ভাবসম্প্রসারণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণ আলোচনা করব।যারে তুমি নীচে ফেল, সে তোমারে বাঁধিবে যে নীচেপশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।ভাবসম্প্রসারণ: সমষ্টিগত সহযোগিতা ছাড়া জীবনের পরিপূর্ণ বিকাশ ও সার্থকতা অসম্ভব। কাউকে পেছনে ঠেলে একা সামনে যাওয়া যায় না। সাধনার সফলতা আনতে হলে সবার সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।স্বার্থবুদ্ধিসম্পন্ন মানুষ জগতে বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু তারা নিজেরাও জানে না যে এতে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা অন্যকে পদদলিত করে নিজের স্বার্থ হাসিল করতে চাইলেও প্রকৃতপক্ষে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। তবু তাদের চেতনা জাগে না। আশা পূরণ হয় না। পারস্পরিক প্রয়োজন মেটাতেই সমাজের সৃষ্টি। অন্যকে সহযোগিতা ছাড়া সে কিছুতেই চলতে পারে না। কারণ কোনো মানুষই সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। কিন্তু এমন অনেক লোক আছে, যারা কেবল নিজেরাই সাফল্যের দ্বার উন্মোচন করতে চায়। অপরাপর মানুষ এমনকি ঘনিষ্ঠজনকেও সেখানে প্রবেশাধিকার দিতে কুণ্ঠাবোধ করে। তারা কেবল নিজের উন্নতি করতে চায়। অন্যকে তো সহযোগিতা করেই না, বরং অন্যের উন্নতিতে তারা ঈর্ষা বোধ করে। এই স্বার্থান্ধতা ও সহযোগিতার মনোভাবের অভাব সমাজে অকল্যাণ সৃষ্টি করে এবং সমষ্টিগতভাবে মানুষের অগ্রযাত্রাকে থমকে দেয়। সমাজ একটা যৌথ জীবনধারা। সমাজের যৌথ জীবনধারার কারণে আজ একার পক্ষে কোনো অর্জনকে এককভাবে উপভোগ করার সুযোগ নেই। নিজেকে ওপরে তোলার জন্য অন্যকে হেয় বা বঞ্চিত করতে চাইলে নিজেকেই বঞ্চিত করা হয়, ওপরে তোলা যায় না। অথচ প্রতিনিয়ত আমরা নিজেদের উচ্চকিত করার জন্য অপরকে হেয় করার ঘৃণ্য চেষ্টা করে চলেছি, যা মনুষ্যত্বের মাত্রাকে কেবল প্রশ্নবিদ্ধ করে। অমূল্য মানব জন্মকে আমরা তিলে তিলে নষ্ট করেছি অনিত্যের মোহজালে নিজেদের আবদ্ধ করে। কিন্তু আমাদের সর্বদা মনে রাখা দরকার যে কাউকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইলে সে-ই আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। বরং সবাইকে সহযোগিতার মাধ্যমে একত্রে অগ্রসর হওয়া যায় না। তাতে বরং পতন হওয়ার সম্ভাবনাই বেশি। বর্ণ, ধর্ম, পরিবেশ, আর্থসামাজিক অবস্থান প্রভৃতি ক্ষেত্রে যেসব মানুষ ঠুনকো চিন্তায় শ্রেণী পার্থক্য করে, মানবজীবনের উন্নতি ও অগ্রগতির জন্য এই শ্রেণীভেদ এক বিরাট প্রতিবন্ধক। শিক্ষা, সংস্কৃতি, আর্থিক অবস্থান, সামাজিক মর্যাদা প্রভৃতি দিক থেকে অনেকে তথাকথিত অনুজ বা নিম্ন শ্রেণীর মানুষকে বঞ্চিত করতে চায়। এর ফলে মানবসমাজের একটা বৃহৎ অংশে মনুষ্যত্বহীন স্তরে অবমাননায়, লাঞ্ছনায় ও দারিদ্র্যে মানবেতর জীবন কাটাতে বাধ্য হয়। তা সমগ্র সমাজের ও দেশের উন্নতির পরিপন্থী। যেসব মানুষ এভাবে অন্যকে পেছনে রেখে সামনে এগোতে চাইবে, অবশ্যই তারা বাধার সম্মুখীন হবে। কেননা, দেশ ও সমাজ পিছিয়ে পড়লে এর হাওয়া সবার গায়েই লাগবে কোনো না কোনোভাবে। লাঞ্ছিত-বঞ্চিতদের খুব বেশি অবহেলা করলে তারা একদিন সচেতন হয়ে উঠবেই। তখন বিপ্লবের মাধ্যমে তারা শোষকদের কবর রচনা করে নিজেদের জয়গান গাইবে। যুগে যুগে দেশে দেশে এমনই ইতিহাস রয়েছে। পাকিস্তানি শোষকেরা আমাদের পশ্চাতে রাখতে চেয়েছিল বলেই একাত্তরে আমরা ওদের পশ্চাতে ঠেলে দিয়েছি। চীন, কিউবা, রাশিয়ার ধনিক শ্রেণীর ক্রমাগত অত্যাচারেই শ্রমিকসমাজ জ্বলে উঠেছিল। ঋণীদের সমূলে তারা ধ্বংস করে নিজের অধিকার আদায় করেছে।সুতরাং কাউকে ক্ষতিগ্রস্ত করে বা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা না করে পরস্পর সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাওয়া সম্ভব। এরই মধ্যে প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। একাই উন্নতি করব আর অন্যদের দাবিয়ে রাখব, তা তো হতে পারে না। একা ওপরে উঠতে চাইলে পতন হবেই। সে জন্য সবাইকে সুযোগ দিতে হবে, সবার জন্য ভাবতে হবে। সংকীর্ণ ও স্বার্থপর মানুষের অনুদারতা সমাজের জন্য সমূহ ক্ষতি করে।