অধ্যায়-২৫ এইডসপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।বর্তমান বিশ্বে এইডস এমন একটি ব্যাধি, যার কারণে সমগ্র মানবসভ্যতা এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও এ ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। কাজেই এইডসের বিস্তার রোধে আত্মসচেতনতা সৃষ্টি করা দরকার।ক. AIDS-এর পূর্ণ অর্থ কী?খ. HIV কীভাবে মানবদেহে সংক্রমিত হয়?গ. AIDS কে ঘাতকব্যাধি বলা হয় কেন? ব্যাখ্যা করো।ঘ. AIDS বিস্তার রোধে আত্মসচেতনতা সৃষ্টি করা দরকার—বিশ্লেষণ করো।উত্তর: ক. AIDS-এর পূর্ণ অর্থ হচ্ছে—A = Acquired, I = Immune, D = Deficiency, S = Syndrome.উত্তর: খ. HIV বিভিন্নভাবে মানবদেহে সংক্রমিত হতে পারে। যেমন—১. HIV সংক্রমিত রক্ত গ্রহণের মাধ্যমে।২. HIV সংক্রমিত মায়ের দুধ পানের মাধ্যমে।৩. HIV সংক্রমিত ব্যক্তি কর্তৃক ব্যবহারের ইনজেকশনের একই সুচ ও সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে।উত্তর: গ. HIV একটি অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস, যার কারণে মানুষ AIDS-এ আক্রান্ত হয়। এ ভাইরাস কয়েকটি উপায়ে মানবদেহে ঢুকে দেহের নিজস্ব রোগপ্রতিরোধ-ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আক্রান্ত ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা একপর্যায়ে অতিরিক্ত হ্রাস পায়। HIV সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো AIDS। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে AIDS আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্য যেকোনো রোগে আক্রান্ত হয়। AIDS-এর কোনো কার্যকর প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। তাই মৃত্যুই AIDS রোগীর অনিবার্য পরিণতি। এ জন্য AIDS কে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়।উত্তর: ঘ. আত্মসচেতনতা হলো নিজেকে ভালোভাবে জানা এবং সে অনুযায়ী অগ্রসর হওয়া। AIDS-এর বিস্তার রোধ করার লক্ষ্যে যে আত্মসচেতনতা সৃষ্টি করা দরকার, তা নিম্নরূপ—১. নিজের শরীর সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা।২. HIV বা AIDS সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা।৩. নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সঠিক জ্ঞান।৪. কিসে নিজের ভালো হয় ও ক্ষতি হয়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা।৫. সঠিক বন্ধু বা ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতনতা।উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন হলে এবং ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চললে AIDS-এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।