লাইব্রেরীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘লাইব্রেরী’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।সাধারণ লাইব্রেরী বা পাঠাগার এক বিশাল জ্ঞানভাণ্ডার। এ লাইব্রেরীর জন্য বই নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয়, ততই ভালো। কারণ, যতদূর মনে হয়, পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। আর ভালো বইয়ের লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়, তখন বই নির্বাচনকালে সংকীর্ণ মনোভাবসম্পন্ন না হওয়াই ভালো।ক. লাইব্রেরী কত প্রকার?খ. সাধারণ জনগণের জ্ঞানস্পৃহা মেটানোর জন্য কোন লাইব্রেরী প্রয়োজন?গ. অন্যান্য পাঠাগারের সঙ্গে সাধারণ পাঠাগারের কী ধরনের পার্থক্য লক্ষ করা যায়—আলোচনা করো।ঘ. জাতীয় জীবনে পাঠাগারের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।উত্তর: ক. লাইব্রেরী তিন প্রকার। যথা: ব্যক্তিগত লাইব্রেরী, পারিবারিক লাইব্রেরী ও সাধারণ লাইব্রেরী।উত্তর: খ. সাধারণ জনগণের জ্ঞানস্পৃহা মেটানোর জন্য প্রয়োজন সাধারণ লাইব্রেরী। অনেকের পক্ষে ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরী করা সম্ভব হয় না। তাদের ও সাধারণ জনগণের জ্ঞানস্পৃহা মেটানোর জন্য এ ধরনের পাঠাগারের সৃষ্টি। এ ব্যাপারে দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায়, তাকেই সাধারণ লাইব্রেরী বা পাঠাগার বলা হয়। এখানে বই সংগ্রহের ব্যাপারে সমবায়নীতি অনুসরণ করা হয়।উত্তর: গ. সাধারণ লাইব্রেরী বা পাঠাগার আধুনিক যুগের এক অনন্য সংযোজন। বই জ্ঞানের বাহন হলেও একজনের পক্ষে সব বই কেনা সম্ভব নয়। এটি গড়ে ওঠে সর্বসাধারণের সমষ্টিগত প্রচেষ্টায়। ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরী থেকে ব্যক্তি নিজে, তার পরিবারের সদস্যরা এবং উত্তরাধিকারীরা উপকৃত হয়। আবার ব্যক্তিগত ও পারিবারিক পাঠাগার গড়ে ওঠে ব্যক্তি বা পরিবারের সদস্যদের রুচি ও আগ্রহমাফিক সংগৃহীত বই দিয়ে। এখানে সাধারণের ইচ্ছা ও রুচির প্রতিফলন ঘটে না। অন্যদিকে, যাদের পক্ষে ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরী করা সম্ভব হয় না, তাদের ও সাধারণ জনগণের প্রয়োজন মেটানোর জন্য গড়ে ওঠে সাধারণ লাইব্রেরী বা গ্রন্থাগার। এসব গ্রন্থাগার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধারণের ভূমিকা ও স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ সমবায়নীতিতে সাধারণ গ্রন্থাগার গড়ে ওঠে। বই সংগ্রহে যথাসম্ভব সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।কোনো কোনো সাধারণ পাঠাগার ব্যক্তিগত দানের ফলেও গড়ে ওঠে। তবে সেখানে দাতার ভূমিকা মুখ্য নয়, সাধারণের ভূমিকা ও স্বার্থ সেখানে প্রাধান্য পায়। সাধারণ পাঠাগারের বই নির্বাচনের বেলায় উদার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে, তাতে সব সম্প্রদায়ের সব বয়সের লোক উপকৃত হয়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল