সৃজনশীল প্রশ্নোত্তর নন্দলালপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘নন্দলাল’ শীর্ষক কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সত্যিকার দেশপ্রেমিক তিনি, যিনি নিজের স্বার্থ বা সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ করে স্বদেশের স্বার্থকেই ঊর্ধ্বে স্থান দেন। স্বদেশের কল্যাণে যিনি প্রাণ বিসর্জন দেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকেন। তবে একধরনের লোক আছে, যারা মুখে দেশদরদি, বড় বড় বুলি কপচায়, কিন্তু বাস্তবে দেশ, জাতি এমনকি নিজের নিকটাত্মীয়ের জন্য সামান্যতম ত্যাগ স্বীকার করে না। তারা দেশের জন্য কিছুই করে না, তাদের সবকিছুই লোক দেখানো। দেশের সেবার নামে নিজের রক্ষাই তাদের একমাত্র লক্ষ্য, তারা প্রকৃত পক্ষে দেশের শত্রু।ক. উদ্দীপকটি কোন কবিতার মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?খ. দেশের শত্রু কারা?গ. ‘দেশের সেবার নামে নিজের প্রাণ রক্ষাই তাদের লক্ষ্য’ উক্তিটি নন্দলাল কবিতার আলোকে ব্যাখ্যা করো। ঘ. একজন দেশপ্রেমিকের কী ধরনের গুণাবলি থাকা উচিত, তা তোমার নিজের ভাষায় লেখো।উত্তর: ক. উদ্দীপকটি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘নন্দলাল’ নামক ব্যঙ্গ ও বিদ্রূপাত্মক কবিতার মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।উত্তর: খ. আমাদের সমাজে একধরনের লোক আছে, যারা মুখে দেশদরদি। তারা বড় বড় বুলি আওড়ায়। দেশপ্রেমের কথা বলে তারা লোকসমাজে প্রশংসিত হওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। প্রকৃত পক্ষে তারা ভীতু, কাপুরুষ। লোকের সাহায্য করা দূরের কথা, তারা ভয়ে ভয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখে। তারা দেশ, জাতির জন্য সামান্যতম ত্যাগও স্বীকার করে না। তারা মানুষ নামের অযোগ্য ও ঘৃণিত। তাদের প্রচুর ধনসম্পদ ও বিদ্যাবুদ্ধি থাকলেও তারা পশুর চেয়ে অধম। তাই তারা দেশের শত্রু।উত্তর: গ. স্বদেশের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত ও সহজাত প্রবৃত্তি। স্বদেশের প্রতিটি বস্তুই আকর্ষণীয়। নিজের দেশের রূপ-প্রকৃতি, তার পশুপাখি, এমনকি প্রতিটি ধূলিকণা তার কাছে প্রিয় ও পবিত্র। আমাদের দেশে একধরনের লোক আছে, যারা মুখে দেশদরদি, বড় বড় বুলি আওড়ায় কিন্তু বাস্তবে দেশ, জাতি ও জনগণের স্বার্থে সামান্যতম ত্যাগও স্বীকার করে না। নন্দলাল কবিতার নন্দলাল চরিত্রটি এদেরই প্রতীক। নন্দলালের মাধ্যমে কবি সমাজের এক বিশেষ ভণ্ড, কপট শ্রেণীর স্বরূপ আমাদের সামনে তুলে ধরেছেন। এরা মুখে দেশপ্রেমের কথা বললেও দেশকে বিন্দুমাত্রও ভালোবাসে না। নন্দলাল প্রকৃত পক্ষে বাকসর্বস্ব, ভীরু, অপদার্থ ও স্বার্থপর ব্যক্তি। মুখে কাজের বা দেশসেবার বড়াই করলেও মৃত্যুর ভয়ে মৃত্যুপথযাত্রী আপন ভাইয়ের সাহায্য ও সেবা করতে সে রাজি নয়। দেশের কাজ করার জন্য দেশপ্রেমিক জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে। কিন্তু নন্দলালের দৃঢ়প্রতিজ্ঞ যেকোনোভাবেই হোক না কেন, তাকে জীবন রক্ষা করতে হবে। তার ধারণা, দেশকে বিপদ-আপদের হাত থেকে উদ্ধার করার মতো যোগ্য লোক আর একজনও নেই। সুতরাং তার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই ভয়ে সে গাড়িতে চড়ত না, নৌকা-স্টিমারে উঠত না, ট্রেনে চেপে কোথাও যেত না—এভাবেই নন্দলালরূপী দেশপ্রেমিকেরা আমৃত্যু কেবল বিছানায় শুয়ে-বসে বহু কষ্টে দিন কাটিয়ে তথাকথিত দেশসেবা করে।উত্তর: ঘ. দেশপ্রেম বলতে নিজের দেশকে ভালোবাসা বোঝায়। নিজ দেশ ও জাতির প্রতি সুতীব্র আকর্ষণ, অনুরাগ ও আনুগত্যকেই দেশপ্রেম বলে। স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশিত হয় দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ-চেতনার মধ্য দিয়ে। একটি দেশের সার্বিক কল্যাণ নির্ভর করে দেশবাসীর গভীর ভালোবাসার ওপর। যাঁরা সত্যিকার দেশপ্রেমিক, তাঁরা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসেন। তাঁরা দেশকে অকৃত্রিমভাবে সেবা করেন। সত্যিকার দেশপ্রেমিক তিনি, যিনি নিজের স্বার্থ বা সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ করে দেশের স্বার্থকেই ঊর্ধ্বে স্থান দেন। যিনি দেশপ্রেমিক, তিনি দেশের প্রতিটি জিনিসকে পরম আত্মীয় বলে মনে করেন। দেশের মানুষকে তিনি ক্ষুধায় অন্ন জোগান, তৃষ্ণায় পানি দান করেন। নিজের দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসার কারণেই তিনি ধন, মান, জন এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকেন। স্বদেশপ্রেম দ্বারা মানুষের মন উদার হয়। প্রকৃত দেশপ্রেমিকের যশ-খ্যাতি ফুলের সৌরভের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, দেশপ্রেমিকের মৃত্যু নেই। তিনি মরেও ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। দেশপ্রেমিক স্বদেশের গৌরবে গর্ববোধ করেন। স্বদেশের দুর্যোগ-দুর্বিপাকে তিনি ব্যথিত হন এবং স্বদেশের অপমান-লাঞ্ছনায় তিনি হন উত্তেজিত, ক্ষুব্ধ। তিনি দেশের স্বার্থপর-দুর্নীতিবাজদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অবতীর্ণ হন। তিনি মৃত্যুভয়ে ভীত নন। মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নিতে পারেন।পরিশেষে বলা যায়, একজন মানুষের মাঝে কিছু গুণাবলির বিকাশ না ঘটলে সে কোনোভাবেই প্রকৃত দেশপ্রেমিক হতে পারবে না। এর মধ্যে অন্যতম প্রধান একটি হলো দায়িত্ব ও কর্তব্যবোধ। প্রকৃত দেশপ্রেমিক সর্বদাই তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন। এ দায়িত্ব ও কর্তব্য তাকে সুনাগরিকে পরিণত করে। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে।