৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলাইপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘বলাই’ নামক গল্প থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের অনুচ্ছেদটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:রাজিব বাড়ির পাশে খেলতে গিয়ে দেখল আমগাছের অনেকগুলো ছোট ছোট চারা। এগুলোর দুয়েকটি তার বন্ধুরা নষ্ট করে ফেলেছে। রাজিব মনে মনে ব্যথিত হয়। সে অবশিষ্ট চারাগাছগুলোকে পরম যত্নের সঙ্গে বাড়ির একটি পরিত্যক্ত জায়গায় রোপণ করে প্রতিদিন সে চারাগাছগুলোর গোড়ায় পানি দেয়। গাছগুলো দিন দিন বেড়ে উঠছে, যা দেখে রাজিবের মন অজানা এক আনন্দে ভরে ওঠে। প্রশ্ন: ক. বলাই গল্পটির লেখক কে?প্রশ্ন: খ. বলাইকে তার বাবা বিলেতে নিয়ে গেলেন কেন?প্রশ্ন: গ. উদ্দীপকের রাজিব চরিত্রটির সঙ্গে ‘বলাই’ গল্পের কোন চরিত্রটির সাদৃশ্য রয়েছে—ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘রাজিবের মন অজানা এক আনন্দে ভরে ওঠে’—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উত্তর-ক. বলাই গল্পটির লেখক নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর-খ. ‘বলাই’ গল্পের কেন্দ্রীয় চরিত্র মা হারা বলাই বেড়ে উঠেছে কাকা-কাকির আদরে। তিনি বিলেত থেকে ফিরে বিলেতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য বলাইকে প্রথম সিমলা নিয়ে গেলেন। তারপর সেখান থেকে নিয়ে গেলেন বিলেতে। উত্তর-গ. উদ্দীপকের রাজিবের সঙ্গে বলাইয়ের অনেক মিল। বলাইয়ের স্বভাবের মধ্যে যেমন গাছপালার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশিত হয়েছে, তেমনি রাজিবের মধ্যেও গাছপালার প্রতি অকৃত্রিম ভালোবাসা রয়েছে। বৃক্ষ-লতাপাতা-ঘাস ইত্যাদির প্রতি বলাইয়ের অপরিসীম দরদ। তার সমবয়সী ছেলেগুলো যখন গাছ থেকে ফুল তোলে, গাছে ঢিল ছোড়ে, গাছ থেকে পাতা ছেঁড়ে তখন বলাই সেখান থেকে ব্যথিত মনে চলে যায়। প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক খুবই গভীর। প্রকৃতির প্রতিটি উপাদানই তার কাছে অত্যন্ত প্রিয়। গাছের কান্না, নদীর আর্তনাদ সবই সে শুনতে পায়। প্রকৃতির আর্তনাদ বলাইয়ের বুকেও বেজে ওঠে। আবার প্রকৃতির আনন্দ তার মনে ছড়ায় আনন্দ-হিল্লোল। খাসিয়াড়াকে ঘাস কাটতে বারণ করার জন্য কাকিমাকে অনুরোধ করে। আবার রাস্তার মাঝখানে বেড়ে ওঠা শিমুলগাছটাকে উপড়ানোর কথাও সে ভাবতে পারে না। বাগানের ছোট ছোট লতাগুল্ম থেকে শুরু করে বিশাল দেবদারুগাছ সবার প্রতিই তার রহস্যময় স্নেহদৃষ্টি। প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো। তেমনি উদ্দীপকের রাজিব যখন দেখতে পায় তার খেলার সাথিরা কতকগুলো আমগাছের চারা নষ্ট করে ফেলছে, তখন সে মনে কষ্ট পায়। অবশিষ্ট চারাগুলোকে সে অন্যত্র নিরাপদ জায়গায় রোপণ করে। এদের যত্ন ও পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠতে সাহায্য করে। আর যখন সে নিবিড়ভাবে লক্ষ করে, চারাগুলো দিন দিন বড় হয়ে উঠছে, তখন তার মন আনন্দে নেচে ওঠে। পরিশেষে বলা যায়, বলাই গল্পের বলাই এবং উদ্দীপকের রাজিব উভয়ই প্রকৃতিপ্রেমী এবং বৃক্ষপূজারি। উত্তর-ঘ. উদ্দীপকে মানুষের সঙ্গে প্রকৃতির বিভিন্ন উপাদানের কীভাবে একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তা ফুটিয়ে তোলা হয়েছে। গাছ, লতাপাতার সঙ্গে রাজিবের গভীর মিতালি। যেমনি আমরা ‘বলাই’ গল্পে বলাইয়ের ক্ষেত্রে লক্ষ করি। প্রকৃতির রং বলাইয়ের মনে আলোড়ন সৃষ্টি করে। সে প্রকৃতির ভাষা বুঝতে পারে। রাজিবও যখন দেখতে পেল যে তার খেলার সাথিরা আমগাছের চারাগুলো নষ্ট করে ফেলেছে, তখন তার অনেক মন খারাপ হলো। অবশিষ্ট চারাগুলো রক্ষা করার জন্য সে সেগুলোকে নিরাপদ স্থানে রোপণ করে। বাড়ন্ত গাছগুলো তাকে মুগ্ধ করে। সে পুলকিত মনে প্রতিদিন ঘুম থেকে উঠেই চারাগাছগুলোয় পানি দেয়। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে উদ্দীপকের রাজিব চরিত্রের মধ্যে। তাই সে আমগাছের অপরিণত চারাগুলোকে রক্ষা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, প্রকৃতিকে অবলম্বন করে মানুষের বসবাস। প্রকৃতি মানুষের পরম বন্ধু। প্রকৃতি ও মানুষ এক সত্তার অধিকারী। বলাইয়ের মতো প্রকৃতির সঙ্গে রাজিবের গভীর সখ্যর বিষয়টি উদ্ধৃতাংশে প্রকাশ পেয়েছে।