শিক্ষক, মনিপুর হাইস্কুল, ঢাকা সময়ের প্রয়োজনে প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।শুধু জানি, এ যুদ্ধে আমরা জিতব। আজ, নয় কাল। নয়তো পরশু। একদিন আমি আবার ফিরে যাব। আমার শহরে, আমার গ্রামে। তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না। তাদের আর দেখতে পাব না আমি। যাদের পাব, তাদের প্রাণভরে ভালোবাসব। যারা নেই, কিন্তু একদিন ছিল, তাদের গল্প আমি শোনাব ওদের। সেই ছেলের গল্প, বুকে মাইন বেঁধে যে ট্যাংকের সামনে ঝাঁপিয়ে পড়েছিল। কিংবা সেই বুড়ো কৃষক, রাইফেলটা হাতে তুলে নিয়ে যে মৃদু হেসে বলেছিল, চললাম—আর ফিরে আসেনি। অথবা উদ্বাস্তু শিবিরের পাঁচ লাখ মৃত শিশু। ১০ হাজার গ্রামের আনাচ-কানাচে এক কোটি মৃতদেহ।ক. ‘সময়ের প্রয়োজনে’ গল্পটি গল্পকার কীভাবে পরিবেশন করেছেন। খ. ‘মনের দাগও বাড়ছে প্রতিদিন’—কেন? গ. উদ্দীপকে উল্লিখিত ট্যাংকের সামনে ঝাঁপিয়ে পড়া ছেলেটির সঙ্গে মিল রেখে বাংলাদেশের যেকোনো একজন বীরশ্রেষ্ঠের দেশ রক্ষার কৃতিত্ব বর্ণনা করো।ঘ. উদ্দীপক অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘সময়ের প্রয়োজনে’ গল্পটি একজন তরুণ মুক্তিযোদ্ধার রোজনামচা গল্পাকারে পরিবেশিত হয়েছে।উত্তর: খ. এখানে মুক্তিযোদ্ধা মারা যাওয়ার কারণে তরুণ মুক্তিযোদ্ধার মনোভাব ফুটে উঠেছে।ক্যাম্পে থাকাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর কেউ মারা গেলে তরুণ মুক্তিযোদ্ধা দাগ কেটে রাখত দেয়ালে। কিন্তু তাদের সঙ্গে যারা যুদ্ধ করত, তারা পরস্পর পরস্পরকে ভালোবাসত এবং অপরিচিত মানুষ এতই একাত্ম হয়েছিল যে কোনো যুদ্ধে যদি কেউ মারা যেত, তাহলে সে দাগ মনে গিয়ে ঠেকত। সময়ের প্রয়োজনে লড়তে গিয়ে মুক্তিযোদ্ধাদের এমন বেদনার দাগ অনেক সইতে হয়েছে, যা অমোচনীয়।উত্তর: গ. উদ্দীপকের ট্যাংকের সামনে ঝাঁপিয়ে পড়া ছেলেটির সঙ্গে মিল রেখে বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের যুদ্ধগাথা নিচে তুলে ধরছি।বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁরা কেউ-ই মৃত্যুকে ভয় পাননি। উদ্দীপকের ছেলেটির যে রকম সাহসিকতা প্রকাশ পেয়েছে, সে রকম সাহসিকতা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মধ্যেও নিহিত। তিনি একজন সাহসী যোদ্ধা হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন।মুক্তিযুদ্ধের শেষ দিকে নৌ-সেনা রুহুল আমিন তাঁর রণতরী ‘পলাশ’ খুলনার দিকে এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানিদের নৌঘাঁটি দখল করতে। তখনই পাকিস্তানিদের জঙ্গি বিমান থেকে গোলাবর্ষণ করা হয় রণতরী পলাশে। গোলাবর্ষণে ধ্বংস হয় পলাশ। মৃত্যুর পূর্ব মুহূর্তেও রুহুল আমিন যুদ্ধ করেছেন, নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। গোলার আঘাতে পলাশ যখন দাউদাউ জ্বলছিল, তখন তিনি ঝাঁপ দিলেন নদীতে। নদীর তীরে অপেক্ষমাণ নরঘাতক ঘৃণ্য রাজাকাররা তাঁকে আহত অবস্থায় হত্যা করে। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য আত্মত্যাগ উদ্দীপকের ছেলেটির মধ্যে প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি।উত্তর: ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র হিসেবে প্রত্যাশা, গেরিলা যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধে অংশগ্রহণ ও পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের চিত্রই প্রকাশ পেয়েছে উদ্দীপকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মেয়াদ প্রায় ৯ মাস। এই যুদ্ধে বাংলাদেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়। পাকিস্তানিদের হত্যাযজ্ঞ ও অবিরাম আক্রমণ বাঙালিকে একতাবদ্ধ করে এ যুদ্ধে অংশগ্রহণের জন্য। যার ফলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ যুগের স্বর্ণালি উপাধ্যায়।উদ্দীপকে প্রকাশিত একজন মুক্তিযোদ্ধার আশা ও প্রত্যাশা ফুটে উঠেছে জটিল এক সমীকরণের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধকালে প্রত্যেক মুক্তিযোদ্ধার আশা ও প্রত্যাশা যেন একই ছিল—আমরা লড়ছি, আমরা জিতব। প্রত্যেক মুক্তিযোদ্ধার মনের মধ্যেই যেন যুদ্ধজয়ের পর প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়ার আগ্রহ প্রাণভরে ছিল। তাই তো এ যুদ্ধই ছিল সবার জন্য অধিকার আদায়ের অনিবার্য এক অলিখিত দলিল।মুক্তিযুদ্ধের শেষ দিকে গেরিলা যুদ্ধ দেখা দেয়। তারও আগে সাধারণ মানুষ যথা, কৃষক-শ্রমিক-জনতা—সবাই যেন অকাতরে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। লক্ষ্য একটাই—জিততে হবে এবং পাকিস্তানি ও পাকিস্তানি দালালদের এ দেশ থেকে চিরতরে হটাতে হবে। এই মহাব্রতে পদযাত্রা করে এ দেশের সব পেশা ও শ্রেণীর মানুষ। কোনো ভেদাভেদ, আত্ম-অহংকার ও ঘৃণা না নিয়ে দেশ-মাতৃকার জন্য তারা একত্রে যুদ্ধ করতে থাকে। উদ্দীপকের একজন কৃষকের ঘর থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে সমগ্র বাঙালিকে যেন নির্দেশ করা হয়েছে। মুক্তিযুদ্ধের শেষ দিকের চিত্র সেই ছেলের বুকে মাইন বেঁধে ট্যাংকের নিচে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য ফুটে উঠেছে এবং পাকিস্তানি বাহিনীর হাতে নৃশংস হত্যার শিকার সাধারণ মানুষের বিবর্ণ চিত্রই যেন উদ্দীপকের পাঁচ লাখ শিশু বা এক কোটি মৃতদেহ। পাকিস্তানি বাহিনী ও তাদের দালালেরা এ দেশের নিরীহ মানুষের প্রতি যে শ্যেনদৃষ্টি প্রয়োগ করেছিল, তাতেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল পুরো দেশ। তবুও এ দেশের বীরসংগ্রামী মানুষ থেমে থাকেনি। আত্মবিশ্বাস ও পরম উদ্দীপনা এ দেশের মানুষকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এনে দেয় মহান বিজয়, অর্থাৎ আমাদের চূড়ান্ত বিজয়।