ইনসানিয়াতপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘ইনসানিয়াত’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. ‘ইনসানিয়াত’ গল্পে লেখক ও বৃদ্ধ কৃষকের মধ্যে যে সৌজন্যবোধ ও মনুষ্যত্ববোধের পরিচয় পাওয়া যায়, তা ব্যাখ্যা করো। উত্তর: ঘ. ‘ইনসানিয়াত’ গল্পে লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায় মানুষের আদর্শ ও সৌজন্যবোধের এক চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন। গল্পটিতে লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। স্টিমারে চড়ে যাওয়ার পথে মুসলমানদের জন্য জায়গা ছেড়ে দেন লেখক। এই নামাজিদের মধ্যে ছিলেন বেশ ভদ্র চেহারার একজন বৃদ্ধ। তিনি নামাজ শেষে নামাজের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে গিয়ে বললেন, লেখক যে তাঁদের নামাজের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন, তাতে একজন নেকবান্দা হিসেবে নিজের পরিচয় দিয়েছেন এবং তাঁদের ইবাদতে শরিক হয়েছেন। এ জন্য তিনি সওয়াবের ভাগীদার হবেন। লেখক একজন হিন্দু—এ কথা জানার পর তিনি বলেন, ভালো কাজে আল্লাহ হিন্দু-মুসলিম তফাত করেন না। একজন অশিক্ষিত চাষিশ্রেণীর লোকের এ ধরনের অপ্রত্যাশিত সৌজন্যবোধে লেখক খুবই খুশি হন। তিনি বুঝতে পারেন, লোকটি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে না পারলেও সমাজ থেকে শিক্ষালাভ করেছেন। একজন অশিক্ষিত কৃষক হয়েও তিনি ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে জ্ঞানলাভ করে তা কাজের মাধ্যমে প্রকাশ করেছেন। গল্পটিতে একদিকে লেখকের সৌজন্যবোধ ও মনুষ্যত্বের প্রকাশ ঘটেছে, অন্যদিকে একজন অশিক্ষিত সাধারণ কৃষকের উচ্চ সৌজন্যবোধ ও মানবতাবোধের প্রকাশ পেয়েছে। লেখক অন্য ধর্মের লোক হয়েও মুসলমানদের ধর্মীয় কাজে সহায়তা করেছেন। এতে প্রমাণ পাওয়া যায়, লেখক উদার চিত্তের মানুষ ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে বৃদ্ধ কৃষকের সৌজন্য প্রকাশের ব্যাপারটি ছিল অতি উচ্চ ধরনের। তাঁর মতে, আল্লাহ জাতিধর্ম-নির্বিশেষে ভালো কাজের পুরস্কার দেন। পরিশেষে বলা যায়, মানুষ হিসেবে যতই ছোট হোক না কেন, তাঁর মধ্যে যদি মানবতা, মনুষ্যত্ব ও সৌজন্যবোধ থাকে, তবে তিনি অবশ্যই শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হবেন। সব ধরনের মানুষের ভালো কাজকে স্বাগত জানানো উচিত। আল্লাহ যেকোনো ভালো কাজে মুসলিম-অমুসলিম পার্থক্য করেন না। অর্থাৎ ধর্মবর্ণ-নির্বিশেষে অপরের জন্য ইনসানিয়াত প্রদর্শনই ইবাদতে শরিক হওয়ার শামিল।