লাল ঘোড়া প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা ১ম পত্রের ‘লাল ঘোড়া’ নামক গল্প থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের অনুচ্ছেদটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।তপুর পোষা কুকুরটির নাম টমি। সে সারা দিন তপুর সঙ্গে ঘুরে বেড়ায়। তপুর যেকোনো বিপদে সে অতন্দ্র প্রহরীর মতো ঝাঁপিয়ে পড়ে। একদিন রাতে তপুদের বাড়িতে কয়েকটি চোর আসে। টমি চোরদের পিছু নেয়। তার চিৎকারে সারা বাড়ির মানুষ জেগে ওঠে। এভাবেই তাদেরকে চোরের হাত থেকে রক্ষা করে। ক. ‘লাল ঘোড়া’ গল্পের কিশোরটির বয়স কত? খ. কিশোর ছেলেটি শেয়ালের কবল থেকে কীভাবে বেঁচে গেল? গ. টমির সঙ্গে ‘লাল ঘোড়া’ গল্পের লালুর সাদৃশ্য তুলে ধরো। ঘ. ‘তপুর যেকোনো বিপদে সে অতন্দ্র প্রহরীর মতো ঝঁপিয়ে পড়ে।’—‘লাল ঘোড়া’ গল্পের আলোকে বর্ণনা করো। উত্তর: ক. ‘লাল ঘোড়া’ গল্পের গল্পকার কিশোরটির বয়স তেরো বছর। উত্তর: খ. ‘লাল ঘোড়া’ গল্পের লালু নামক ঘোড়াটি একসময় অস্বাভাবিক আচরণ করে এবং কোনো বাধা না মেনে ছুটে বেরিয়ে যায়। তারপর সে আবার ফিরে আসে। কিশোরটি তাকে দেখতে পেয়ে তার পিঠে চড়ে বসে এবং সে ছুটতে থাকে। একসময় কিশোরটি ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে একটি গোরস্থানে পড়ে গিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে এলে সে দেখতে পায়, সে একটি গর্তে পড়ে আছে এবং একদল শিয়াল তার দিকে এগিয়ে আসছে। তখন লালু তাকে বাঁচাতে শিয়ালগুলোর সঙ্গে লড়াই শুরু করে। লালু সজোরে পা ছুড়ে এবং বিকট শব্দ করে তাদের থেকে কিশোর ছেলেটিকে রক্ষা করে। উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত তপুর পোষা কুকুর টমির সঙ্গে ‘লাল ঘোড়া’ গল্পের লালু নামক ঘোড়াটির আচরণের বেশ সদৃশ্য রয়েছে। উদ্দীপকের টমি নামক কুকুরটি সারাক্ষণ তপুকে ছায়ার মতো অনুসরণ করে। তপুর যেকোনো বিপদে সে তাকে রক্ষা করার চেষ্টা করে। নিজের জীবন বাজি রেখেও তার জীবনকে নিরাপদ রাখতে সে বদ্ধপরিকর। শুধু তাই নয়, সে রাতে মনিবের বাড়িকে চোরমুক্ত রাখতেও ভূমিকা রাখে। কোনো অযাচিত ব্যক্তির উপস্থিতিতে ঘেউ ঘেউ করে সবাইকে সতর্ক করে দেয়। অন্যদিকে ‘লাল ঘোড়া’ গল্পের লালু একসময় অস্বাভাবিক আচরণ করে এবং কোনো বাধা না মেনে ছুটে বেরিয়ে যায়। তারপর একাই ফিরে আসে। গল্পের বক্তা কিশোরটি তাকে দেখতে পেয়ে তার পিঠে চড়ে বসে। ঘোড়াটি ছুটতে শুরু করে। একসময় ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে কিশোর ছেলেটি পড়ে যায়। খুব ব্যথা পেয়ে সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি গর্তে আবিষ্কার করে। আসলে জায়গাটি ছিল একটি গোরস্থান। তখন চারদিক থেকে হিংস্র শেয়ালগুলো কিশোর ছেলেটির দিকে এগিয়ে আসছিল। লালু তখন বিদ্যুৎবেগে পা ছুড়ে এবং তীক্ষ চিঁ-হিঁ-হিঁ শব্দ করে শেয়ালগুলোকে ছেলেটির পাশে ভিড়তে দেয়নি। এভাবে লালু কিশোর ছেলেটিকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করে। সুতরাং বলা যায়, লালু ও টমি এ দুটি প্রাণীই তাদের মনিবদের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রমাণ রেখেছে। উল্লিখিত বৈশিষ্ট্যের আলোকে তাদের চরিত্র সাদৃশ্যপূর্ণ বলা যায়। উত্তর: ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘লাল ঘোড়া’ গল্পে লালুর আচরণের মাধ্যমে মানুষের প্রতি পশুর ভালোবাসা প্রকাশ পেয়েছে। টমি তপুর পোষা কুকুর। এটি তপুর যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়ে। রাতে চোরের উপস্থিতি বুঝতে পেরে টমি চিৎকার করতে থাকে। ততক্ষণে সবাই জেগে যায়। নিশ্চিত চুরির হাত থেকে রক্ষা পেল তপুদের মূল্যবান সম্পদ। অপরদিকে ‘লাল ঘোড়া’ গল্পের লালু ছিল কিশোর ছেলেটির পরিবারের সদস্যস্বরূপ। ঘটনাক্রমে লালু কিশোর ছেলেটিকে নিয়ে এক গোরস্থানে অবস্থান করে। সেখানে ছেলেটি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে প্রচণ্ডভাবে আহত হয়। ওই গোরস্থানে ছিল হিংস্র ও মানুষখেকো শেয়ালের বাসস্থান। ছেলেটি যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন ওই শেয়ালগুলো তাকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু লালু তার পা ছুড়ে এবং বিকট চিঁ-হিঁ-হিঁ শব্দ করে ওই শেয়ালগুলোকে তাড়িয়ে দেয়। সারা রাত সে শেয়ালগুলোর সঙ্গে লড়াই করে। সুতরাং গল্প ও উদ্দীপকের আলোকে বলা যায়, ঠিকমতো পোষ মানালে পশুপাখিরা স্বাভাবিকভাবেই খুব প্রভুভক্ত হয়ে ওঠে। সুযোগ পেলেই তারা মানুষের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দেয়। গল্পের লালু তেমনই একটি ঘোড়া। সে কিশোর ছেলেটির প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দেয়। অর্থাৎ গল্পে এবং উদ্দীপকে প্রাণীজগতের সঙ্গে মানুষের একটি নিবিড় ভালোবাসার সম্পর্ক ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।