অধ্যায়-৬ উদ্ভিদের শ্রেণীবিন্যাসপ্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৬ নম্বর অধ্যায় ‘উদ্ভিদের শ্রেণীবিন্যাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। গোসলের জন্য পুকুরে নেমে তূর্য পানিতে সুতাকৃতির কতগুলো উদ্ভিদ দেখতে পেল। গোসল শেষে পুকুরের পাড়ে ছায়াযুক্ত স্থানে সে ছাতাকৃতির আরও কতগুলো উদ্ভিদ দেখতে পেল। এসব উদ্ভিদ সম্পর্কে জানার জন্য সে কৌতূহলী হয়ে উঠল।ক. ট্যাক্সা কী?খ. আবৃতবীজী উদ্ভিদ বলতে কী বোঝ?গ. তূর্যের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় উদ্ভিদটির গঠন বর্ণনা করো।ঘ. তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর মধ্যে কোনটি খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরের স্বপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. ট্যাক্সা: উদ্ভিদজগতের শ্রেণীবিন্যাসের জন্য কতকগুলো সুনির্দিষ্ট ধাপ আছে। এই ধাপকে ট্যাক্সা বলে।উত্তর: খ. যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় এবং বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, তাদের আবৃতবীজী উদ্ভিদ বলে। এদের দেহের ভেতর পরিবহন টিস্যু আছে। এদের দুই ভাগে ভাগ করা যায়। যথা (১) একবীজপত্রী উদ্ভিদ ও (২) দ্বিবীজপত্রী উদ্ভিদ।উত্তর: গ. তূর্যের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় উদ্ভিদটি Agaricus। বাংলায় এটি ব্যাঙের ছাতা নামে পরিচিত। নিচে এর গঠন বর্ণনা করা হলো: Agaricus-এর মূল দেহ অত্যন্ত সরু, সূত্রাকার এবং শাখান্বিত দেহকোষে নিউক্লিয়াস, দানাদার প্রোটোপ্লাজম, তেলের ফোঁটা ও কোষগহ্বর থাকে। সাদা সুতার ন্যায় দেহটি সাধারণত মাটির নিচ দিয়ে প্রসারিত হয় এবং শেষ পর্যন্ত জড়াজড়ি করে মাটির ওপরে একটি বিশেষ অঙ্গ গঠন করে। মাটির ওপরের এ বিশেষ অঙ্গটিকে বলা হয় ফ্রুটবডি যা বেসিডিও কার্প নামেও পরিচিত।পূর্ণাঙ্গ ফ্রুটবডি মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত। ছাতার প্রসারিত অংশকে পাইলিয়াস এবং বাঁটের মতো অংশকে স্টাইপ বলে। পাইলিয়াসের নিচে গিল থাকে, যা থেকে স্পোর উৎপন্ন হয়।উত্তর: ঘ. তূর্যের পর্যবেক্ষণকৃত প্রথম উদ্ভিদটি স্পাইরোগাইরা নামক শৈবাল এবং দ্বিতীয় উদ্ভিদটি Agaricus নামক ছত্রাক। স্পাইরোগাইরা গাঢ় সবুজ বর্ণের অশাখ সূত্রাকার শৈবাল। এর দেহে ক্লোরোফিল থাকে। এরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ও পানির সঙ্গে বিক্রিয়া করে শর্করাজাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে। এভাবে স্পাইরোগাইরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে। এদের উৎপাদক বলে। প্রাকৃতিক খাদ্যচক্রে উৎপাদকই অন্য সব জীবের খাদ্য সরবরাহ করে থাকে। উৎপাদক বাস্তুসংস্থানকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদক থেকেই খাদক ও বিয়োজক জীবগুলো খাদ্য গ্রহণ করে। উৎপাদক (Spirogyra) না থাকলে খাদ্যশৃঙ্খল বিলুপ্ত হয়ে যেত। আবার দ্বিতীয় উদ্ভিদ Agaricus ক্লোরোফিলবিহীন। ক্লোরোফিল না থাকায় এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অর্থাৎ খাদ্যচক্রে Agaricus-এর কোনো ভূমিকা নেই। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর মধ্যে প্রথম উদ্ভিদটি স্পাইরোগাইরা খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।