মানুষের সেবাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘মানুষের সেবা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।পুনরপি খোদা বলিবেন—শোন হে আদম সন্তান,পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাওনি জলপান।মানুষ বলিবে—তুমি জগতের স্বামী,তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?বলিবেন খোদা—তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমার পাশে।ক. কবিতাংশটি কোন কবিতার অংশবিশেষ?খ. মানুষের সেবা কবিতায় কবি কিসের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন?গ. স্রষ্টার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কী করা উচিত?ঘ. ‘তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমার পাশে’—উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো।উত্তর: ক. কবিতাংশটি বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব আবদুল কাদির রচিত ‘মানুষের সেবা’ নামক কবিতার অংশবিশেষ।উত্তর: খ. ‘মানুষের সেবা’ কবিতায় কবি মানুষের ধর্মসাধনার ক্ষেত্রে মানবসেবার গুরুত্বের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু স্রষ্টার গুণকীর্তন করে স্রষ্টাকে খুশি করা যায় না। তাঁর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতখ্যাত মানবজাতির কল্যাণে নিবেদিত হতে হবে। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে হবে, আর্তপীড়িতের সেবা করতে হবে, তৃষ্ণার্ত মানুষের মুখে পানি দিয়ে তাঁর তৃষ্ণা নিবারণ করতে হবে। তাহলেই স্রষ্টা সন্তুষ্ট হবেন এবং মানবজীবনের সাফল্য অর্জিত হবে।উত্তর: গ. মানবসেবা পরম ধর্ম। পৃথিবীতে প্রচলিত প্রতিটি ধর্মেরই মর্মকথা—মানবসেবা, অর্থাৎ মানবসেবার মাধ্যমেই স্রষ্টাকে সেবা করা হয়। স্রষ্টার সৃষ্টি মানুষকে অবজ্ঞা-উপেক্ষা করে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়।আমরা সৃষ্টিকর্তার আরাধনা লাভে অনেকভাবে প্রার্থনা করে থাকি। কিন্তু পরিপূর্ণভাবে তাঁর সন্তুষ্টি ও আনুগত্য লাভের জন্য আমাদের মানবসেবায় ব্রতী হতে হবে। আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে, যারা দুই বেলা দুই মুঠো ভাত পায় না, বস্ত্রহীন অবস্থায় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে দিনযাপন করছে। এসব মানুষের প্রতি সমাজের বিত্তবানদের কোনোরকম সুদৃষ্টি নেই। তারা কেবল অবজ্ঞাভরে, ঘৃণা করে এসব অসহায় মানুষকে প্রতিনিয়ত পদদলিত করছে। কিন্তু এসব নিরন্ন, অসহায় মানুষের কল্যাণে আমরা যদি এগিয়ে আসি, তাহলে খোদা আমাদের প্রতি খুশি হন। তিনি এরূপ কাজকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে উল্লেখ করেছেন। এই আর্তপীড়িত মানবতার পাশে সেবা ও কল্যাণের হাত যে বাড়িয়ে দেয়, সে-ই প্রকৃত পুণ্য অর্জন করে। আর মানুষের জীবনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পুণ্য অর্জনের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করা। তাই জীবনে যখন-যেভাবে সুযোগ আসবে, মানবসেবায় এগিয়ে যেতে হবে সবার আগে। এতে আল্লাহপাকের ভালোবাসা পাওয়া যাবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী রোববার