মানুষের সেবাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মানুষের সেবা কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রমিত তার বাবার সঙ্গে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিল। পথের পাশে শীতে কুঁকড়ে থাকা এক পথশিশুকে দেখে রমিত তার বাবাকে বলল, ‘বাবা, এই শিশুটির জন্য কি আমরা কিছু করতে পারি না?’ তার বাবা বললেন, ‘তুমি কী করতে চাও? রমিত প্রতি উত্তরে বলল, ‘আমি চাই আপাতত ছেলেটি শীতের এই কষ্ট থেকে মুক্তি পাক।’ রমিতের বাবা পরম স্নেহে পথশিশুটিকে কাছে ডেকে নিলেন এবং তাকে পাশের মার্কেট থেকে গরম কাপড় ও কম্বল কিনে দিলেন। রমিতের এ সেবামূলক আচরণে তার বাবা খুবই আনন্দিত হলেন। কারণ মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া যায়। প্রশ্ন: ক. রাস্তায় রমিত বাবার নিকট কী অনুরোধ করল? প্রশ্ন: খ. রমিতের মর্মপীড়ার কারণ বর্ণনা করো। প্রশ্ন: গ. উদ্ধৃতাংশের সঙ্গে ‘মানুষের সেবা’ কবিতার মর্মকথার কী সাদৃশ্য লক্ষণীয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: ক. রাস্তায় রমিত তার বাবার কাছে পথশিশুর শীত নিবারণের অনুরোধ করল। উত্তর: খ. রমিতের সমবয়সী একটি শিশু রাস্তার ধারে শীতে কষ্ট পাচ্ছে। অথচ রমিত গরম কাপড় গায়ে আরাম করছে। এটা ভেবে রমিতের নরম কোমল মন কেঁপে ওঠে। উত্তর: গ. উদ্ধৃতাংশে পীড়িত মানুষের সেবার কথা বলা হয়েছে। দুস্থ মানুষের সেবা করলে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়। মানুষের সেবা কবিতায়ও বলা হয়েছে মানুষের ধর্মসাধনায় প্রকৃত সাফল্য আসে দীনহীন মানুষের সেবার মধ্য দিয়ে। শুধু আল্লাহ তাআলাকে ডাকলে বা ধর্মসাধনায় ব্যস্ত থেকে আল্লাহ তাআলার সৃষ্টি মানুষের প্রতি অবজ্ঞা করলে প্রকৃত ধার্মিক হওয়া যায় না বা আল্লাহ তাআলা তাতে খুশিও হন না। দীনহীন মানুষের একটু সেবা করলেই সৃষ্টিকর্তা খুশি হন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল