বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাআমার এ দেশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘আমার এ দেশ’ কবিতার সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গ্রামবাংলার জীবনবৈচিত্র্য সবাইকে আকর্ষণ করে। সন্ধ্যায় পল্লীর রূপ-প্রকৃতি হয় আরও মাধুর্যময়। ঘরে ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বলে ওঠে। এই মায়াপুরীর প্রতি নিখাদ ভালোবাসা যেন কখনো হারানোর নয়। তাই তো কবি বলেছেন—‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশেসার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।’প্রশ্ন: (ক) উদ্দীপকের কথাগুলো কোন কবিতার সঙ্গে মেলে? প্রশ্ন: (খ) আমাদের দেশকে মায়াপুরী বলা হয়েছে কেন?প্রশ্ন: (গ) তোমার এলাকার একটি সন্ধ্যাকালীন বর্ণনা দাও।প্রশ্ন: (ঘ) উদ্দীপকের আলোকে আমাদের গ্রামীণ জীবনের স্বরূপ বর্ণনা করো।উত্তর: (ক) উদ্দীপকের কথাগুলো মাহমুদা খাতুন সিদ্দিকা রচিত ‘আমার এ দেশ’ কবিতার সঙ্গে মেলে।উত্তর: (খ) এ দেশের অধিকাংশই গ্রাম এলাকা। দিনের আলোর শেষে সন্ধ্যা নামে, সূর্য ডুবে যায় দূর বনপথে। রাতে গ্রামে প্রদীপের আলো, চাঁদ-তারাখচিত আকাশ এবং অন্ধকার আর নীরবতা মিলে রূপকথার মায়াপুরীর মতো মনে হয়।উত্তর: (গ) আমার বাড়ি মফস্বল শহরে। তবে এখানে সর্বত্র গ্রামীণ পরিবেশ বিরাজমান। বাংলাদেশের অন্যান্য গ্রামের মতোই এখানে কর্মব্যস্ত সকাল শুরু হয়। একসময় সন্ধ্যাও নেমে আসে। পাখির কলকাকলিতে মুখরিত বাড়ির আশপাশের গাছপালা প্রমাণ করে, সন্ধ্যা উপস্থিত। মা হাতের কাজ সেরে ফেলে। সবাই গরু, ছাগল, হাঁস, মুরগি ঘরে তোলে। দূরের মাঠে ধেনু চরিয়ে রাখাল ঘরে ফেরে। সবাই মাঠে-ঘাটে কাজ সেরে ঘরে ফেরে। সারা দিনের ক্লান্তি শেষে তাদের মন আনন্দে ভরে ওঠে। আমরা প্রদীপ জ্বালিয়ে পড়তে বসি।উত্তর: (ঘ) বাংলাদেশের গ্রামীণজীবন সহজ-সরল ও সাধারণ। এখানকার মানুষের মন শিশুর মতোই সরল। সারা দিন তারা কর্মব্যস্ত থাকে। বিভিন্ন ফসল তোলার কাজে ব্যস্ত থাকে। গ্রামের বধূর হাতের স্পর্শে ফসল আরও মোহনীয় রূপ ধারণ করে। বধূর কোলে শিশুর নির্মল হাসি গ্রামেই বেশি মোহনীয় মনে হয়।গ্রাম্য মহিলারা বিকেলের সোনা রোদে চুল পিঠে ছড়িয়ে তরকারি কাটে। কেউবা পিঠা তৈরি করে। সন্ধ্যায় পুরুষেরা মাঠ থেকে ফিরে গোসল করে গল্প-গানে মেতে ওঠে। রাখাল গবাদিপশু চরিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরে। সন্ধ্যার কিছু পর সবাই খাওয়া-দাওয়ার পাট চুকিয়ে ঘুমিয়ে পড়ে। তখন নিস্তব্ধতায় ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। আবার সকাল হয়, আবার কাজ শুরু হয় নব উদ্যমে।