প্রাণীর দৈহিক সংগঠন ও পরিচিতি: কুনোব্যাঙ প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।রিপনের পিঠের নিচের অংশে ব্যথা হয়। তার প্রস্রাবের রং লাল। চিকিৎসকের কাছে গেলে তিনি প্রস্রাব পরীক্ষা করে বললেন, তার প্রস্রাব উৎপাদনের অঙ্গটি ঠিকমতো কাজ করছে না এবং প্রস্রাবে এক ধরনের রক্তকণিকা রয়েছে।প্রশ্ন: ক. কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম কী?প্রশ্ন: খ. শীতকালে কুনোব্যাঙের উপস্থিতি কম থাকে কেন?প্রশ্ন: গ. রিপনের অসুস্থতার জন্য সংশ্লিষ্ট অঙ্গটি কুনোব্যাঙের হলে তার গঠন বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ডাক্তারি পরীক্ষায় প্রাপ্ত রক্ত কণিকা কি প্রস্রাব থেকে আলাদা? মতামত দাও।উত্তর: ক. কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম Bufo melanastictus.উত্তর: খ. কুনোব্যাঙ শীতল রক্তবিশিষ্ট প্রাণী। এদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে। শীতকালে পরিবেশের তাপমাত্রা কম থাকে বলে এদের শরীরের তাপমাত্রা কমে যায়। এ জন্য শীতকালে এরা মাটির নিচে গর্তে, গাছের কোটরে কাটায় এবং দেহের সঞ্চিত স্নেহপদার্থ থেকে শক্তি যোগায়। শীতকালে কুনোব্যাঙের এই নিষ্ক্রিয় জীবনযাপনকে শীতনিদ্রা বলে। এ জন্য শীতকালে কুনোব্যাঙের উপস্থিতি কম থাকে।উত্তর: গ. রিপনের অসুস্থতার জন্য দায়ী অঙ্গটি বৃক্ক। অঙ্গটি কুনোব্যাঙের হলে তা ব্যাঙের দেহে নাইট্রোজেনজাতীয় বর্জ্য পদার্থ তৈরিতে সাহায্য করে। বৃক্কের আণুবীক্ষণিক গঠন নিম্নরূপ:অসংখ্য প্যাঁচানো সূক্ষ্ম নালিকা বৃক্কের গঠন ও কার্যের একক, যা নেফ্রন নামে পরিচিত। একে দুটি অংশে ভাগ করা যায়।১. মালপিজিয়ান অঙ্গ: এটি নেফ্রনের সামনের গোলাকার অংশ যা বোম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নামক অংশ নিয়ে গঠিত। বোম্যানস ক্যাপসুল-প্রাচীর এপিথেলিয়াল কোষস্তর দিয়ে গঠিত। বৃক্কীয় ধমনির একটি শাখা বোম্যানস ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে, যা অ্যাফারেন্ট ধমনি নামে পরিচিত।ওই ধমনি বোম্যানস ক্যাপসুলের ভেতরে ঢুকে একগুচ্ছ রক্তজালক সৃষ্টি করে, যা গ্লোমেরুলাস নামে পরিচিত। পরে এই রক্তজালকগুলো একত্র হয়ে ইফারেন্ট ধমনি তৈরি করে।২. বৃক্কীয় নালিকা: বোম্যানস ক্যাপসুলের পেছনে একটি নালিকা নলের মতো প্যাঁচ খেয়ে কুণ্ডলী আকারে সংগ্রাহক নালিতে উন্মুক্ত হয়। সংগ্রাহক নালি পরিশেষে ইউরেটারে উন্মুক্ত হয়।উত্তর: ঘ. রক্ত কোনো বর্জ্য পদার্থ নয়। এটি এক ধরনের ভাসমান তরল যোজক কলা। রিপনের প্রস্রাব পরীক্ষার মাধ্যমে রক্ত কণিকার উপস্থিতি দেখা গেছে। এটি প্রস্রাবের অন্যান্য উপাদান থেকে পৃথক। রক্তের গঠন আলোচনার মাধ্যমে এটিকে ব্যাখ্যা করা যায়। রক্তের উপাদান দুটি। যথা:১. রক্তরস ও ২. রক্তকণিকা।১. রক্তরস: এটি তরল। এর প্রায় ৯১ থেকে ৯২ শতাংশ পানি এবং ৮ থেকে ৯ শতাংশ জৈব ও অজৈব পদার্থ।২. রক্ত কণিকা: রক্ত কণিকা তিন ধরনের—লোহিত রক্ত কণিকা, শ্বেত কণিকা ও অনুচক্রিকা। তিন ধরনের রক্ত কণিকার কোনোটি নিউক্লিয়াসযুক্ত আবার কোনোটি নিউক্লিয়াসবিহীন।অন্যদিকে প্রস্রাবের উপাদানগুলোয় জীবিত কোষ অনুপস্থিত। মূলত নাইট্রোজেনজাত তরল বর্জ্য, যা প্রাণীদেহের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর, তাই রেচনতন্ত্রের মাধ্যমে বাইরে নিষ্ক্রান্ত হয়। আমিষজাতীয় খাদ্য গ্রহণের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। অতিরিক্ত অ্যামোনিয়া যকৃতে ইউরিয়া ও পানিতে পরিবর্তিত হয়ে বৃক্কের গ্লোমেরুলাসে পৌঁছায়। উচ্চ রক্তচাপের কারণে গ্লোমেরুলাস ও বোম্যানস ক্যাপসুলের সূক্ষ্ম প্রাচীর ভেদ করে ইউরিয়া, গ্লুকোজ ও অন্যান্য পদার্থের দ্রবণ বৃক্কীয় নালিকায় আসে। এখানে বৃক্কীয় নালিকায় দেহের প্রয়োজনীয় উপাদানের শোষণ সম্পন্ন হলে অপ্রয়োজনীয় নাইট্রোজেনজাত বর্জ্য শরীর থেকে বের হয়ে আসে। অতএব ওই তরল বর্জ্যে রক্ত কণিকার উপস্থিতি অস্বাভাবিক। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ডাক্তারি পরীক্ষায় প্রাপ্ত রক্তকণিকা প্রস্রাব থেকে আলাদা।