বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবৃষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর ‘বৃষ্টি’ কবিতার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: (গ) বর্ষার বৃষ্টির সঙ্গে মানবমনের সম্পর্ককে উদ্দীপকে কীভাবে তুলে ধরা হয়েছে? উত্তর: (গ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন—‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনেজানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না।’কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকালে মানব মনের অবস্থা উপলব্ধি করেই গানটি রচনা করেছিলেন। বর্ষাকালে দিনমান যখন কেবল বৃষ্টি ঝরে, তখন মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায় না। ঘরে থেকে বৃষ্টি আর বর্ষাকালের সৌন্দর্য উপভোগ করতে করতে মানুষের মন হয়ে ওঠে উদাসী। মনে পড়ে যায় নানারূপ অতীত স্মৃতি। প্রিয়জনের কথা, হারানোর বেদনা আরও অনেক কিছু। অনেকে বর্ষাকে প্রকৃতির কান্নার সঙ্গে তুলনা করে প্রকৃতির দুঃখের সঙ্গে নিজের দুঃখকে একাত্ম করে তোলে। আবার কারও আকুল অধীর মনেও বৃষ্টি বয়ে আনে স্নিগ্ধতার পরশ। আর সেই স্নিগ্ধ কোমল ছোঁয়ায় দুলে ওঠে মানুষের মন। প্রশ্ন: (ঘ) বর্ষাকাল শিরোনামে দশ লাইনের একটি অনুচ্ছেদ লেখো।উত্তর: (ঘ) ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মকালের পরে আসে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ—এই দুই মাস বর্ষাকাল। গ্রীষ্মের খরতাপে প্রকৃতি যখন রুক্ষ, শুষ্ক প্রাণহীন হয়ে পড়ে, বর্ষার বৃষ্টিতে সেই প্রকৃতিই যেন প্রাণ ফিরে পায়। অবিরাম বৃষ্টিতে মাঠ-ঘাট, খাল-বিল, নদী-নালা, সবকিছু পানিতে উপচে পড়ে। জেলেদের জন্য বর্ষাকাল আশীর্বাদস্বরূপ। তারা এই ঋতুতে মনের আনন্দে মাছ ধরে। কৃষকেরাও জমিতে চাষ দিয়ে নতুন ফসল লাগায়। সাধারণ মানুষের কাজকর্ম ঘরকেন্দ্রিক হয়ে পড়ে। বর্ষাকালে প্রচুর মাছ এবং বাজারে প্রচুর শাকসবজি পাওয়া যায়। খারাপ-ভালো সবকিছু মিলিয়ে বর্ষাকাল আমার প্রিয় ঋতু।