হাতে নিয়ে আলোকবর্তিকাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘হাতে নিয়ে আলোকবর্তিকা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটি বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. উদ্দীপকের আলোকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবামূলক কাজের স্বরূপ বিশ্লেষণ করো।উত্তর: ঘ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন মানবতার সেবায় নিবেদিত একজন ইংরেজ নার্স। ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া এই নারী গণিত, সংগীত, সেলাইসহ বিভিন্ন ইউরোপীয় ভাষায় দক্ষতা অর্জন করেন। অবশেষে তিনি আর্তমানবতার সেবায় ব্রতী হওয়ার মানসে জার্মানিতে নার্সিং শেখেন। এরপর প্যারিস ও স্কটল্যান্ডে শেখেন হাসপাতাল পরিচালনার কাজ। সে সময় নার্সিং পেশা মোটেও সম্মানজনক ছিল না। তা ছাড়া তাঁর পরিবারও ছিল সম্ভ্রান্ত। তাই তাঁর অভিভাবকেরা তাঁকে নার্সিং পেশা হিসেবে বেছে নিতে নিরুৎসাহিত করেন। কিন্তু মানবসেবার মহান আদর্শ যাঁর ব্রত, তিনি সম্মানের কথা, বিত্ত-বৈভবের কথা কোনো দিন চিন্তাও করেন না। নাইটিঙ্গেলও সংসারের সবকিছু পেছনে ফেলে এগিয়ে যান মানবসেবার মহান ব্রত নিয়ে। সময়টা তখন ১৮৫৩ সাল। ইতিহাসবিখ্যাত ক্রিমিয়ার যুদ্ধ তখন শুরু হয়েছে। যুদ্ধে আহত হাজার হাজার ব্রিটিশ সেনার স্তূপ জমে গেছে হাসপাতালগুলোয়। কিন্তু তারা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে না পর্যাপ্ত ওষুধ, নার্স প্রভৃতির অভাবে। ফলে অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এমন সময় ব্রিটিশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধাহত সেনাদের সেবার জন্য এগিয়ে আসেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হাসপাতালে যোগ দিয়েই তিনি সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। অস্বাস্থ্যকর হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন করে তোলেন। দিন-রাত প্রায় ২০ ঘণ্টা পরিশ্রম করে তিনি রোগীদের সেবা দেন। পরম মমতা ও সেবায় অসুস্থ সেনারা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তাঁর এ পরিশ্রম ও সেবার আদর্শের কারণে ব্রিটিশ সরকার তাঁকে সম্মানিত করেন। জীবনের আশা যাদের ক্ষীণ, সেবার মাধ্যমে তাদের নতুন জীবন, নতুন আলোর সন্ধান দিয়েছেন তিনি। তাই তো তিনি পরিচিত ‘আলো-হাতে মহিলা’ নামে।