অধ্যায়-১৪ চুম্বকপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।চুম্বক আমাদের পার্থিব জীবনে বহু কাজে লাগে। চুম্বক লোহাজাতীয় পদার্থকে আকর্ষণ করে। চুম্বকদণ্ডের চুম্বকীয় আবেশে আবিষ্ট পদার্থ সাময়িক চুম্বকে পরিণত হয়। তা ছাড়া প্রতিটি চুম্বকের একটি চৌম্বক ক্ষেত্রেও রয়েছে। ক. চৌম্বক আবেশ কী?খ. ‘আগে আবেশ পরে আকর্ষণ’ উক্তিটি বুঝিয়ে বলো। গ. একটি দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রের চিত্র এঁকে দেখাও।ঘ. আবিষ্ট চুম্বকের মেরুর প্রকৃতি নির্ণয়ের একটি পরীক্ষা বর্ণনা করো।উত্তর: ক. একটি চুম্বকের শুধু উপস্থিতিতে অপর একটি চুম্বক পদার্থের (লোহা) ক্ষণস্থায়ীভাবে চুম্বকে পরিণত হওয়ার ঘটনাকে চৌম্বক আবেশ বলে।উত্তর: খ. আগে আবেশ পরে আকর্ষণ: একটি চুম্বককে কোনো চৌম্বক পদার্থের কাছে আনলে তাদের মধ্যে আকর্ষণ হয়। এর কারণ হলো প্রথমে চৌম্বক আবেশের সঙ্গে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এবং আবেশি চুম্বকের কাছের প্রান্তে চৌম্বক পদার্থে বিপরীত মেরু সৃষ্টি হয়। বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাই চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ হয়। সুতরাং বলা যায়, ‘আগে আবেশ পরে আকর্ষণ’ হয়। উত্তর: গ. নিচে একটি দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রের চিত্র এঁকে দেখানো হলো—ঘ. আবিষ্ট চুম্বকের মেরুর প্রকৃতি নির্ণয়ের একটি পরীক্ষা বর্ণনা করা হলো—প্রয়োজনীয় উপকরণ: (i) একটি চুম্বক শলাকা (ii) একটি দণ্ড চুম্বক ও (iii) একটি কাঁচা লোহার দণ্ড।পরীক্ষা: একটি শলাকা চুম্বক নিই। চুম্বকটি উত্তর-দক্ষিণ মুখ করে স্থির থাকবে। একটি দণ্ড চুম্বক নিই। চুম্বকটির উত্তর মেরুকে শলাকা চুম্বকটির উত্তর মেরুর দিকে মুখ করে এমন দূরত্বে রাখি যেন শলাকাটি দণ্ড চুম্বক দ্বারা প্রভাবিত না হয়। অর্থাৎ শলাকাটির উত্তর মেরু দণ্ড চুম্বকের বিকর্ষণের ফলে দূরে সরে না যায়। এখন একটি কাঁচা লোহার দণ্ড চুম্বক দুটির মাঝে রাখি।দেখা যাবে, চুম্বক শলাকাটির উত্তর মেরু দূরে সরে গেছে। অর্থাৎ লোহার দণ্ডটি চুম্বক শলাকাকে বিকর্ষণ করছে। আমরা জানি, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সুতরাং লোহার দণ্ডের যে প্রান্তে শলাকা আছে, ওই প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হয়েছে। আর যে প্রান্তে দণ্ড চুম্বকের উত্তর মেরু রয়েছে, সেই প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। অতএব চৌম্বক আবেশের ফলে আবিষ্ট চুম্বকে, আবেশি মেরুর কাছের প্রান্তে বিপরীত মেরু এবং দূরের প্রান্তে সমমেরু সৃষ্টি হয়।