ছুটিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘ছুটি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ঘ. ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’ —উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: ঘ. সার্থক গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) ‘ছুটি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিকের উক্তিটি দারুণ তাৎপর্যময় হয়ে উঠেছে। ফটিক তার গ্রাম ছেড়ে কলকাতায় মামার বাসায় স্বেচ্ছায় আনন্দে এসেছিল। কিন্তু শহরের নিয়মনিষ্ঠ জীবন আর মামির অন্যায় শাসনে ফটিক অতিষ্ঠ হয়ে ওঠে। তদুপরি মামাতো ভাইদের অপমান আর শিক্ষকের পীড়ন ফটিকের কোমল মনকে বিষিয়ে তোলে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কেবলই ফটিকের কাছে তার গ্রামের কথা মনে পড়ে। অত্যাচারিণী-অবিচারিণী মায়ের কাছেই ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়ে সে।গ্রামের সহজ-সরল-স্বাধীন দুরন্তপনার জীবনে ফিরে যাওয়ার জন্য ফটিক চাইলেও যেতে পারে না স্কুলের ছুটি না পাওয়ায়। শহরের জীবনযাত্রা তার কাছে মোটেই প্রীতিপ্রদ ছিল না। ইট-পাথরের যান্ত্রিক জীবনের পরাধীন শৃঙ্খলে বন্দী ফটিক মুক্তি চায়। মামার কাছ থেকে সে গ্রামের বাড়িতে মায়ের কাছে যাওয়ার জন্য স্কুলের ছুটি হবে কবে তা জানতে চেয়েছিল। মামা তাকে পূজার ছুটির কথা বলেছিলেন। কিন্তু পূজার ছুটি অনেক প্রলম্বিত হয়ে যায়।পূজার ছুটি না মিললেও একদিন ফটিকের ছুটি মিলে যায়। এই ছুটি তার মায়ের কাছে যাওয়ার জন্য নয়, জগতের সকল বন্ধন ছিন্ন করে পরপারে যাওয়ার জন্য অনন্তকালের ছুটি। ফটিক তার এই নিজের চিরদিনের ছুটির কথাটিই মৃত্যুর আগে মৃদুস্বরে মাকে শুনিয়ে বলে, ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’ উক্তিটির মধ্যে মায়ের কাছে বাড়ি যাওয়ার ছুটির কথা বললেও তা আসলে মৃত্যুর ওপারে যেখানে মানুষের ঠিকানা, সেটিকে ইঙ্গিত করছে। সে জন্যই ‘ছুটি’ গল্পটিতে ফটিকের ‘ছুটি’ অপরিসীম তাৎপর্যময় ও ব্যঞ্জনাধর্মী হয়ে ফুটে উঠেছে।