে এক অনাবিল পবিত্রতায় ভরিয়ে দেয়। দূর থেকে ভেসে আসে আঁধার ঘেরা নদীর কলসংগীত। আর বহমান নদীর স্রোতের এই কুলুকুলু ধ্বনি আঁধার প্রকৃতিতে সৃষ্টি করে এক স্বপ্নিল পরিবেশ। আর এই স্বপ্নিল পরিবেশ কবিকে নিয়ে যায় এক অন্য রকম ভাবের জগতে। এই মনোমুগ্ধকর পরিবেশে আমাদের মনও আপনা থেকে নত হয় সেই পরম করুণাময়ের উদ্দেশ্যে, যিঁনি সৃষ্টি করেছেন এই জগৎ। তাঁর কৃপায় আমরা উপলব্ধি করি সন্ধ্যার অপরূপ সাজে সজ্জিত প্রকৃতি। এ সময় আমাদের হূদয়ের সব কালিমা দূর হয়ে আকাশের মতো নির্মল হয়। এ সময় সবাই সন্ধ্যার নীরব সাজে পূর্ণ পবিত্র পরিবেশে স্রষ্টার প্রতি মাথা নত করে, স্রষ্টাকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়। অন্ধকার ভেদ করে ঘরে ঘরে জ্বলে ওঠে আলোর প্রদীপ।সন্ধ্যা-প্রকৃতির এ নৈসর্গিক সৌন্দর্য আমাদের বাস্তব জগৎ থেকে নিয়ে যায় কল্পনার জগতে। এ জগতের স্বপ্নিল রূপ সবার হূদয়ে জাগিয়ে তোলে এক অনাবিল প্রশান্তি। সত্যিই এ রূপ অসাধারণ, অনন্য।