সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ অর্থনীতি বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত নীতি মূল্যায়ন করো। উত্তর: ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও শিল্প দুটোর গুরুত্ব অপরিসীম। এর পরও সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানা পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। সরকারের এরূপ নীতি গ্রহণের পেছনে যে বিষয়গুলো কাজ করেছে, তা হচ্ছে—কৃষির অগ্রগতির সঙ্গে এ দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান, জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি প্রত্যক্ষভাবে জড়িত। কৃষির উৎপাদন বৃদ্ধি পেলে শিল্পের কাঁচামাল প্রাপ্তি সহজ হয়। তাতে শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়। একইভাবে কৃষকের আয় বৃদ্ধি পেলে শিল্পে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ে। ফলে শিল্পায়ন ত্বরান্বিত হয়। অর্থাৎ কৃষির অগ্রগতির সঙ্গে সঙ্গে শিল্পের বিকাশ ঘটতে থাকে। আর সে জন্য সরকার কৃষির আধুনিকায়ন, প্রযুক্তি উদ্ভাবন কৃষি গবেষণার সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। কৃষির উপকরণের ভর্তুকি বৃদ্ধি, সেচসুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের সর্বনিম্ন ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে এবং কৃষিঋণ সহজলভ্য করা হয়েছে। কৃষির উন্নয়নে এতসব প্রচেষ্টা এর মধ্যে সুফল বয়ে আনতে শুরু করেছে। যেমন: উচ্চফলনশীল বীজ ব্যবহারের ফলে উৎপাদনশীলতা অনেক বেড়েছে। কৃষির উপকরণের জন্য ভর্তুকি পাওয়ায় কৃষক উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী হচ্ছেন। কৃষিঋণ সহজলভ্য হওয়ায় সার ও সেচ ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আর এর সামগ্রিক প্রভাব হিসেবে কৃষির উন্নয়ন হচ্ছে, কৃষির উন্নয়নের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব হিসেবে দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর আয় উপার্জন বৃদ্ধি পেয়ে দেশ অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।