অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।প্রতিটি জীবকোষের সজীব প্রোটোপ্লাজম অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং অপরিহার্য অংশ হলো নিউক্লিয়াস। কোষের সকল প্রকার জৈবিক কাজ নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার এবং কোষের মধ্যখানে অবস্থান করে। আকার ও আয়তনে নিউক্লিয়াস ছোট বা বড় হতে পারে। প্রশ্ন: ক. নিউক্লিয়াস বলতে কী বোঝ? প্রশ্ন: খ. নিউক্লিয়াসের অংশসমূহের নাম লেখো? প্রশ্ন: গ. নিউক্লিয়াস গঠনের চিত্র অঙ্কন করো? প্রশ্ন: ঘ. গঠন বৈশিষ্ট্যে নিউক্লিয়াসকে কোষের প্রাণ এবং কাজ নিয়ন্ত্রণকারী আখ্যা দেওয়া হয়েছে—মূল্যায়ন করো। উত্তর: ক. নিউক্লিয়াস: প্রকৃত কোষের প্রোটোপ্লাজমে সবচেয়ে স্পষ্ট, ঘন, অস্বচ্ছ সজীব অঙ্গটিকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে বলে একে কোষের প্রাণও বলা হয়।উত্তর: খ. নিউক্লিয়াসের অংশসমূহের নাম নিচে দেওয়া হলো।১. নিউক্লিয়ার মেমব্রেন ২. নিউক্লিওপ্লাজম ৩. নিউক্লিওলাস৪. ক্রোমোসোম ৫. নিউক্লিয়ার রন্ধ্র। উত্তর: গ. নিউক্লিয়াসের গঠনের চিহ্নিত চিত্র নিচে দেওয়া হলো।উত্তর: ঘ. নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র। এ অঙ্গাণুর কার্যকারিতার ফলে কোষ বিভাজনপ্রক্রিয়া সংঘটিত হয়। পর্যায়ক্রমিকটি কোষ বিভাজনের মাধ্যমে জীব অপরিণত দশা হতে পরিণত দশায় উপনীত হয়। নিউক্লিয়াসের ভৌত গঠন মূলত কোষের প্রধান কাজসমূহ নিয়ন্ত্রণ করে। এটি নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। যথা:১. নিউক্লিয়ার মেমব্রেন: নিউক্লিয়াসের দ্বিস্তরবিশিষ্ট স্বচ্ছ ঝিল্লিবৎ বহিরাবরণীকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। ওপরের স্তরটি ছিদ্রযুক্ত এবং ভেতরের স্তরটি ছিদ্রবিহীন। রাসায়নিকভাবে ঝিল্লীটি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত।কাজ: i. সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, ক্রোমোসোম ও নিউক্লিয়াস স্বতন্ত্র রাখাই এর প্রধান কাজ।ii. অভ্যন্তরীণ দ্রব্য ও বহিঃস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ ও পরিবহন ঝিল্লির মাধ্যমে হয়ে থাকে।২. নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থকেই নিউক্লিওপ্লাজম বলে। এটি প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি। এ ছাড়া এখানে বিভিন্ন ধরনের এনজাইম ও খনিজ লবণ থাকে।কাজ: i. ক্রোমোসোম ধারণ করে।ii. নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে।৩. নিউক্লিওলাস: নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তা-ই নিউক্লিওলাস। প্রতি নিওক্লিয়াসে সাধারণ একটি নিউক্লিওলাস থাকে। এর রাসায়নিক উপাদান হলো প্রোটিন, RNA এবং যৎসামান্য DNA.কাজ: i. বিভিন্ন প্রকার DNA সংশ্লেষণ করে।ii. প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে।iii. নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে।৪. ক্রোমোসোম: প্রত্যেক নিউক্লিয়াসে সাধারণ প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্টসংখ্যক ক্রোমোসোম থাকে। প্রতিটি ক্রোমোসোম এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, একটি ক্রোমোনেমা বা একাধিক ক্রোমোনেমাটা এবং কোনো কোনো ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে।কাজ: i. ক্রোমোসোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক।ii. মিউটেশন, প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও মুখ্য ভূমিকা পালন করে।iii. প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে।উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গঠন বৈশিষ্ট্যে নিউক্লিয়াসকে কোষের প্রাণ এবং কাজ নিয়ন্ত্রণকারী আখ্যা দেওয়া যুক্তিযুক্ত হয়েছে।