৯ম ও ১০ শ্রেণীর সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।৩০ এপ্রিল ২০১০ একটি বহুলপ্রচারিত পত্রিকায় প্রকাশিত একটি খবর সবার দৃষ্টি আকর্ষণ করে। আমেরিকার পুলিশ একটি ফ্ল্যাট থেকে মনিকা নামের পাঁচ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে। পাঁচ বছর যাবৎ সে ওই ফ্ল্যাটে বন্দী ছিল। কয়েকটি কুকুর ও বিড়াল ছিল তার সঙ্গী। মনিকা মানুষ দেখলে লাফ দেয় ও প্রাণীদের মতো আচরণ করে। পুলিশ শিশুটির মা-বাবাকে গ্রেপ্তার করেছে। প্রশ্ন: ক. শিশু যখন জন্মায় তখন কোন ধরনের প্রাণী? প্রশ্ন: খ. সামাজিকীকরণে সংবাদপত্রের ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. মনিকার পূর্ণ ব্যক্তিত্ব বিকাশ না ঘটার কারণটি ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. মনিকার খেলার সাথী যদি মানবশিশু হতো তাহলে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটত বলে কী তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ক. উত্তর: শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে একান্তই ইন্দ্রিয়সর্বস্ব প্রাণী। খ. উত্তর: সংবাদপত্র হলো সামাজিকীকরণের একটি ব্যাপক গণমাধ্যম, যা মানুষের ব্যক্তিত্ব, চরিত্র, সামাজিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে।সংবাদপত্রে পরিবেশিত তথ্য সমাজের মূল্যবোধ, প্রথা, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে। তা ছাড়া এতে কিছু শিক্ষামূলক তথ্য প্রচার করা হয়, যা শিশু-কিশোর ও ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক ভূমিকা পালন করে। গ. উত্তর: মনিকার পূর্ণ ব্যক্তিত্ব বিকাশ না ঘটার কারণ হলো সামাজিকীকরণ।সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন একপর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশ করে, তখন নতুন নিয়ম-কানুন, রীতিনীতি ও পরিবেশ, পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হয়। এই খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম হলো সামাজিকীকরণ। কোনো শিশুর পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের জন্য সামাজিকীকরণ অপরিহার্য। মনিকা বদ্ধ ঘরে থাকার কারণে তার সামাজিকীরণ হয়নি। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম যেমন—পরিবার, খেলার সাথী, ধর্ম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গণমাধ্যমের সংস্পর্শে সে আসতে পারেনি; সেগুলো মনিকার পূর্ণ ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারত।ঘ. উত্তর: আমি মনে করি, মনিকার খেলার সাথী মানবশিশু হলেও তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটত না, কারণ মানবশিশুর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সামাজিকীকরণ।আর খেলার সাথী হলো সামাজিকীকরণের একটি মাধ্যম। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম হলো পরিবার, খেলার সাথী, ধর্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যম। শিশু তার চলাফেরা, কথাবার্তা, ভাষা শিক্ষা, আচার-আচরণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা পরিবার থেকে লাভ করে। শিশু তার খেলার সাথীদের সঙ্গে মেলামেশা করে, তার নেতৃত্বের গুণাবলি অর্জন করে। ধর্মীয় অনুশাসন মানুষকে সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরাণতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশু-কিশোর তথা মানুষ সামাজিক মূল্য, সামাজিক আদর্শ, সামাজিক অভ্যাসগুলো আয়ত্ত করে। শিক্ষার দ্বারাই ব্যক্তি দায়িত্বশীল ও সমাজসচেতন হয়। গণমাধ্যম শিক্ষামূলক তথ্য ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনগণের ব্যক্তিত্বপূর্ণ মনোভাব গঠনে ভূমিকা রাখে। কাজেই বলা যায়, শিশুর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য সামাজিকীকরণের সব মাধ্যমগুলোর ভূমিকাই গুরুত্বপূর্ণ। শুধু একটি মাধ্যম দ্বারা শিশুর পূর্ণ বিকাশ সম্ভব নয়। মনিকার খেলার সাথী মানবশিশু হলেও তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটত না। কারণ খেলার সাথীদের দ্বারা সে শুধু নেতৃত্ব ও স্বাবলম্বী হওয়ার গুণাবলি অর্জন করে উদ্দীপকের আলোকে বলা যায়, মনিকা একটি বদ্ধ ঘরে আবদ্ধ ছিল বলে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলোর সংস্পর্শে আসা তার পক্ষে সম্ভব হয়নি। তাই নিঃসন্দেহে বলা যায়, মনিকার খেলার সাথী মানবশিশু হলেও তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটত না।