আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাভাবসম্প্রসারণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণ আলোচনা করব।শুধাল পথিক, ‘সাগর হইতে কে অধিক ধনবান?’জ্ঞানী বলে, ‘বাছা, তুষ্ট হূদয় তারো চেয়ে গরীয়ান।ভাবসম্প্রসারণ: আত্মতৃপ্তি বা পরিতৃপ্তি হলো অধিকতর সম্মানজনক। আর আত্মতৃপ্ত ব্যক্তি হচ্ছেন সবচেয়ে ধনবান। অর্থবিত্ত দ্বারা সুখ বা আনন্দ লাভ করা যায় না, কিন্তু আত্মতৃপ্তি ছাড়া তা সম্ভব।পরিতুষ্টিই জীবনের পরম ধন। এই ধনে ধনী হতে পারলেই মানুষ পায় পরম ও চরম আনন্দ। জ্ঞানী লোকেরা একেই ধন হিসেবে গ্রহণ করেন। পার্থিব জগতের ধন-দৌলতের প্রতি তাঁদের বিশেষ আকর্ষণ থাকে না। সাধারণ মানুষের মতে, পৃথিবীতে যে ব্যক্তি অধিক ধন-সম্পদ অর্জন করতে পারে, সেই ধনী। অন্য কথায়, যে ব্যক্তি প্রাচুর্যের মধ্যে সর্বদা ডুবে থাকে, সেই ধনী। এ অর্থে সাগর-মহাসাগরই সর্বাপেক্ষা অধিক ধনবান। কারণ মহাসমুদ্রের তলদেশ রত্নরাজিতে ভরপুর। মণি-মুক্তা, হীরা-পান্না প্রভৃতি সমুদ্রের তলদেশেই পাওয়া যায়। সেই বিচারে মহাসাগরই সর্বাপেক্ষা অধিক ধনবান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তা বলতে পারি না। কেননা, মহাসাগরের আত্মা বলে কিছু নেই। যেখানে আত্মাই অনুপস্থিত, সেখানে আত্মসুখের প্রশ্নই ওঠে না। এতেই প্রমাণিত হয় যে সুখের বিষয়টা সম্পূর্ণ আত্মিক একজন মানুষের পক্ষে এত ধন-সম্পদ অর্জন করা কিছুতেই সম্ভব নয়। ধনী বলে সমাজে পরিচিত মানুষের জীবনে ধন-সম্পদ একমাত্র কাম্য বস্তু হওয়া উচিত নয়। এই ধন-সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না। কারণ মানুষের পাওয়ার আশা চিরন্তন এবং এই আশার শেষ নেই। তাই মানুষ যত পায়, তত চায়। সে জন্য ধনবান হওয়ার মধ্যে গৌরবের কিছু নেই। যে ধন মানুষকে শান্তি দিতে পারে না, সে ধন মূল্যহীন। স্বল্প সময়ের জন্য মানুষ দুনিয়ায় আসে। ইহজগতের এই সীমিত জীবনটুকু শান্তিতে কাটিয়ে দিতে পারলেই জীবন সফল হতে পারে। পরিতুষ্টির মাঝেই এই শান্তি পাওয়া যায়। আমাদের যা কিছু আছে, তা নিয়ে যদি আমরা খুশি থাকি বা সন্তুষ্ট থাকি, তাহলেই আমরা শান্তি ভোগ করতে পারি এবং মানসিক শান্ত্তি থাকলেই মহৎ কাজ করা যায়। অপর পক্ষে ধন-দৌলতের লোভে নানাবিধ সৎ বা অসৎ কর্মের পেছনে দৌড়াদৌড়ি করে সময় কাটাতে হয়। এতে শান্তি তো পাওয়া যায়ই না, বরং অশান্তির আগুনে দগ্ধ হতে হয়। অনেক কিছু পেয়েও না পাওয়ার দুঃখ থাকে। অনেক কিছু থেকেও না থাকার দুঃখ জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই তুষ্ট হূদয়ের অধিকারী ব্যক্তির জীবন সম্পদশালী লোকের জীবন অপেক্ষা অধিক মূল্যবান এবং গরীয়ান। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘Contentment is the root of all happiness.’ তৃপ্তি বা পরিতৃপ্তির মূলেই আছে ব্যক্তিজীবনের সব সুখ-শান্তি। মহৎ লোকের জীবনী পাঠে আমরা জানতে পারি যে তাঁরা কখনো সম্পদের পেছনে ছোটাছুটি করেননি। তাঁরা ইচ্ছা করলে সম্পদের পাহাড় গড়তে পারতেন। অথচ তা না করে দীনহীন বেশে কালাতিপাত করেছেন। না পাওয়ার ক্ষোভ তাঁদের মনে ছিলই না। বরং যা ছিল তা নিয়ে পরম তৃপ্তিসহকারে মহানন্দে শুভ চিন্তায় জীবন কাটিয়েছেন। তাঁদের কোন শত্রু ছিল না বরং তাঁরা ছিলেন দুনিয়ার মানুষের পরম বন্ধু। আমাদের উচিত, মনের মধ্যে তুষ্টির ভাব সাধন করে গৌরবান্বিত জীবন যাপনে উদ্বুদ্ধ হওয়া। পরিতুষ্টির মধ্যেই এই অনাবিল শান্তির সন্ধান পাওয়া যায়। সে জন্য আমাদের যা আছে তা নিয়েই আমরা যদি তৃপ্ত থাকি, তাহলেই আমরা শান্তি ভোগ করতে পারব এবং মনে যদি শান্তি থাকে, তাহলে মহৎ কাজ করা সম্ভব। কিন্তু যে ব্যক্তির মনে ধনবান হওয়ার বাসনা প্রবল, সে ভালোমন্দ বিচার না করে সব সময় অর্থের মোহে ছুটতে থাকে। মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই। একটা চাহিদার নিবৃত্তি ঘটলে আরেকটা চাহিদার উদ্ভব হয়। এর ফলে সে যতই পাক না কেন, না পাওয়ার বেদনা তাকে অনবরত দগ্ধ করে। এতে শান্তি নেই বরং অশান্তি বিরাজ করে। তাই যিনি তুষ্ট হূদয়ের অধিকারী, তাঁর জীবন ধনবান লোকের জীবন অপেক্ষা অধিক মূল্যবান ও গরীয়ান। তৃপ্তি বা পরিতৃপ্তির মূলেই নিহিত আছে ব্যক্তিজীবনের সব সুখ-শান্তি। যে ধন মানুষকে শান্তি দিতে পারে না, সেই ধন-সম্পদের কোনো মূল্য নেই। তাই আমাদের উচিত, যা আছে তা নিয়েই পরিতৃপ্ত থাকা। তাহলেই সমৃদ্ধ জীবনযাপন সম্ভব।