৯ম ও ১০ শ্রেণীর সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আমজাদ সাহেব ঢাকায় থাকেন। অনেক বছর পর ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে নিজ গ্রামে যান। তিনি লক্ষ করেন, গ্রামবাসী গৃহস্থালির কাজে বিদ্যুৎচালিত সামগ্রী ব্যবহার করছে। ঘরে বসেই তারা দেশ-বিদেশের খবর জানতে পারছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎচালিত যন্ত্রপাতির ব্যবহার ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে। প্রশ্ন: ক. ‘সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামো ও কার্যাবলির পরিবর্তন’—বক্তব্যটি কার? প্রশ্ন: খ. সামাজিক পরিবর্তনে বৈচিত্র্য বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. আমজাদ সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনে কোন উপাদানটির কার্যকারিতা পরিলক্ষিত হয়েছে তা ব্যাখা করো। প্রশ্ন: ঘ. ওই উপাদানটি সামাজিক পরিবর্তনের একমাত্র উপাদান বলে কি তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: ক. ‘সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন’—কথাটি বলেছেন কিংসলে ডেভিস। উত্তর: খ. সামাজিক পরিবর্তনের অন্যতম বৈশিষ্ট্য হলো বিচিত্রতা।সামাজিক পরিবর্তন কখনো উন্নতির দিকে, কখনো অবনতির দিকে, কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ীভাবে হয়ে থাকে। শিল্পায়ন, নগরায়ণ, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা ও যোগাযোগব্যবস্থার সঙ্গে মানুষের কথাবার্তা, আচার-আচরণ, দৃষ্টিভঙ্গি ও পেশায় পরিবর্তন ও বৈচিত্র্য আসে। যেমন, নগরায়ণের ফলে কোনো এলাকা নগর বা শহরে পরিণত হয়। তখন এলাকার মানুষ কৃষিজ পেশা বাদ দিয়ে নানা ধরনের পেশায় নিয়োজিত হয়। উত্তর: গ. আমজাদ সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনে প্রযুক্তিবিদ্যা উপাদানটির কার্যকারিতা পরিলক্ষিত হয়েছে। গ্রামে বিদ্যুতের সংযোগ ঘটায় বৈদ্যুতিক সামগ্রীর ব্যাপক ব্যবহার হচ্ছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো হচ্ছে। আমজাদ সাহেবের গ্রামের মানুষ ঘরে বসে দেশ-বিদেশের সংবাদ পাচ্ছে। গ্রামের প্রায় বাড়িতে টেলিভিশন আছে। গ্রামের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব তৈরি করে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে আমজাদ সাহেবের গ্রামের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। উত্তর: ঘ. আমি মনে করি, সামাজিক পরিবর্তনে ওই উপাদানটিই একমাত্র উপাদান নয়। সামাজিক পরিবর্তনের আরও উপাদান রয়েছে। সামাজিক পরিবর্তনের উপাদানগুলো হলো শিল্পায়ন, নগরায়ণ, শিক্ষা ও যোগাযোগব্যবস্থা। একই সমাজে সবগুলো উপাদানের উপস্থিতি নাও থাকতে পারে। উদ্দীপকে আমজাদ সাহেবের গ্রামের পরিবর্তনে শুধু প্রযুক্তিবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে মানুষ কলকারখানায় উৎপাদন কাজে নিয়োজিত হয়। সমাজে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। শিক্ষা মানুষকে সামাজিক ও ব্যক্তিত্বশীল করে তোলে। প্রযুক্তিবিদ্যা ও যোগাযোগব্যবস্থার ফলে সমাজে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। আমজাদ সাহেবের গ্রামের পরিবর্তনে প্রযুক্তিবিদ্যার অবদান থাকলেও সামাজিক পরিবর্তনের এটাই যে একমাত্র উপাদান, তা বলা যাবে না। কারণ সামাজিক পরিবর্তন সাধনে প্রযুক্তিবিদ্যা ছাড়াও অন্যান্য উপাদান যেমন—শিল্পায়ন, নগরায়ণ, শিক্ষা ও যোগাযোগব্যবস্থা শক্তিশালী ভূমিকা পালন করে।