৯ম ও ১০ম শ্রেণীর পড়া: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবাণীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গবাণী’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. ‘উদ্দীপক দুটি সমকালীন সংকটকে তুলে ধরছে।’ মূল্যায়ন করো। উত্তর: ঘ. উদ্দীপকদ্বয়ের প্রথমটিতে সতের শতকের বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার ও দ্বিতীয়টিতে বাংলা ভাষায় কথা বলার অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে দুটোই ভাষাভিত্তিক, একটি জাতীয় সমস্যা ছিল। মধ্যযুগে একশ্রেণীর সাম্প্রদায়িক মুসলিম গোষ্ঠী বাংলা ভাষাকে ‘হিন্দুর অক্ষর’ বলে বিদ্বেষ ছড়ায়। তাদের মতে, বাংলায় কোনো কিছু লেখা যায় না, বরং লিখতে হলে আরবি-ফরাসি ভাষায় লিখতে হবে। এ সমস্যা সমাধানেই কবি আব্দুল হাকিম কলম ধরে বাংলা ভাষায় গ্রন্থ লেখা শুরু করেন। তিনি বলেছেন, পৃথিবীর সব ভাষাই স্রষ্টার ভাষা। কিন্তু ভৌগোলিক ও জাতিতাত্ত্বিক বিচারে যার যেটি মাতৃভাষা, সেটিই হবে গ্রন্থ লেখার ভাষা। কেননা, এটি জনসাধারণের বোধগম্য ও ভাব বিনিময়যোগ্য ভাষা। অর্থাৎ মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। অপরদিকে বিশ শতকের মাঝামাঝি ১৯৪৭ সাল থেকে ’৫২ সাল পর্যন্ত প্রায় ছয় বছর সময়ে আজকের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানিরা রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলায় না কি উর্দুতে কথা বলবে বা লিখবে— তা নিয়ে গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে। সমকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলাকে দাবিয়ে দেওয়ার জন্য তথা স্বতন্ত্র সংস্কৃতি ও জাতি হিসেবে বিকশিত ও প্রতিষ্ঠিত হওয়ার পথ রুদ্ধ করে দিয়ে উর্দু ভাষাকে জাতির ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। এ ষড়যন্ত্র রুখতে গিয়ে এ দেশের মানুষ ’৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে ভাষা-আন্দোলনে জীবন দান করে পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল। ফলে পৃথিবীতে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও প্রতিষ্ঠিত হয়। এখানে উদ্দীপক দুটিতে ভাষাভিত্তিক এ জাতীয় সমস্যার সত্য রূপটি প্রতিফলিত হয়েছে।